IPL Auction 2024: পন্টিংয়ের সঙ্গে জুটিতে সোনা ফলিয়েছেন, বড় লক্ষ্যে পাঞ্জাব নিতে পারে স্মিথকে
IPL Auction 2024: আইপিএলের আসরে প্রত্যাবর্তন হতে পারে স্টিভ স্মিথের। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষবার তিনি আইপিএলে খেলেছেন।
গত ফেব্রুয়ারির পর স্মিথ অস্ট্রেলিয়ার টি২০ দলে জায়গা পাননি। খেলার সুযোগ পাননি টি২০ বিশ্বকাপেও। তবে আইপিএলে খেলার আগ্রহ নিয়েই নিলামের জন্য নাম লিপিবদ্ধ করিয়েছেন স্মিথ।

আইপিএলে স্মিথ প্রথম খেলেন ২০১২ সালে পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ায়। দুই মরশুম সেখানে খেলার পর দুই মরশুম খেলেন রাজস্থান রয়্যালসে। এরপর রাইজিং পুণে সুপার জায়ান্টসে যান, সঞ্জীব গোয়েঙ্কার দলের হয়ে অধিনায়কত্বও করেন।
২০১৯ সালে ফেরেন রাজস্থান রয়্যালসে। ২০২০ সালের আইপিএলেও খেলেন রাজস্থান রয়্যালসের হয়ে। ২০২১ সালে দিল্লি ক্যাপিটালসে ছিলেন স্মিথ। তবে সেবার ৮টির বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি। আইপিএলে ১০৩টি ম্যাচে ৯৩ ইনিংসে স্মিথের ২৪৮৫ রান রয়েছে। ১টি শতরান ও ১১টি অর্ধশতরান রয়েছে।
আইপিএলে ২০১২ সালে ১৪ ইনিংসে ৩৬২, ২০১৩ সালে ৭ ইনিংসে ১৫৯, ২০১৪ সালে ৭ ইনিংসে ১৪৭, ২০১৫ সালে ১২ ইনিংসে ২৯৩, ২০১৬ সালে ৭ ইনিংসে ২৭০, ২০১৭ সালে ১৫ ইনিংসে ৪৭২, ২০১৯ সালে ১০ ইনিংসে ৩১৯, ২০২০ সালে ১৪ ইনিংসে ৩১১ ও ২০২১ সালে ৭ ইনিংসে ১৫২ রান করেন স্মিথ। একমাত্র শতরানটি ২০১৬ সালে।
স্মিথকে আইপিএলে নিতে পারে পাঞ্জাব কিংস। তার বড় কারণ হেড কোচ রিকি পন্টিংয়ের উপস্থিতি। দুজনেই অস্ট্রেলিয়ার। মেজর লিগ ক্রিকেটে এমএলসি ওয়াংশিংটন ফ্রিডমের কোচ ছিলেন পন্টিং। স্মিথ অধিনায়ক। ৯ ম্যাচে ৩৩৬ রান করেন। ফাইনালে ৫২ বলে ৮৮ করে দলকে জিতিয়ে ম্যাচের সেরা হন।
ফলে পন্টিং-স্মিথ যুগলবন্দি দেখা যেতেই পারে এবার আইপিএলে। পন্টিংয়ের সময় স্মিথ দিল্লির হয়ে আইপিএলেও খেলেছেন। পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান অবসর নিয়েছেন। স্যাম কারানকে ধরে রাখেনি পাঞ্জাব কিংস। ফলে নতুন অধিনায়কের সন্ধানে পাঞ্জাব কিংস।
রিকি পন্টিংয়ের সঙ্গে ঋষভ পন্থেরও ভালো সম্পর্ক গড়ে উঠেছে দিল্লি ক্যাপিটালসে থাকাকালীন। পাঞ্জাব কিংসের সম্ভাব্য অধিনায়ক হিসেবে পন্থের সঙ্গে চর্চায় রয়েছে স্মিথের নাম। এমনকী পন্থকে অধিনায়ক করলেও স্মিথকে নিতে পারে পাঞ্জাব কিংস।
আইপিএলে রাইজিং পুণে সুপার জায়ান্টসের পাশাপাশি রাজস্থান রয়্যালসেও অধিনায়কত্ব করেছেন। ফলে আইপিএলে নেতৃত্ব দেওয়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়কের কাছে নতুন কিছু নয়। আর সে কারণেই স্মিথের আইপিএল প্রত্যাবর্তন হতে পারে পাঞ্জাব কিংসের মাধ্যমেই।












Click it and Unblock the Notifications