IPL Auction 2024: ভারতের মুখের গ্রাস কেড়ে জিতিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে, আইপিএল নিলামে ঝড় তুলবেন কোয়েটজি
IPL Auction 2024: জেরাল্ড কোয়েটজি। দক্ষিণ আফ্রিকার বছর চব্বিশের এই অলরাউন্ডার আইপিএল নিলামে ঝড় তুলতে পারেন। বিশেষ করে ভারতের বিরুদ্ধে দারুণ ফর্মে থাকায়।
ডারবানে প্রথম টি২০ আন্তর্জাতিকে ৩৭ রান খরচ করে তিন উইকেট নেওয়ার পাশাপাশি ২৩ রান করেছিলেন। তবে দক্ষিণ আফ্রিকাকে জেতাতে পারেননি। অবশ্য গতকাল কোয়েটজি ব্যাট হাতে ভারতের মুখের গ্রাস কেড়েছেন।

গকেবেরহায় লো স্কোরিং ম্যাচে একটা সময় বরুণ চক্রবর্তীর দাপটে ম্যাচে ফিরেছিল ভারত। মনে হচ্ছিল, ১২৫ রানের টার্গেটে পৌঁছনোর আগেই প্রোটিয়াদের থামিয়ে দেবেন সূর্যকুমার যাদবরা। তবে ট্রিস্টান স্টাবসকে যোগ্য সঙ্গত দিয়ে ঝোড়ো ইনিংস খেলেন কোয়েটজি।
গতকালের ম্যাচে অভিষেক শর্মার উইকেট তুলে নিয়েছিলেন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ১ উইকেট নেন। ১৫.৪ ওভারে দক্ষিণ আফ্রিকা যখন ৮৬ রানে ৭ উইকেট হারিয়ে চাপে, তখন নামেন কোয়েটজি। এরপর ২টি চার ও একটি ছয়ের সাহায্যে ৯ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
৮টি টি২০ আন্তর্জাতিকে কোয়েটজি ১২ উইকেট নিয়েছেন। রান করেছেন ৬৭। ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচেই কেরিয়ারের সর্বাধিক স্কোর। ৬২টি টি২০ ম্যাচে ৮৬টি উইকেট নেওয়ার পাশাপাশি ২৭৬ রান করেছেন। গতকাল ফের বুঝিয়ে দিলেন চাপের মুখে আগ্রাসী ইনিংস খেলতে পিছপা হন না।
কোয়েটজিকে ৫ কোটি টাকায় চলতি বছরের আইপিএলের জন্য কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্সে। দুরন্ত গতিতে নজর কাড়েন। ১০টি আইপিএল ম্যাচ খেলে ১৩ উইকেট নেন। সেরা বোলিং ৩৪ রান খরচ করে চার উইকেট। তারকাদের ধরে রাখতে কোয়েটজিকে ছেড়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স।
তবে সাম্প্রতিক পারফরম্যান্স দেখে তাঁকে দলে ফেরাতেই পারে মুম্বই ইন্ডিয়ান্স। জসপ্রীত বুমরাহর সঙ্গে নতুন বলে, এমনকী ডেথ ওভারেও কার্যকরী ভূমিকা পালন করতে পারেন তিনি। তবে কোয়েটজিকে নিতে একাধিক দল ঝাঁপাতে পারে।
পাঞ্জাব কিংস নতুন করে বোলিং বিভাগ সাজাবে। অর্শদীপ সিংকেও ধরে রাখেনি তারা। পাঞ্জাব কিংস নিলামে যাচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ অর্থ নিয়ে। ফলে অলরাউন্ডার কোয়েটজিকে দলে নিয়েই পরিকল্পনা সাজাতে পারেন হেড কোচ রিকি পন্টিং।
চেন্নাই সুপার কিংসও কোয়েটজিকে নেওয়ার চেষ্টা চালাতে পারে। মাথিশা পাথিরানার সঙ্গে কোয়েটজি জোরে বোলিং সামলালে বিপক্ষের চিন্তার কারণ হতে পারেন। দীপক চাহার, তুষার দেশপাণ্ডেদের ছেড়ে দিয়েছে চেন্নাই সুপার কিংস। বোঝাই যাচ্ছে বোলিং বিভাগ তারা শক্তিশালী করতে চাইছে।
আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু শুধু যশ দয়াল ছাড়া আর কোনও বোলারকে ধরে রাখেনি। তারাও চাইবে বোলিং বিভাগ মজবুত করতে। গ্লেন ম্যাক্সওয়েল, ফাফ দু প্লেসিদের ছেড়ে দিয়েছে আরসিবি। এই পরিস্থিতিতে কোয়েটজির মতো অলরাউন্ডারকে নিলে তারা লাভবান হতে পারে।
লোয়ার অর্ডারে নেমে ডেথ ওভারে ঝোড়ো ব্যাটিং করতে পারা কোয়েটজির চাহিদা বাড়াতে পারে। ব্যাটে-বলে কোয়েটজির পারফরম্যান্সের দিকে নজর রাখছে কলকাতা নাইট রাইডার্সও। আন্দ্রে রাসেল চোটপ্রবণ। তাঁর বিকল্প হিসেবেও কোয়েটজি কার্যকরী হতে পারেন। হর্ষিত রানার সঙ্গে কোয়েটজি থাকলে কেকেআরের আক্রমণও সমীহযোগ্য হবে। প্রাক্তন প্রোটিয়া তারকা ডেল স্টেইনও আশাবাদী, ভারতের বিরুদ্ধে কোয়েটজির পারফরম্য়ান্স আইপিএল নিলামে বিভিন্ন দলকে আকৃষ্ট করবে।












Click it and Unblock the Notifications