IPL 2025: শ্রেয়সের সঙ্গে কেকেআরের বৈঠক নিষ্ফলা! আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ককে নিয়ে কোন বিকল্প পথ খোলা?
IPL 2025: শ্রেয়স আইয়ারের নাম থাকছে না কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন লিস্টে। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই দাবি করা হয়েছে।
আইপিএল জেতানো নাইট অধিনায়কের সঙ্গে কেকেআরের বৈঠক নিষ্ফলা হয়েছে শ্রেয়সের অনড় অবস্থানের কারণেই। তেমনটাই জানা যাচ্ছে। তবে শ্রেয়সের জন্য বিকল্প পথও খোলা রাখতে পারে কেকেআর। ফলে শ্রেয়সকে নিয়ে জল্পনা এখনই থামছে না।

শ্রেয়স আইয়ার এখন ফর্মে নেই। ভারতীয় দলেও সুযোগ পাচ্ছেন না। চোট-আঘাত কিংবা ফিটনেসের সমস্যাও মাঝেমধ্যেই ভোগাচ্ছে তাঁকে। কোনও ক্রিকেটারের দর ঠিক করতে ফিটনেস, সাম্প্রতিক ফর্ম-সহ নানা ফ্যাক্টর কাজ করে। শ্রেয়স এখন বিসিসিআইয়ের বার্ষিক কেন্দ্রীয় চুক্তিরও বাইরে।
তবে যেহেতু কেকেআর তাঁর অধিনায়কত্বে এবার আইপিএল জিতেছে, সে কারণেই শ্রেয়স বিপুল অঙ্কের অর্থ দাবি করছেন বলে জানা যাচ্ছে। প্লেয়ারদের চুক্তির বিষয়ে বড় ভূমিকা পালন করে থাকেন তাঁর এজেন্টরাও। এমনটাও জানা যাচ্ছে, গত রবিবারের আগে অবধি শ্রেয়সের সঙ্গে যোগাযোগই করেনি কেকেআর।
এরই মধ্যে বেশ কয়েকটি দল শ্রেয়সকে নিতে আগ্রহ দেখিয়েছে। আর সে কারণেই শ্রেয়স নিলামে নিজের দর যাচাই করে নিতে চাইছেন। ২০২২ সালের নিলামে শ্রেয়সকে ১২.২৫ কোটি টাকায় কিনেছিল কেকেআর। তার আগে, ২০১৫ সাল থেকে ২০২১ পর্যন্ত শ্রেয়স ছিলেন দিল্লি ফ্র্যাঞ্চাইজিতে।
আইপিএলের বেশ কয়েকটি দলের নতুন অধিনায়কও প্রয়োজন। দিল্লি ক্যাপিটালসকে খেতাব জেতাতে না পারলেও রিকি পন্টিংয়ের সঙ্গে অধিনায়ক শ্রেয়সের জুটিও ভালোই জমেছিল। ২০১৯ সালে প্লে-অফ খেলার পর ২০২০ সালে ফাইনালেও উঠেছিল ক্যাপিটালস।
রিকি পন্টিং এখন পাঞ্জাব কিংসের হেড কোচ। শিখর ধাওয়ানের অবসরের পর তাদের অধিনায়ক প্রয়োজন। ফলে পন্টিংয়ের পরিকল্পনায় শ্রেয়সও থাকতেই পারেন। ফলে শ্রেয়সের সঙ্গে নাইট প্রতিনিধিদের বৈঠকে বড় রফাসূত্র বেরিয়ে আসার সম্ভাবনা ছিল না। হয়নিও।
এই পরিস্থিতিতে শ্রেয়সকে কি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ধরে রাখতে চাইবে কেকেআর? সেটা স্পষ্ট হয়ে যাবে আগামী মাসের নিলামেই। কিন্তু তার ইঙ্গিত থাকতে পারে কেকেআরের রিটেনশন লিস্টে। কেন না, শ্রেয়সের নাম না থাকলেও কতজন ক্রিকেটারের নাম থাকছে সেটাও দেখার।
শাহরুখ খান বিসিসিআইয়ের সঙ্গে বৈঠকে দাবি করেছিলেন, বেশি সংখ্যায় রাইট টু ম্যাচ কার্ডের জন্য। আরটিএম বিকল্প আইপিএলে ফেরানো হয়েছে। এই অবস্থায় ধরা যায়, শ্রেয়সের নাম নিলামে থাকল। তাঁকে নিয়ে দর কষাকষি একটা জায়গায় গিয়ে থামল। সেই পরিমাণ অর্থে শ্রেয়সকে রাখতে চাইলে তা খরচ করে তাঁকে রাখতে পারে কেকেআর। সেক্ষেত্রে শ্রেয়সও যেমন দর সম্পর্কে অবহিত থাকবেন, তেমনই তাঁকে নিতে আগ্রহী হলে কেকেআরও সেই অর্থ খরচ করবে।












Click it and Unblock the Notifications