IPL 2023: কোহলি টানা দ্বিতীয় শতরানে ভাঙলেন গেইলের রেকর্ড, আরসিবি ১৯৮ রানের টার্গেট দিল গুজরাতকে
আইপিএলে টানা দুটি ম্যাচে দুটি শতরান হাঁকালেন বিরাট কোহলি। আজকেরটি এলো আরসিবির হোম গ্রাউন্ড বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে, ডু অর ডাই ম্যাচে। চলতি আইপিএলে দ্বিতীয় তথা আইপিএল কেরিয়ারের সপ্তম শতরান হাঁকিয়ে কোবলি পিছনে ফেলে দিলেন ক্রিস গেইলকে। গেইলের ৬টি শতরান আছে আইপিএলে।
টস জিতে রান তাড়া করার সিদ্ধান্ত নিয়েছিলেন গুজরাত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান তুলেছে আরসিবি। বিরাট কোহলি দুরন্ত ফর্ম অব্যাহত রেখে টানা দ্বিতীয় শতরান হাঁকিয়ে নয়া রেকর্ড গড়লেন। নূর আহমেদ পেয়েছেন ২ উইকেট।

আইপিএলে প্লে-অফে উঠতে গুজরাত টাইটান্সকে ১৯৭ রানের কমে বেঁধে ফেলতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বোলারদের। গুজরাত টাইটান্স ইতিমধ্যেই প্রথম কোয়ালিফায়ার খেলা নিশ্চিত করে ফেলেছে। মুম্বই ইন্ডিয়ান্স আজই সানরাইজার্স হায়দরাবাদকে হারানোয় আরসিবি খেলছে ডু অর ডাই ম্যাচ।

বৃষ্টির কারণে খেলা আজ ৫৫ মিনিট দেরিতে শুরু হয়। প্রথম ৬ ওভারে কোনও উইকেট না হারিয়ে আরসিবি তুলে ফেলে ৬২ রান। ৭.১ ওভারে ৬৭ রানের মাথায় ওপেনিং জুটি ভাঙেন নূর আহমেদ। পাঁচটি চারের সাহায্যে ১৯ বলে ২৮ রান করেন অধিনায়ক ফাফ দু প্লেসি। ৮.২ ওভারে গ্লেন ম্যাক্সওয়েল ৫ বলে ১১ রানে রশিদ খানের বলে বোল্ড হয়ে যান।

৮০ রানে দ্বিতীয় উইকেটটি পড়ার পর আরসিবির তৃতীয় উইকেট পড়ে ৯.১ ওভারে ৮৫ রানে। ৩ বলে ১ রানে মহীপাল লোমরর ৩ বলে ১ রান করে নূর আহমেদের শিকার হন, দুরন্ত স্টাম্পিং ঋদ্ধিমান সাহার। এরপর দলের ইনিংস এগিয়ে নিয়ে যাচ্ছিলেন বিরাট কোহলি ও মাইকেল ব্রেসওয়েল। ৪.৩ ওভারে ৫০ রান পূর্ণ হয়েছিল, ১০০ রান আসে ১০.৫ ওভারে।

এরপর হার্দিকের দুটি বোলিং পরিবর্তনেই বাজিমাত। ১৪তম ওভারের শেষ বলে বিপজ্জনক হয়ে ওঠা মাইকেল ব্রেসওয়েলকে সাজঘরে পাঠান মহম্মদ শামি। ১৩২ রানে পড়ে চতুর্থ উইকেট। পাঁচটি চারের সাহায্যে ১৬ বলে ২৬ রান করে ব্রেসওয়েল শামির বলে তাঁরই হাতে ক্যাচ দিয়ে ফেলেন। পরের ওভারের দ্বিতীয় বলে দীনেশ কার্তিক গোল্ডেন ডাক-সহ আউট।

আইপিএলে এই নিয়ে ১৭ বার শূন্য রানে আউট হয়ে লজ্জার নজিরে রোহিত শর্মাকে পিছনে ফেললেন ডিকে। তিনি যশ দয়ালের শিকার। ১৩৩ রানে পঞ্চম উইকেটের পতন। এরপর আর কোনও উইকেট হারায়নি আরসিবি। অবিচ্ছেদ্য ষষ্ঠ উইকেট জুটিতে অনুজ রাওয়াতকে নিয়ে ৩৪ বলে ৬৪ রান যোগ করেন কোহলি। শেষ পাঁচ ওভারে আসে ৬১ রান।

৬০ বলে শতরান হাঁকিয়ে শেষ অবধি ৬১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন কিং কোহলি। তিনি ১৩টি চার ও ১টি ছয় মেরেছেন। অনুজ রাওয়াত ১৫ বলে ২৩ রানে অপরাজিত থাকেন। একটি করে চার ও ছয় মেরেছেন তিনি।

নূর আহমেদ ৪ ওভারে ৩৯ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। মহম্মদ শামি ৪ ওভারে ৩৯, যশ দয়াল ৪ ওভারে ৩৯, রশিদ খান ৪ ওভারে ২৪ রান দিয়ে একটি করে উইকেট নেন। মোহিত শর্মা ৪ ওভারে ৫৪ রান খরচ করেন, উইকেট পাননি। রশিদ খানের সঙ্গে জোর টক্কর দিয়ে চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী মহম্মদ শামি।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications