RR vs KKR, IPL 2025: ইডেনের হারে উদ্বিগ্ন নয় কেকেআর, রাজস্থান রয়্যালসকে চাপে ফেলবে অরুণের বার্তা
IPL 2025: আইপিএলে কাল গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের এটি হোম ম্যাচ।
যদিও কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ বলছেন, গুয়াহাটি কেকেআরেরই সেকেন্ড হোম। কারণ, তা কলকাতার কাছেই। ভাষাগত মিলও রয়েছে।

ইডেন গার্ডেন্সে আইপিএলের উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাস্ত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। যদিও সেই হারে নাইট শিবিরে যে উদ্বেগ নেই সেটাই জোরালোভাবে বোঝানোর চেষ্টা করলেন কেকেআরের বোলিং কোচ ভরত অরুণ।
কাল রাজস্থান রয়্যালসের পর কেকেআর মুম্বইয়ে খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। তারপর দুটি হোম ম্য়াচ রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এখনও যা খবর, তাতে লখনউ ম্যাচ ইডেনেই হবে, গুয়াহাটিতে সরার সম্ভাবনা নেই বললেই চলে।
ভরত অরুণ এদিন বলেন, আমরা প্রথম ম্যাচে হারায় উদ্বেগে নেই। তবে প্রথম ম্য়াচ জিততে পারলে সব সময়ই ভালো হয়। তবু ওই ম্যাচ থেকে আমরা বেশ কিছু ইতিবাচক দিক পেয়েছি। আগের ম্য়াচের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে হবে। আমাদের আরও কিছু বেশি রান তোলা উচিত ছিল। বিশেষ করে ব্যাটিংয়ের শেষের দিকে।
রাজস্থান রয়্যালস ২৮৭ রানের টার্গেট তাড়া করতে নেমে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তুলেছিল ৬ উইকেটে ২৪২। ফলে রাজস্থানকে বেশ সমীহই করছে কেকেআর। রিয়ান পরাগ রাজস্থানকে নেতৃত্ব দেবেন। রিয়ান অসমেরই ক্রিকেটার। তবে একা রিয়ানকে নয়, গোটা দলকে নিয়েই পরিকল্পনা করছে কেকেআর।
প্রথম ম্যাচের ব্যর্থতা ঝেড়ে ফেলে কেকেআর চ্যাম্পিয়ন দলের মতোই ঘুরে দাঁড়াবে বলে নিশ্চিত অরুণ। তিনি বলেন, সব দল ভালো ব্যাট করছে। বোলিং করছে। প্রতিটি দলেই ভালো ভারসাম্য রয়েছে। ফলে গুরুত্বপূর্ণ মুহূর্তে ভালো খেলে যারা তা নিজেদের দিতে ছিনিয়ে আনতে পারবে তারাই ম্যাচ জিতবে। গেমপ্ল্যান একটাই, ম্যাচ জেতা।
২০২৩ সাল থেকে এখানে ১টি টি২০ আন্তর্জাতিক ও চারটি আইপিএল ম্য়াচ হয়েছে। ভারত ৩ উইকেটে ২২২ তোলার পর শেষ বলে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। সামগ্রিকভাবে ওই পাঁচটি টি২০-র পরিসংখ্যান অনুযায়ী, এই স্টেডিয়ামে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯৮। পেসার ও স্পিনাররা প্রায় সমান সাফল্য পেয়েছেন।
ভরত অরুণ বললেন, উইকেট দেখে ভালো লাগছে। পরে আরও খুঁটিয়ে দেখব। কাল উইকেট দেখেই কম্বিনেশন চূড়ান্ত করা হবে। আউটফিল্ডও খুব ভালো। ফলে দুই দলের টক্কর উপভোগ্য হবে বলেই ধারণা কেকেআরের বোলিং কোচের।
আগের বছর কলকাতা-রাজস্থান দ্বৈরথ বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। তবে কাল বৃষ্টির সম্ভাবনা নেই। তাপমাত্রা ম্যাচের সময় থাকতে পারে ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই।












Click it and Unblock the Notifications