আইপিএলের ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদ টস জিতল, প্রথমে ব্যাট করবে রাজস্থান রয়্যালস
আইপিএলের ষোড়শ সংস্করণের চতুর্থ ম্যাচে হায়দরাবাদে মুখোমুখি সানরাইজার্স হায়দরাবাদ ও গতবারের রানার-আপ রাজস্থান রয়্যালস। দুই দল একে অপরের বিরুদ্ধে ১৬টি ম্যাচ খেলেছে, দুই দলই জিতেছে ৮টি করে ম্যাচ। সানরাইজার্স হায়দরাবাদ এবার শক্তি বাড়িয়েছে অনেকটাই। রাজস্থান রয়্যালস কোর টিম ধরে রেখে নতুন ক্রিকেটারদের নিয়েছে।

আজ টস জিতে সানরাইজার্স হায়দরাবাদ ব্যাট করতে পাঠাল রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্স হায়দরাবাদকে নেতৃত্ব দিচ্ছেন ভুবনেশ্বর কুমার। তিনি ১০ বছর এই ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন। এইডেন মার্করাম এখনও না আসায় নেতৃত্বে ভুবি। সানরাইজার্সের জার্সি পরে আজ প্রথমবার খেলবেন ময়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস ও আদিল রশিদ। জেসন হোল্ডার ও কেএম আসিফ আজ রাজস্থান রয়্যালস ক্যাপ পেলেন।
পিচ রিপোর্ট দিতে গিয়ে সঞ্জয় মঞ্জরেকার জানান, পিচ কালো মাটির। শুষ্ক ঘাস রয়েছে। সামান্য ফাটল দেখা যাচ্ছে। তবে প্রথমার্ধে স্পিনাররা তেমন ফায়দা আদায় করতে পারবেন না। পরের দিকে স্পিনাররা তুলনায় কিছুটা বেশি বল ঘোরাতে পারবেন। এই মাঠে প্রথম ইনিংসে গড় স্কোর ১৯১। ফলে হাই স্কোরিং ম্যাচ হবে। টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে।
হায়দরাবাদের উইকেটের ট্র্যাক রেকর্ড দেখেই টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন ভুবনেশ্বর। একটি ম্যাচেই তিনি নেতৃত্ব দিচ্ছেন। নতুন কোচিং স্টাফদের তত্ত্বাবধানে দল ভালো জায়গাতেই রয়েছে। মার্করাম দ্বিতীয় ম্যাচ থেকে দায়িত্ব নেওয়ার আগে দলকে ২ পয়েন্ট এনে দিতে বদ্ধপরিকর ভুবনেশ্বর কুমার। সানরাইজার্স হায়দরাবাদ এদিন যে চার বিদেশিকে খেলাচ্ছেন তাঁরা হলেন- হ্যারি ব্রুক, ফজলহক ফারুকি, গ্লেন ফিলিপস ও আদিল রশিদ।
রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন প্রতিপক্ষকে সমীহই করছেন। তবে তাঁর ধারণা এই উইকেটে টস ফ্যাক্টর হবে না। আত্মবিশ্বাসী থেকেই মাঠে নামার বার্তা দিচ্ছেন সতীর্থদের। রাজস্থান রয়্যালসের যে চার বিদেশি আজ খেলছেন তাঁরা হলেন গতবারের আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী জস বাটলার, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার এবং ট্রেন্ট বোল্ট।
সানরাইজার্স হায়দরাবাদ- অভিষেক শর্মা, ময়াঙ্ক আগরওয়াল, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), আদিল রশিদ, ফজলহক ফারুকি, উমরান মালিক, টি নটরাজন।
রাজস্থান রয়্যালস- জস বাটলার, যশস্বী জয়সওয়াল, দেবদত্ত পাড়িক্কল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, ট্রেন্ট বোল্ট, কেএম আসিফ।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications