IPL 2024, RCB vs PBKS: বেঙ্গালুরুতে কোহলির বিরাট রেকর্ড, ক্যাচ ধরেই সুরেশ রায়নাকে টপকে শীর্ষে
IPL 2024, RCB vs PBKS: আইপিএলে আজ বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু খেলছে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরসিবি।
এই ম্যাচেই টি২০ ক্রিকেটে এক বিরাট রেকর্ড গড়লেন কোহলি। এলিট লিস্টে সুরেশ রায়নাকে টপকে দখলে নিলেন শীর্ষস্থান।

তৃতীয় ওভারের তৃতীয় বলে পাঞ্জাব কিংসের প্রথম উইকেট পড়ে, ১৭ রানের মাথায় ভাঙে ওপেনিং জুটি। ৬ বলে ৮ রান করে মহম্মদ সিরাজের বলে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন জনি বেয়ারস্টো। এটিই টি২০ কেরিয়ারে বিরাট কোহলির মাইলস্টোন ক্যাচ।
আজকের আগে অবধি টি২০ ম্যাচে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে ফিল্ডার হিসেবে সর্বাধিক ক্যাচ ধরার নজির যুগ্মভাবে ছিল সুরেশ রায়না ও বিরাট কোহলির দখলে। তবে এদিন টি২০ কেরিয়ারে ১৭৩তম ক্যাচটি তালুবন্দি করে রায়নাকে পিছনে ফেলে দিলেন কোহলি। টি২০-তে রোহিত শর্মা ১৬৭টি, মণীশ পাণ্ডে ১৪৬টি ও সূর্যকুমার যাদব ১৩৬টি ক্যাচ ধরেছেন।
বিরাট কোহলি এদিন ৭৭ রানের ঝোড়ো ইনিংসও খেলেছেন। প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ১০০ বার পঞ্চাশ বা তার বেশি রান করার ঈর্ষণীয় কীর্তিও গড়লেন কোহলি।
এদিকে, আরসিবির বিরুদ্ধে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলেছে পাঞ্জাব কিংস। শেষ ওভারে ওঠে ২০। শেষ পাঁচ ওভারে ২ উইকেট খুইয়ে ৪৮ রান তোলে পাঞ্জাব কিংস। পাঁচটি চার ও একটি ছয়ের সৌজন্যে ৩৭ বলে সর্বাধিক ৪৫ রান করেন অধিনায়ক শিখর ধাওয়ান। বেয়ারস্টো ৮, প্রভসিমরণ সিং ২৫, লিয়াম লিভিংস্টোন ১৭ রান করেন।
স্যাম কারান ১৭ বলে ২৩ ও জিতেশ শর্মা ২০ বলে ২৭ রান করে সাজঘরে ফেরেন। শশাঙ্ক সিং শেষ ওভারে আলজারি জোসেফের বিরুদ্ধে ঝড় তোলেন। তিনি ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। ২ বলে ২ রান করে অপরাজিত থাকেন হরপ্রীত ব্রার।
উইকেটকিপার অনুজ রাওয়াত একাই চারটি ক্যাচ তালুবন্দি করেন। মহম্মদ সিরাজ ৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট নেন। তাঁর শেষ ২ ওভারে মাত্র ৮ রান দিয়ে একটি উইকেট নেন। গ্লেন ম্যাক্সওয়েল ৩ ওভারে ২৯ রান দিয়ে ২টি উইকেট দখল করেছেন। যশ দয়াল ও আলজারি জোসেফ পেয়েছেন ১টি করে উইকেট।












Click it and Unblock the Notifications