IPL 2025: পাঞ্জাব কিংস শিবিরে মালিকানা নিয়ে গুরুতর অভিযোগ, প্রীতি জিন্টা গেলেন আদালতে
IPL 2025: আইপিএলে নিলামের প্ল্যান, আগামী মরশুমের দল গঠন নিয়ে যখন পরিকল্পনা চলছে, তখন পাঞ্জাব কিংসে অন্য ছবি। সেখানে মালিকানা নিয়েই বেঁধেছে অশান্তি।
আইপিএলের পাঞ্জাব ফ্র্যাঞ্চাইজির অন্যতম কর্ণধারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন প্রীতি। আনলেন গুরুতর অভিযোগ।

পাঞ্জাব কিংস দলে মালিকানা রয়েছে ৪ জনের। কেপিএইচ ড্রিম ক্রিকেট প্রাইভেট লিমিটেডে সবচেয়ে বেশি ৪৮ শতাংশ শেয়ার রয়েছে মোহিত বর্মনের। প্রীতি জিন্টা ও নেস ওয়াডিয়ার রয়েছে ২৩ শতাংশ করে। বাকিটা রয়েছে করণ পলের।
প্রীতির অভিযোগ, মোহিত তাঁর শেয়ারের একাংশ অন্য কোনও সংস্থার হাতে তুলে দিতে চলেছেন। তা যাতে তিনি না করতে পারেন সেই সংক্রান্ত রায়ের প্রত্যাশায় প্রীতি বিষয়টি নিয়ে গিয়েছেন চণ্ডীগড় হাইকোর্ট পর্যন্ত। ক্রিকবাজের প্রতিবেদনে তা জানানো হয়েছে।
প্রীতির দাবি অবশ্য সরাসরি নস্যাৎ করে দিয়েছেন মোহিত। মোহিত আবার ডাবর সংস্থার সঙ্গেও যুক্ত। তিনি ক্রিকবাজকে বলেছেন, পাঞ্জাব কিংসে আমার মালিকানার অংশ অন্য কাউকে বিক্রি করার কোনও পরিকল্পনা নেই। যদিও বিভিন্ন সূত্রে খবর, নিজের শেয়ারের ১১.৫ শতাংশ মোহিত এমন এক সংস্থার হাতে বিক্রি করছেন যার নাম এখনও কাউকে জানানো হয়নি।
ট্রিবিউন নামক সংবাদমাধ্যমের দাবি, প্রীতি ফ্র্যাঞ্চাইজির বোর্ড অব ডিরেক্টরসের অন্যতম মোহিতের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন। ১৯৯৬ সালের আরবিট্রেশন ও কনসিলিয়েশের ৯ নম্বর ধারা অনুযায়ী তিনি মামলা করেছেন।
প্রীতি কেন আদালতের দ্বারস্থ হলেন তার কারণ এখনও সরকারিভাবে জানা যায়নি। তবে জানা যাচ্ছে, ফ্র্যাঞ্জাইজিতে যাঁদের মালিকানা রয়েছে তাঁদের মধ্যে আগে ঠিক হয়েছিল যদি কেউ নিজের শেয়ারের কোনও অংশ বিক্রি করতে চান, তা প্রথমে বাকি কর্ণধারদের জানাতে হবে। যদি বাকিরা তা কিনতে রাজি না থাকেন তখন তা অন্যকে বিক্রি করা যাবে।
প্রীতির দাবি বর্মন নস্যাৎ করেছেন। প্রীতি বা নেস কেউই ক্রিকবাজের কাছে মামলার বিষয়ে মুখ খোলেননি। ফলে গোটা বিষয় নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। জানা যাচ্ছে, ২০ অগাস্ট প্রীতির দায়ের করা মামলার শুনানি রয়েছে। সেদিন আরও বিস্তারিতভাবে বিষয়টি সামনে আসতে পারে।
২০০৮ সাল থেকেই আইপিএলে রয়েছে পাঞ্জাবের ফ্র্যাঞ্চাইজি। প্রথমে নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। পরে নাম, দলের লোগো, জার্সির রং বদলেও আইপিএলে চ্যাম্পিয়ন হতে পারেনি এই ফ্র্যাঞ্চাইজি। একবার ফাইনাল ও একবার সেমিফাইনাল খেলেছে এত বছরের মধ্যে।












Click it and Unblock the Notifications