IPL 2025: হায়দরাবাদ ক্রিকেট সংস্থার সঙ্গে সংঘাত সানরাইজার্স ম্যানেজমেন্টের! ঘর বদল হবে কামিন্সদের?
আইপিএল শুরুর সঙ্গে সঙ্গে পিচ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে ইডেন এবং চিপকে। ঘরের মাঠে পছন্দমত পিচ পাচ্ছেন না বলে কেকেআর এবং সিএসকে দলের পক্ষ থেকে অভিযোগ তোলা হয়েছে। এবার বিতর্কে সৃষ্টি হল সানরাইজার্স হায়দরাবাদ এবং হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যেই। যা নিয়ে আগুনে বিতর্ক সৃষ্টি হয়েছে।
একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, হায়দরাবাদ ক্রিকেট সংস্থার ব্যবহারে বেশ অসন্তুষ্ট সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট। এর ফলে তারা রাজীব গান্ধী স্টেডিয়াম থেকে ঘরের মাঠে ম্যাচ সরিয়ে অন্যত্র ফেলতে পারে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। যদিও এই বিষয়টিকে অন্যভাবে খারিজ করে দেওয়া হয়েছে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে।

সর্বভারতীয় ইংরেজী সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুসারে, সানরাইজার্স হায়দ্রাবাদ দলের জেনারেল ম্যানেজার শ্রীনাথ টিবি একটি চিঠি দিয়ে হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কোষাধ্যক্ষ সিজে শ্রীনিবাস রাওকে জানিয়েছেন ক্রিকেট সংস্থার পক্ষ থেকে তাদের সঙ্গে যে ধরনের ব্যবহার করা হচ্ছে তা কোনোও ভাবেই মেনে নেওয়া হবে না। এই চিঠিতে উল্লেখ করা হয়েছে হায়দরাবাদ। ক্রিকেট সংস্থার সভাপতি তাদের সঙ্গে অসহযোগিতা করছেন।
এই পরিপ্রেক্ষিতে সানরাইজার্স ম্যানেজমেন্ট হায়দরাবাদ ক্রিকেট সংস্থার কাছে জানিয়েছেন, যদি হায়দরাবাদ ক্রিকেট সংস্থা না চায় দল রাজীব গান্ধী স্টেডিয়ামে খেলুক তাহলে সেটা আমাদের লিখিতভাবে জানিয়ে দিক। আমরা বিসিসিআই, তেলেঙ্গানা সরকারের সঙ্গে কথা বলে অন্যত্র ভেন্যু স্থানান্তরিত করে নেব।
এই রিপোর্ট প্রকাশ্যে আসার পরই প্রবল বিতর্ক সৃষ্টি হয়েছে। যদিও হায়দরাবাদ ক্রিকেট সংস্থার পক্ষ থেকে গোটা বিষয়টি খারিজ করে দেওয়া হয়েছে। এই এইচসিএ প্রেসিডেন্টের অফিসের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে , এই ধরনের কোন অফিসিয়াল ই-মেইল তারা সানরাইজার্স ম্যানেজমেন্টের পক্ষ থেকে পাননি। এই ধরনের যে খবর সোশ্যাল মিডিয়ায় এবং গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তার কোন সত্যতা নেই। সানরাইজার্স টিম ম্যানেজমেন্ট এবং হায়দরাবাদ ক্রিকেট সংস্থার মধ্যে সম্পর্ককে নষ্ট করতে কয়েকজন মানুষ এই ধরনের প্রচার করছেন।
এখনো পর্যন্ত ঘরের মাঠে চলতি আইপিএলে দুটি ম্যাচ খেলেছে প্যাট কামিন্সের দল। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম ম্যাচে তারা রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় পেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচেই লখনউ দলের কাছে ঘরের মাঠে হাঁটতে হয়েছে সানরাইজার্স ব্রিগেডকে। রবিবার বিশাখাপত্তনমে তারা তৃতীয় ম্যাচ খেলতে নামছে দিল্লির বিরুদ্ধে।












Click it and Unblock the Notifications