Sourav Ganguly In IPL: সৌরভ গঙ্গোপাধ্যায় ফিরছেন আইপিএলে, কোন ভূমিকা পালন করবেন?
আইপিএলের আসরে প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের, দিল্লি ক্যাপিটালস তাঁকে ডিরেক্টর অব ক্রিকেট হিসেবে নিযুক্ত করছে। এর আগেও এই দলের মেন্টর ছিলেন সৌরভ। এবার বড় দায়িত্ব পাচ্ছেন। আইপিএলের পাশাপাশি সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠেয় টি ২০ লিগ ও দক্ষিণ আফ্রিকার টি ২০ লিগে দিল্লি ফ্র্যাঞ্চাইজির অধীনস্থ দলের সবকিছু দেখভাল করবেন মহারাজ।

দিল্লি ক্যাপিটালসে ফিরছেন সৌরভ
বিসিসিআইয়ের সভাপতিত্ব থেকে সরে যাওয়ার পর এই প্রথম পেশাদার ক্রিকেটে যুক্ত হচ্ছেন সৌরভ। দিল্লি ক্যাপিটালসের কর্ণধার পার্থ জিন্দালের সঙ্গে সৌরভের ঘনিষ্ঠ সম্পর্ক। কাতারে জিন্দাল পরিবারের সঙ্গে সস্ত্রীক সৌরভও বিশ্বকাপ ফুটবলের ফাইনাল দেখতে গিয়েছিলেন। পার্থ জিন্দালের সঙ্গে সৌরভকে দেখে তখন থেকেই অনেকে জল্পনা চালাচ্ছিলেন, সৌরভকে ফের দিল্লি ক্যাপিটালসে যুক্ত হতে দেখা যাবে কিনা তা নিয়েই। তবে শুধু দিল্লি ক্যাপিটালসই নয়, আরও অনেক বড় দায়িত্বেই আসছেন প্রাক্তন বিসিসিআই সভাপতি।

আরও বড় দায়িত্বে
বোর্ড সভাপতি হওয়ার আগে সৌরভ দিল্লি ক্যাপিটালসে পরামর্শদাতা বা মেন্টরের ভূমিকায় ছিলেন। হেড কোচ রিকি পন্টিংয়ের সঙ্গে থেকে কাজ করেছেন। এবার ক্রিকেটীয় সমস্ট বিষয়েই এই ফ্র্যাঞ্চাইজির সমস্ত দলের মাথায় বসছেন সৌরভ। ২০১৯ সালের অক্টোবরে বোর্ড সভাপতি হওয়ার ফলে দিল্লি ক্যাপিটালস থেকে সরে যেতে হয়েছিল। ফের সেখানেই মহারাজকীয় প্রত্যাবর্তন।

আনুষ্ঠানিক ঘোষণা বাকি
সৌরভ আজ কলকাতায় ঊষা উত্থুপের গান প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন। তিনি এ বিষয়ে যেমন কিছু বলেননি, তেমনই দিল্লি ক্যাপিটালসের তরফেও এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। দিল্লি ক্যাপিটালসের পাশাপাশি এই ফ্র্যাঞ্চাইজির আরও যে দুটি দল রয়েছে সেই দুবাই ক্যাপিটালস ও প্রিটোরিয়া ক্যাপিটালসের সমস্ত ক্রিকেটীয় বিষয়ের শেষ কথা বললেন সৌরভই।

সৌরভ-পন্টিং জুটি
দিল্লি ক্যাপিটালসের এক কর্তা জানিয়েছেন, এ বছর থেকেই সৌরভ দিল্লি ক্যাপিটালস-সহ সমস্ত দলের দায়িত্ব নিচ্ছেন। এ বিষয়ে যাবতীয় আলোচনা ও চুক্তির সমস্ত প্রক্রিয়াই হয়ে গিয়েছে। এই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তিনি আগেও যুক্ত ছিলেন। কর্ণধারের সঙ্গেও সুসম্পর্ক। এটা সকলেই জানেন, সৌরভ আইপিএলে কিছু করতে চাইলে দিল্লি ক্যাপিটালসের হয়েই করবেন। দিল্লি ক্যাপিটালস এবার পাবে না ঋষভ পন্থকে। তাঁর পরিবর্তে নতুন অধিনায়ক ও উইকেটকিপারও খুঁজতে হবে দিল্লি ক্যাপিটালসকে। আর সেই সমস্ত প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হবে সৌরভ ও রিকি পন্টিংয়ের ক্রিকেটীয় মস্তিষ্ক।












Click it and Unblock the Notifications