IPL: মুম্বই ইন্ডিয়ান্সে বুমরাহ-হার্দিকের উত্তরসূরি কারা? জানিয়ে দিলেন রোহিত শর্মা
আইপিএলকে মঞ্চ করেই ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটে উদয় হয়েছে একাধিক নতুন প্রতিভার। গত এক দশকের বেশি সময় ধরে আইপিএল ভারতীয় ক্রিকেটকে উপহার দিয়েছে একাধিক নক্ষত্রের। চলতি আইপিএল থেকে আগামী দিনের তারকাদের বেছে নিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বুমরাহ-হার্দিকদের মতোই আইপিএলের মঞ্চ থেকেই আগামী দিনে তারকা হয়ে উঠবেন মুম্বই ইন্ডিয়ান্সের তরুণ ক্রিকেটাররাও, মত হিটম্যানের।
মুম্বই দলকে বরাবরাই বলা হয় তারকা খচিত। ৫বারের চ্যাম্পিয়নরা সব সময়ই তারকা ক্রিকেটারদের নিয়ে দল সাজায়, এমন অভিযোগ নতুন নয়। এমনকি রোহিতদের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সুপারস্টার দলের তকমা। এই পরিস্থিতিতে সমালোচকদের পাল্টা জবাব দিতে ছাড়লেন না রোহিত। জিও সিনেমাতে দেওয়া একটি সাক্ষাতকারে মুম্বই ইন্ডিয়ান্স তুলে আনলেন দলের তারকা তৈরির রসায়ন।

ভারতীয় ক্রিকেটে বুমরাহ এবং পাণ্ডিয়ার উত্থানের জন্য মুম্বই দলের অবদানের কথা মনে করিয়ে দেন রোহিত। একইসঙ্গে আগামী দিনে তাঁর দলও যে পাণ্ডিয়া-বুমরাহের মতো তারকা সাপ্লাই দেবে সেই বিষয়ে আশাবাদী মুম্বই ইন্ডিয়ান্সের দলপতি।
রোহিত বলেন জানিয়েছন, 'এর আগে আমরা জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পাণ্ডিয়ার মতো ক্রিকেটারকে তুলে এনেছি। এই বছর তিলক বর্মা ও নেহালও উঠে এসেছে। আশা করছি আগামীতে ওরা জাতীয় দলের সম্পদ হয়ে উঠবে। আমরা ক্রিকেটারদের তৈরি করি। একইসঙ্গে তাঁদের পর্যাপ্ত সুযোগ দিয়ে প্রমোটও করা হয়।'

আইপিএলে ২০ বছরের তিলক লিগ পর্বে মুম্বইয়ের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। ৪৫.৬৭ গড়ে করেছেন ২৭৪ রান। গত বছর থেকেই মুম্বই দলে আছেন হায়দরাবাদের এই ব্যাটসম্যান। তবে চলতি বছরে সুযোগটাকে দারুণ ভাবে কাজে লাগিয়েছেন তিলক। ২২ বছরের নেহাল করেছেন ৩০.৫৭ গড়ে ২১৪ রান। তিনি খেলেছেন ১২টি ম্যাচ। খুব বড় রানের ইনিংস না খেললেও পরিস্থিতির চাহিদা অনুযায়ী দলের হয়ে কার্যকরী ভূমিকা নিয়েছেন।

হিটম্যানের কথায়, 'তিলক বর্মা, নেহাল ওয়াধেরাদের নিয়ে দুই বছর পর বুমরাহ, হার্দিকদের মতো আলোচনা হবে। মুম্বই এবং ভারতের হয়ে বড় ভূমিকা নিতে পারে ওরা। তখন ক্রিকেটপ্রেমীরা এই দলকে বলবে মহাতারকাদের দল।' দুই তরুণ ক্রিকেটারের দিকে আগামী দু'বছর নজর রাখার কথা বলেছেন রোহিত।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications