IPL 2025: আইপিএলে থাকা হচ্ছে না সৌরভের, পন্থকে সরিয়ে কাকে অধিনায়ক করতে চায় দিল্লি ক্যাপিটালস?
IPL 2025: আইপিএলের সঙ্গে আর যুক্ত থাকা হচ্ছে না সৌরভ গঙ্গোপাধ্যায়ের। দিল্লি ক্যাপিটালসের শুধু মহিলা দলেরই ডিরেক্টর অব ক্রিকেট থাকছেন মহারাজ।
বিভিন্ন সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, সৌরভের জায়গায় আইপিএলে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট হচ্ছেন বেণুগোপাল রাও। এমনকী নেতৃত্ব থেকে সরানো হবে ঋষভ পন্থকেও।

দিল্লি ক্য়াপিটালস দলের জন্য আগামী ২ বছরের যাবতীয় সিদ্ধান্ত নেবে কিরণ কুমার গ্রান্ধির জিএমআর গ্রুপ। সৌরভের সঙ্গে ঘনিষ্ঠতা বেশি দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দালের। আগেই দিল্লি ক্যাপিটালসের হেড কোচ থেকে সরানো হয়েছিল রিকি পন্টিংকে।
এমনও জানা গিয়েছিল যে, সৌরভের পরামর্শ নিয়েই রিটেনশন সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দুর্গাপুজোর সপ্তমীর দিনও সৌরভ জানিয়েছিলেন, হেড কোচ চূড়ান্ত করা বা রিটেনশন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সৌরভ ডিরেক্টর অব ক্রিকেট হিসেবেই থাকবেন, এমনটা ঠিক ছিল বলে তাঁর ঘনিষ্ঠ বৃত্ত সূত্রে খবর।
ফলে স্বাভাবিকভাবেই সৌরভকে আইপিএল থেকে সরানোর বিষয়টি চাঞ্চল্যকর। সৌরভ বা দিল্লি ক্যাপিটালসের কেউ এখনও কেউ কিছ বলেননি। সরকারিভাবে কিছু ঘোষণাও হয়নি। তবে দিল্লি ক্যাপিটালস হেমাঙ্গ বাদানিকে হেড কোচ ও বেণুগোপাল রাওকে ডিরেক্টর অব ক্রিকেট করবে, তা চূড়ান্তই হয়ে গিয়েছে।
কিরণ কুমার গ্রান্ধি আইএলটি২০ ও মেজর লিগ ক্রিকেটে যথাক্রমে দুবাই ক্যাপিটালস ও সিটল অরকাস দলের মালিক। ওই দুই দলের হেড কোচ যথাক্রমে বাদানি ও বেণুগোপাল। যেহেতু আগামী ২ বছরের ফ্র্যাঞ্চাইজি ম্যানেজমেন্ট জিএমআরের দায়িত্বে, ফলে ঢেলে সাজানো হচ্ছে সব কিছু।
বছর ৪৭-এর বাদানি ভারতের হয়ে চারটি টেস্ট ও ৪০টি ওডিআই খেলেছেন। বেণুগোপাল ১৬টি ওডিআই খেলেছেন। দিল্লি-সহ তিন দলের হয়ে আইপিএলেও খেলেছেন। চেন্নাই লিগে এমআরএফের হয়ে একসঙ্গে অনেকদিন খেলেছেন বাদানি ও বেণুগোপাল। তাঁদের মধ্যে বোঝাপড়াও বেশ ভালো।
ঋষভ পন্থকেও অধিনায়কত্ব থেকে সরানো হতে চলেছে বলেই খবর। তবে পন্থকে ছেড়ে দিচ্ছে না দিল্লি ক্যাপিটালস। পন্থের কাঁধ থেকে নেতৃত্বের বোঝা তাঁর ভালোর জন্যই করা হচ্ছে বলে ক্যাপিটালস ম্যানেজমেন্ট সূত্রে খবর। অক্ষর প্যাটেল অধিনায়ক হতে পারেন।
সম্প্রতি পন্থ এক্স হ্যান্ডলে লিখেছিলেন, নিলামে গেলে তিনি কি দল পাবেন? পেলে কত দর উঠতে পারে? দুবাইয়ে গ্রান্ধির সঙ্গে বৈঠকের পর পন্থ এমন টুইট করায় জল্পনা ছড়ায় তাঁর ভবিষ্যৎ নিয়ে। পন্থ দিল্লি ক্যাপিটালসে থাকবেন কিনা সেই সিদ্ধান্ত তিনিই নেবেন বলে জানা যাচ্ছে। অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদবকে ধরে রাখার সিদ্ধান্ত একরকম চূড়ান্ত। আনক্যাপড হিসেবে রাখা হতে পারে বাংলার অভিষেক পোড়েলকে।












Click it and Unblock the Notifications