IPL 2024: কর্পোরেট বক্স থেকে মাঠ, শাহরুখের সর্বক্ষণের সঙ্গী ঘনিষ্ঠ সুন্দরী! পরিচয় চমকে দেবে
IPL 2024: বিশাখাপত্তনমে কলকাতা নাইট রাইডার্স ১০৬ রানে হারিয়ে দিয়েছে দিল্লি ক্যাপিটালসকে। যার ফলে চলতি আইপিএলে জয়ের হ্যাটট্রিক সেরে পয়েন্ট তালিকার ১ নম্বরে কেকেআর।
এই ম্যাচ মাঠে বসে উপভোগ করলেন কেকেআরের অন্যতম কর্ণধার শাহরুখ খান। তবে তাঁর পাশে বসে থাকা সুন্দরীকে নিয়ে চর্চা তুঙ্গে।

শাহরুখ যখন কেকেআরের ম্যাচ দেখতে মাঠে হাজির থাকেন তখন তাঁর সঙ্গে দেখা যায় বলিউডের অনেক তারকাকেই। কখনও কন্যা সুহানা কিংবা পুত্র আরিয়ান ও আব্রামকে দেখা যায়। স্ত্রী গৌরী খানকেও দেখা গিয়েছে কেকেআরের হয়ে গলা ফাটাতে। আবার অনেক তারকার কন্যাকেও নিয়ে আসেন কিং খান।
কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলা ও জয় মেহতার কন্যা জাহ্নবীও কেকেআরের সঙ্গে যুক্ত। অনন্যা পাণ্ডে-সহ অনেককেই বিভিন্ন সময় দেখা গিয়েছে কেকেআরের কর্পোরেট বক্সে। গতকাল বিশাখাপত্তনমে শাহরুখের পাশে বসে থাকা সুন্দরীকে অনেকেই ভেবেছিলেন বলিউডের কোনও অভিনেত্রী।
শাহরুখের পাশে বসেই ম্যাচ দেখেন। ম্যাচের শেষে শাহরুখের সঙ্গেই তিনি যান মাঠে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, কেকেআর ম্যানেজমেন্টের অনেকের সঙ্গেই তাঁকে কথা বলতে দেখা গিয়েছে। কিং খানের পাশে থাকা এই সুন্দরী সম্পর্কে জানার জন্য অনেকে গুগল সার্চ করতে থাকেন, নজর রাখেন সোশ্যাল মিডিয়ায়।
তবে শাহরুখের সঙ্গে যিনি গতকাল ভাইজ্যাগের মাঠে হাজির ছিলেন তিনি কোনও অভিনেত্রী নন। তাঁর নাম পূজা দাদলানি গুরনানি। তাঁর বিয়ে হয়েছে হিতেশ গুরনানির সঙ্গে। ১২ বছর ধরে এই পূজাই শাহরুখ খানের ম্যানেজার হিসেবে কর্মরত। কোনও বড় সিদ্ধান্ত নিতে শাহরুখ পূজার সঙ্গে আলোচনা সেরে নেন।
বছর ৪০-এর পূজা মুম্বইয়ের বাসিন্দা। পড়াশোনাও সেখানে। মাস কমিউনিকেশনে স্নাতক পূজার ২০১২ সাল থেকেই শাহরুখ খানের সঙ্গে সফর শুরু হয়। ভাইজ্যাগের হোটেলে শাহরুখতে স্বাগত জানানো থেকে ম্যাচের সেরা সুনীল নারিনের ইন্টারভিউ দেওয়ার ছবি শোভা পাচ্ছে পূজার ইনস্টাগ্রাম স্টোরিতে।
রেড চিলিজ এন্টারটেনমেন্ট থেকে শাহরুখের নানা ক্রিকেট দলের কাজকর্ম দেখার ক্ষেত্রে বড় অবদান রয়েছে পূজার। ম্যানেজার হলেও তিনি এখন শাহরুখের পরিবারের একজন হয়ে উঠেছেন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে পূজার সম্পত্তি ৫০ কোটি টাকার আশেপাশে। বর্তমানে তিনি বার্ষিক বেতন পান ৭ থেকে ৮ কোটি টাকা।
বান্দ্রায় পূজার বিলাসবহুল বাড়ি রয়েছে। এই বাড়িটির অন্দরসজ্জা গৌরী খানের। মুম্বইয়ের রাস্তায় নীল রঙের দামি মার্সিডিজ নিয়ে ঘুরতেও দেখা যায় পূজাকে। ২০২১ সালে শাহরুখ খানের পুত্র আরিয়ান গ্রেফতার হওয়ার পর শাহরুখের পরিবারের পাশে ছিলেন পূজা, আত্মীয়ের মতোই। আদালতে শুনানির সময় হাজির থেকেছেন, আরিয়ানের জন্য জামা-কাপড়ও পৌঁছে দিয়েছেন।












Click it and Unblock the Notifications