IPL 2025: ইডেনে বদলাবে দুই টুপির মালিকানা? নজরে বাটলার ও সুদর্শন, প্রসিদ্ধের শীর্ষস্থান ধরে রাখার চ্যালেঞ্জ
IPL 2025: আইপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে গুজরাত টাইটান্স। সর্বাধিক উইকেটশিকারীর তালিকায় শীর্ষে গুজরাত টাইটান্সেরই পেসার প্রসিদ্ধ কৃষ্ণ।
আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলবে গুজরাত টাইটান্স। সেই ম্যাচেই গুজরাত টাইটান্সের দুই ব্যাটারের মধ্যে একজন দখলে নিতে পারেন কমলা টুপি।

আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী পান কমলা টুপি। বি সাই সুদর্শন দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর কিছুক্ষণের জন্য চলে গিয়েছিলেন রান সংগ্রহকারীদের তালিকার শীর্ষে। যদিও রাজস্থান রয়্যালস ম্যাচেই সুদর্শনকে পিছনে ফেলে দেন লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ।
পুরাণ ৮ ম্যাচে ৩৬৮ রান করেছেন। সাই সুদর্শন ৭ ম্যাচে করেছেন ৩৬৫। আজ সুদর্শন চার রান করলেই টপকে যাবেন পুরাণকে। তালিকার তিনে ও চারে রয়েছেন যথাক্রমে সূর্যকুমার যাদব (৮ ম্যাচে ৩৩৩) ও বিরাট কোহলি (৩২২)।
গুজরাত টাইটান্সেরই জস বাটলার রয়েছেন পাঁচে। আগের ম্যাচেই তিনি ৯৭ রানে অপরাজিত ছিলেন। বাটলার ৭ ম্যাচে করেছেন ৩১৫ রান। ফলে বড় রান পেলে তিনিও দখলে নিতে পারেন শীর্ষস্থান। কিংবা রান সংগ্রহকারীদের তালিকার উপরের দিকে উঠে আসতে পারেন। কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবারের আইপিএলে এখনও অবধি সবচেয়ে বেশি রান অজিঙ্ক রাহানের (২২১)।
আইপিএলে সবচেয়ে বেশি উইকেটশিকারী পান বেগুনি টুপি। আপাতত এই তালিকার শীর্ষে রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ। গুজরাত টাইটান্সের পেসারের রয়েছে ৭ ম্যাচে ১৪ উইকেট। ১২টি করে উইকেট নিয়েছেন দিল্লি ক্যাপিটালসের কুলদীপ যাদব, চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ, আরসিবির জশ হ্যাজলউড ও লখনউ সুপার জায়ান্টসের শার্দুল ঠাকুর।
ফলে প্রসিদ্ধ আজ এই তালিকায় শীর্ষস্থান ধরে রেখে বাকিদের চেয়ে ব্যবধান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবেন। গুজরাত টাইটান্সের আর সাই কিশোর ও মহম্মদ সিরাজ, মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া, পাঞ্জাব কিংসের অর্শদীপ সিং ও চেন্নাই সুপার কিংসের খলিল আহমেদ ১১টি করে উইকেট নিয়েছেন।
ফলে প্রসিদ্ধকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারেন সিরাজ, সাই কিশোররা। কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও হর্ষিত রানা ৭টি করে ম্যাচে ১০টি করে উইকেট ঝুলিতে পুরেছেন। বৈভব অরোরার রয়েছে ৬ ম্যাচে ৮ উইকেট।












Click it and Unblock the Notifications