IPL 2024: সুপারবাইক নিয়ে দুর্ঘটনার কবলে! গুজরাত টাইটান্সের চিন্তা বাড়ালেন ৩.৬ কোটির ক্রিকেটার
IPL 2024: হার্দিক পাণ্ডিয়াকে ছিনিয়ে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। মহম্মদ শামি গোড়ালির চোটের জন্য অস্ত্রোপচার করানোয় তাঁকেও পাবে না গুজরাত টাইটান্স।
এই আবহে মহেন্দ্র সিং ধোনির রাজ্যের উইকেটকিপার-ব্যাটার রবিন মিনজ বাইক দুর্ঘটনার কবলে পড়লেন। তিনি আইপিএলের শুরু থেকে খেলতে পারবেন কিনা সেটাই বড় চর্চার বিষয়।

আইপিএলের মিনি অকশন থেকে রবিনকে ৩ কোটি ৬০ লক্ষ টাকায় কিনেছে গুজরাত টাইটান্স। জানা যাচ্ছে, রবিন কাওয়াসাকি সুপারবাইক চালাচ্ছিলেন। তখনই আরেকটি বাইকের সঙ্গে রবিনের বাইকের ধাক্কা লাগে এবং নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। রবিনের বাইকটির ভালোই ক্ষতি হয়েছে।
তবে স্বস্তির বিষয় একটাই, অল্পের জন্য বড়সড় বিপদ এড়িয়েছেন রবিন। তাঁর ডান পায়ের হাঁটুতে চোট লেগেছে, কেটেও গিয়েছে। রবিনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। তবে উদ্বেগের কিছু নেই বলেই দাবি করেছেন রবিনের বাবা ফ্রান্সিস মিনজ।
অনূর্ধ্ব ২৩ কর্নেল সিকে নাইডু ট্রফির কোয়ার্টার ফাইনালে কর্নাটকের বিরুদ্ধে খেলে সম্প্রতি বাড়িতে ফিরেছেন রবিন। ওই ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে তিনি ১৩৭ রান করেন। যদিও তাঁর এই ইনিংস সত্ত্বেও প্রথম ইনিংসে লিড পায় কর্নাটক। রবিনের বাড়ি গুমলা জেলার শিমাল গ্রামে।
রবিনের বাবা অবসরপ্রাপ্ত সেনাকর্মী। বর্তমানে তিনি রাঁচি বিমানবন্দরে সিকিউরিটি গার্ড হিসেবে কর্মরত। সম্প্রতি রাঁচি বিমানবন্দরেই তাঁর সঙ্গে দেখা হয়েছিল শুভমান গিলের। ভারতীয় দলকে টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি আইপিএলে গুজরাত টাইটান্সের সাফল্য প্রার্থনা করেন।
শুভমানও সেই সাক্ষাতের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে রেখে জানিয়েছিলেন, রবিনের সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে রয়েছেন। ক্রিকেটে তাঁর সফর অনুপ্রেরণা দেওয়ার মতোই। ধোনিকে কোচিং করানো চঞ্চল ভট্টাচার্যের কাছেই ক্রিকেট প্রশিক্ষণ নেন রবিন। এ ছা়ড়াও আসিফ হক ও এসপি গৌতমকে কোচ হিসেবে পেয়েছেন রাঁচির সনেট ক্রিকেট ক্লাবে খেলার ফাঁকে।












Click it and Unblock the Notifications