IPL 2023: মুম্বই টস জিতে সানরাইজার্সকে ব্যাট করতে পাঠাল, প্লে-অফে যেতে রোহিতদের কী করণীয়?
আইপিএলে চতুর্থ দল হিসেবে কারা প্লে-অফে যাবে তা ঠিক হয়ে যাবে আজই। মুম্বইয়ের ফিরোজ শাহ কোটলায় আজকের ম্যাচ সানরাইজার্স হায়দরাবাদের কাছে নিয়মরক্ষার হলেও মুম্বই ইন্ডিয়ান্সের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকী এই ম্যাচে জিতলেও ছিটকে যেতে হতে পারে রোহিত শর্মাদের।
কেন না, আজ মুম্বই যদি হায়দরাবাদকে হারায় এবং আরসিবি হারিয়ে দেয় গুজরাত টাইটান্সকে তাহলে নেট রান রেট গুরুত্বপূর্ণ হবে, যা আইপিএলের সফলতম দলকে সমস্যায় ফেলতে পারে। মুম্বই যদি হারে এবং বৃষ্টিতে আরসিবি-গুজরাত ম্যাচ পরিত্যক্ত হয় তাহলে শেষ চারে যাবে আরসিবি।

টস জিতে ফিল্ডিং নিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা। মুম্বইয়ের ওয়াংখেড়ের পিচ লাল মাটির। ঘাস রয়েছে। ভালো পিচে রান ভালোই উঠবে বলে মনে করা হচ্ছে। কেন না, এই স্টেডিয়ামে কোনও স্কোর নিরাপদ নয়। পিচ শুষ্ক। সে কারণেই টস জিতে রান তাড়ার সিদ্ধান্ত বলে জানালেন রোহিত। দুই দলেই পরিবর্তন হয়েছে।
১৩ ম্যাচে আরসিবি ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে চারে। ১৩ ম্যাচে মুম্বইয়েরও ১৪ পয়েন্ট। আরসিবির নেট রান রেট ০.১৮০, মুম্বইয়ের মাইনাস (-) ০.১২৮। রাজস্থান রয়্যালস ১৪ ম্যাচে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে, তাদের নেট রান রেট ০.১৪৮। যদি আরসিবি ও মুম্বই হারে তাহলে শেষ চারে চলে যাবে রয়্যালস।
আরসিবির খেলা আজ সন্ধ্যায়। আরসিবি যদি গুজরাত টাইটান্সকে ১ রানেও হারায় তাহলে নেট রান রেটে টেক্কা দিয়ে সানরাইজার্সের বিরুদ্ধে অন্তত ৭৯ রানে জয় ছিনিয়ে রাখতে হবে মুম্বইকে। মুম্বই যদি আরও বেশি ব্যবধানে জেতে তাহলে আরসিবি হিসেব কষে খেলে নেট রান বাড়িয়ে নেওয়ার সুযোগ পাবে।

মুম্বই ও আরসিবি হেরে গেলে কপাল খুলে যাবে রাজস্থান রয়্যালসের। যদি আরসিবি প্রথমে ব্যাট করেত ১৮০ তোলে, তাহলে সেই টার্গেটে যদি টাইটান্স ১৯.৩ ওভারে পৌঁছে যায় তাহলে নেট রান রেটে এগিয়ে যাবে রাজস্থান। আরসিবি প্রথমে ফিল্ডিং করলে গুজরাত যদি ১৮০ তোলে, তাহলে বিরাটদের ১৭৪ রানে আটকালেই চলবে।
রোহিত বলেন, পিচের চরিত্র দেখে যেমন ফিল্ডিং নিলাম, তেমনই আমরা রান তাড়া করতে পছন্দ করি। বিকেলের দিকে ব্যাট করা এই উইকেটে সহজ হবে। কী হলে কী হবে তা নিয়ে না ভেবে ভালো ক্রিকেট খেলতে চাইছি। বেশি দূরের কিছু নিয়ে ভাবছি না। চেনা পরিবেশে ভালো ক্রিকেট খেলাই লক্ষ্য বলে জানালেন হিটম্যান।

সানরাইজার্স হায়দাবাদ নির্ভীক ক্রিকেট খেলবে বলে জানালেন অধিনায়ক এইডেন মার্করাম। তাঁদের বিদায় আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। হাই স্কোরিং স্টেডিয়ামে বড় রান তোলার প্রত্যাশা করছেন। রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করতে বেশ কয়েকটি পরিবর্তন হয়েছে অরেঞ্জ আর্মিতে।
সানরাইজার্স একাদশে এসেছেন কার্তিক ত্যাগী, উমরান মালিকের মতো ক্রিকেটাররা। মুম্বই ইন্ডিয়ান্স হৃতিক শোকিনের জায়গায় খেলাচ্ছে কুমার কার্তিকেয়কে।
মুম্বই ইন্ডিয়ান্স- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, টিম ডেভিড, নেহাল ওয়াধেরা, কুমার কার্তিকেয় সিং, আকাশ মাধওয়াল, পীযূষ চাওলা, জেসন বেহরেনডর্ফ, ক্রিস জর্ডন। ইমপ্যাক্ট সাব- রামনদীপ সিং, বিষ্ণু বিনোদ, ট্রিস্টান স্টাবস, তিলক বর্মা, সন্দীপ ওয়ারিয়র।
সানরাইজার্স হায়দরাবাদ- ময়াঙ্ক আগরওয়াল, বিভ্রান্ত শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), হেইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস, নীতীশ কুমার রেড্ডি, সানবীর সিং, ময়াঙ্ক ডাগর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক। ইমপ্যাক্ট সাব- ময়াঙ্ক মার্কণ্ডে, রাহুল ত্রিপাঠী, আবদুল সামাদ, কার্তিক ত্যাগী, আকিল হোসেন।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications