IPL 2025: বিরাটকেই কৃতিত্ব দিলেন ম্যাচের সেরা ক্রুণাল, রায়গঞ্জের আইপিএল ফ্যান পার্কে হাজির অভিষেক
IPL 2025: চলতি আইপিএলে অ্যাওয়ে ম্যাচে অপরাজেয় থাকার রেকর্ড অব্যাহত রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ব্যাটে-বলে অবদান রেখে ম্যাচের সেরা হলেন ক্রুণাল পাণ্ডিয়া।
রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি আরসিবির। তবে বিরাট কোহলি ও ক্রুণাল পাণ্ডিয়ার জুটিতে ৮৪ বলে ১১৯ রান ওঠায় রজত পাটীদারদের আইপিএল পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা নিশ্চিত হয়ে যায়।

বিরাট কোহলি বলেন, উইকেটের নিরিখে দারুণ জয়। অন্য ম্যাচগুলির তুলনায় উইকেটে চরিত্রগত তফাত ছিল। রান তাড়া করার সময় আমি ডাগআউট থেক জেনে নিই সব ঠিক চলছে কিনা। আমাকে কী ভূমিকা নিতে হবে। কেমন ইনিংস খেলতে হবে।
বিরাটের কথায়, আমরা চাপে পড়েছিলাম তিন উইকেট হারিয়ে। তারপর আমার ও ক্রুণালের শতাধিক রানের পার্টনারশিপ। ক্রুণাল আউটস্ট্যান্ডিং ব্যাটিং করেছেন। আমরা শুরু থেকেই তাঁর ব্যাট হাতে এমন প্রভাব দেখানোর অপেক্ষা করছিলাম। রবিবার তাঁরই দিন ছিল। অসাধারণ খেলেছেন।
বিরাট জানান, ক্রুণাল বিরাটকে বলেছিলেন ঝুঁকি না নিয়ে খেলে যেতে। তিনিই আগ্রাসী ব্যাটিং করবেন। হয়েছেও তাই। কোহলির আগেই অর্ধশতরান পূর্ণ করেছেন ক্রুণাল। টিম ডেভিড, জিতেশ শর্মা, রোমারিও শেফার্ডরা থাকায় শেষের দিকে ঝড় তোলার লোকের অভাব নেই, এটাই আত্মবিশ্বাস বাড়াচ্ছে বিরাটদের।
Sixes sweeter than ever 🤌
— IndianPremierLeague (@IPL) April 27, 2025
Krunal Pandya’s bat did all the talking in that incredible 73* (47) 👊
Scorecard ▶ https://t.co/9M3N5Ws7Hm#TATAIPL | #DCvRCB | @krunalpandya24 pic.twitter.com/RZWKy8RCBK
ম্যাচের সেরা ক্রুণাল বলেন, তিন উইকেট হারানোর পর পার্টনারশিপ দরকার ছিল। শেষের দিকে টিম ডেভিড, জিতেশ শর্মারা থাকায় শেষের দিকে হিটারদের নিয়ে চিন্তা ছিল না। বিরাট কোহলি অন্য প্রান্তে থাকায় কাজটা সুবিধাজনক হয়ে যায়। আমি তাঁকেই কৃতিত্ব দেব। প্রথম ২০ বল প্রত্যাশা অনুযায়ী খেলতে পারিনি। কিন্তু আমি যে পারব, সে বিষয়ে আত্মবিশ্বাস জুগিয়ে গিয়েছেন কোহলি।
আইপিএল কেরিয়ারে ক্রুণালের এটি দশম বছর। তিনি জানান, বোলিংয়ে বৈচিত্র্য আনতে কঠোর পরিশ্রম করছেন। মাথা নীচু রেখেই তিনি পরিকল্পনামাফিক বোলিং করতে চান। বাউন্সার করা নিয়ে ক্রুণাল বলেন, ব্যাটিং ক্রমেই উন্নত হচ্ছে। নির্ভীকভাবে খেলছেন ব্যাটাররা। ফলে আমি তাঁদের চেয়ে এক ধাপ এগিয়ে থাকতে চাই। আমি চাই ব্যাটাররা আমাকে নিয়ে ভাবুন।
এদিকে, রবিবাসরীয় ডাবল হেডার ঘিরে উন্মাদনা দেখা গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে। সেখানকার স্টেডিয়ামে দু-দিনের জন্য আইপিএল ফ্যান পার্ক আয়োজন করা হয়েছিল। রবিবার রায়গঞ্জে উপস্থিত হয়ে ক্রিকেটপ্রেমীদের সঙ্গে সময় কাটান আইপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য অভিষেক ডালমিয়া। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শালিনী ডালমিয়াও। ছিলেন উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিরাও।












Click it and Unblock the Notifications