IPL 2024: আইপিএল ভারত থেকে সরছে না, লোকসভা নির্বাচনের দিনক্ষণ দেখে সূচি বানাচ্ছে বিসিসিআই
IPL 2024: অষ্টদশ লোকসভা নির্বাচনে দেশে হবে সাত দফায়। ফলে অনেকেই সংশয় প্রকাশ করছিলেন, আইপিএলের দ্বিতীয়ার্ধের খেলাগুলি সরে যেতে পারে বিদেশে।
সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের অনেক ম্যাচ হতে পারে বলে জল্পনা চলছিল। যদিও তা অমূলক বলে দাবি করে আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল যাবতীয় সংশয় দূর করে দিলেন।

আইপিএল ২২ মার্চ থেকে শুরু হচ্ছে। চলবে মে মাসের শেষ সপ্তাহ পর্যন্ত। ততদিনে লোকসভা নির্বাচন শেষ হবে না। লোকসভা নির্বাচন হবে এপ্রিলের ১৯, ২৬, মে মাসের ৭, ১৩, ২০, ২৫ এবং জুনের ১ তারিখ। নির্বাচনের ফল ঘোষণা হবে জুনের ৪ তারিখ।
এর মধ্যে উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গে ভোট হবে সাত দফায়। যদিও কলকাতায় লোকসভা নির্বাচন হবে জুনের ১ তারিখ। ততদিনে শেষ হয়ে যাবে আইপিএল। উত্তরপ্রদেশের লখনউয়ে লখনউ সুপার জায়ান্টস এবং কলকাতায় কলকাতা নাইট রাইডার্সের হোম ম্যাচ পড়বে।
অন্ধ্র প্রদেশ, চণ্ডীগড়, দিল্লি, গুজরাত, পাঞ্জাব, তামিলনাড়ুতে ভোট হয়ে যাবে এক দফাতেই, অর্থাৎ ১৯ এপ্রিল। ফলে এই দলগুলির হোম ম্যাচ আয়োজনে তেমন বেগ পেতেই হবে না। কর্নাটকের বেঙ্গালুরুতে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও রাজস্থানে রাজস্থান রয়্যালসের ম্যাচ থাকবে। এই দুটি রাজ্যে ভোট হবে ২ দফায়।
আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়ে দিলেন, আইপিএল বিদেশে সরছে না। পুরোটাই ভারতে হবে। দ্রুত বাকি সূচি ঘোষণা করে দেওয়া হবে। উল্লেখ্য, যেহেতু লোকসভা নির্বাচনের দিনক্ষণ সামনে এসে গিয়েছে, এবার সেই অনুযায়ী সূচি চূড়ান্ত করবে বিসিসিআই।
ইতিমধ্যেই ৭ এপ্রিল অবধি ২১টি ম্যাচের সূচি ঘোষণা করে রেখেছে বিসিসিআই। ২০১৯ সালেও লোকসভা নির্বাচন ছিল। সেবারও গোটা টুর্নামেন্ট দেশেই আয়োজন করা হয়েছিল। এবারও তেমনটাই হবে বলে নিশ্চিত বোর্ডকর্তারা। লোকসভা নির্বাচন সংক্রান্ত যাবতীয় গাইডলাইন দেখে, নিরাপত্তা-সহ সব ব্যবস্থা সুনিশ্চিত করে দেশেই হবে আইপিএল।
এদিনই জানা গিয়েছিল, আইপিএল বিদেশে সরে যাওয়ার সম্ভাবনা থাকায় ক্রিকেটারদের কাছ থেকে পাসপোর্ট চেয়ে নিয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। যাতে টুর্নামেন্ট সরলে বিদেশে যেতে ক্রিকেটারদের কোনও অসুবিধায় পড়তে না হয়। যদিও লোকসভা নির্ঘণ্টের সূচিই আইপিএল এ দেশে আয়োজনের সম্ভাবনা জোরালো করেছে।
২২ মার্চ চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ দিয়ে আইপিএল শুরু হচ্ছে। বিভিন্ন দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। আজ ইডেনে কলকাতা নাইট রাইডার্সের অনুশীলনে নজর কাড়লেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন।
এদিনই এই দুই ক্যারিবিয়ান তারকা শহরে পৌঁছেছেন। বিকেলে অনুশীলনেও হাজির ছিলেন। রাসেল ও নারিন কেকেআরে গৌতম গম্ভীরের নেতৃত্বে খেলেছেন। এবার তাঁরা গম্ভীরকে পাবেন মেন্টর হিসেবে। নাইটদের রি-ইউনিয়ন আজ উপভোগ্য বিষয় ছিল। বিমানযাত্রার ক্লান্তির ছাপ ছিল না চনমনে রাসেলের অনুশীলনে।












Click it and Unblock the Notifications