IPL 2024: রায়ডুর বাড়িতে পার্টিতে CSK! বিরিয়ানিতে না শুনেই সদলবলে কবে হোটেল ছেড়েছিলেন ধোনি?
IPL 2024: আইপিএলে কাল হায়দরাবাদে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে খেলবে চেন্নাই সুপার কিংস। তার আগে গোটা দলই রয়েছে ফুরফুরে মেজাজে।
হায়দরাবাদে গেলে বরাবরের মতো এবারও বিরিয়ানি পার্টিতে মজল চেন্নাই সুপার কিংস। তবে অম্বাতি রায়ডুর বাড়িতে মহেন্দ্র সিং ধোনির ছবি দেখা গেল না।

বছর দশেক আগের কথা। ২০১৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ টি২০ খেলতে তখন হায়দরাবাদে গিয়েছিল চেন্নাই সুপার কিংস। অম্বাতি রায়ডু তখন শহরের বাইরে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলার জন্য। কিন্তু রায়ডুর বাড়িতে তৈরি করা হয়েছিল বিরিয়ানি, চেন্নাই সুপার কিংস দলের জন্য।
কিন্তু বাইরের খাবার নিষিদ্ধ ছিল কাকাতিয়া হোটেলে। রায়ডুর বাড়িতে তৈরি বিরিয়ানি তাই হোটেলে ঢুকতে দেওয়া হয়নি। এরপরই কয়েক ঘণ্টার মধ্যে ওই হোটেল ছেড়ে তাজ কৃষ্ণ হোটেলে চলে গিয়েছিল মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস।
হোটেল বুকিং বাতিল করেছিলেন বিসিসিআইয়ের কয়েকজন শীর্ষকর্তাও। হোটেল কর্তৃপক্ষ মেনে নিয়েছিল চেন্নাই সুপার কিংসের হোটেল ত্যাগের কথা। তবে কারণ প্রকাশ্যে আনেনি। চেন্নাই সুপার কিংসের তরফেও বিরিয়ানি বিতর্ক নিয়ে প্রকাশ্যে কিছু বলা হয়নি।
Biryani 🤝 Super Kudumbam! 😋
— Chennai Super Kings (@ChennaiIPL) April 4, 2024
When Emotions Meet! 💛#WhistlePodu #Yellove 🦁💛 pic.twitter.com/4Naqszcmt7
কোনও কোনও কর্তা নাম প্রকাশ না করে শুধু বলেছিলেন, ধোনির হোটেল পছন্দ হয়নি। কিন্তু রায়ডুর বাড়ির বিরিয়ানির হোটেল প্রবেশে নিষেধাজ্ঞাই যে কারণ ছিল তা সেই সময়কার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছিল। রায়ডু এখন অবসর নিয়েছেন। তবে রীতি বজায় রেখেছেন।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের ক্যাপশনেও উল্লেখ, এটিআরের শহরে এলে বিরিয়ানি পার্টি মাস্ট। গতবারের মতো এবারও হায়দরাবাদে চেন্নাই সুপার কিংস পৌঁছনোর পর পুরানো দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের বিরিয়ানি পার্টিতে আমন্ত্রণ জানান রায়ডু। গেট টুগেদারের ছবি ও ভিডিও ভাইরাল।
রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, দীপক চাহার, শার্দুল ঠাকুর, মুকেশ চৌধুরীদের সঙ্গে অনেক তরুণ ক্রিকেটারদেরও দেখা গিয়েছে রায়ডু আয়োজিত বিরিয়ানি পার্টিতে। হায়দরাবাদি বিরিয়ানি চেখে দেখেছেন ক্রিকেটাররা। জাদেজার সঙ্গে ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন রায়ডু।
উল্লেখ্য, রায়ডু ক্রিকেটকে গুডবাই জানানোর পর অন্ধ্রপ্রদেশের শাসক দলে যোগ দিয়েছিলেন। কিন্তু কয়েক দিনে মধ্যেই মত বদলান। তিনি লোকসভা বা বিধানসভা ভোটে প্রার্থী হবেন বলেও জল্পনা ছিল। কিন্তু তা হয়নি। আইপিএলে ধারাভাষ্যও দিচ্ছেন। চেন্নাই সুপার কিংসের প্র্যাকটিস জার্সি পরে দলের সঙ্গেও তাঁকে দেখা গিয়েছে।












Click it and Unblock the Notifications