IPL 2025: কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে 'আইপিএল থেকে ছিটকে যাওয়া' উমরান মালিক! পাঞ্জাব ম্যাচে নামবেন?
IPL 2025: কাল ইডেনে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্সের। এই ম্যাচ হেরে গেলে প্লে-অফে ওঠার বিষয়টি নাইটদের কাছে হয়ে দাঁড়াবে ডু-অর-ডাই।
তার আগে, ইডেনে কেকেআরের অনুশীলনে দেখা গেল উমরান মালিককে। যিনি ইতিমধ্যেই আইপিএল থেকে ছিটকে গিয়েছেন।

গত ১৬ মার্চ আইপিএলের তরফে জানানো হয়েছিল, উমরান মালিক এবারের আইপিএলে খেলতে পারবেন না। চোটের কারণে। জম্মু ও কাশ্মীরের স্পিড সেনসেশনের পরিবর্ত হিসেবে চেতন সাকারিয়াকে নিয়েছে কেকেআর। ৭৫ লক্ষ টাকার বিনিময়ে।
সেই উমরানকে নাইটদের অনুশীলনে দেখে ফের চর্চা শুরু হয়ে যায়। উমরান আইপিএলে চারটি মরশুম খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। ২৬ ম্যাচে ২৯টি উইকেট রয়েছে। তার মধ্যে ২০২২ সালেই তিনি ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছিলেন।
২০২১ সালের আইপিএলে ঘণ্টায় দেড়শো কিলোমিটার বেগে বল করে নজর কেড়েছিলেন। ২০২২ সালের আইপিএলে তাঁর সবচেয়ে গতিসম্পন্ন ডেলিভারিটি ছিল ঘণ্টায় ১৫৬.৯ কিলোমিটার বেগের। যদিও তাঁর কেরিয়ারে বারবারই প্রতিবন্ধকতা তৈরি করে চোট।
উমরান ভারতের হয়ে ১০টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৩টি ও ৮টি টি২০ আন্তর্জাতিকে ১১টি উইকেট নিয়েছেন। টি২০-তে ৫৪ ম্যাচে তাঁর ৬৫টি উইকেট রয়েছে। ২০২৩ সালে অবশ্য দেশের হয়ে শেষবার খেলতে দেখা গিয়েছে উমরানকে।
কেকেআরের তরফে জানানো হলো, উমরান কেকেআর দলের সঙ্গে যোগ দিয়েছেন। তাঁর রিহ্যাব চলবে। আইপিএলের পুরোটাই তিনি কেকেআর দলের সঙ্গে থাকবেন। ক্রিকেট মাঠে ফেরার প্রক্রিয়া চলবে। যদিও তিনি বর্তমান দলের ক্রিকেটার হিসেবে নাইট শিবিরে যোগ দেননি। কেকেআরের সঙ্গে থেকে তিনি অনুশীলন চালাবেন সাপোর্ট স্টাফদের তত্ত্বাবধানে।












Click it and Unblock the Notifications