আইপিএলের নতুন নিয়মে কেমন হবে গুজরাত ও চেন্নাইয়ের স্ট্র্যাটেজি? বিশেষ বার্তা জাদেজার
আইপিএলে আজ নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। এই ম্যাচে ইমপ্যাক্ট প্লেয়ার কারা থাকবেন তা নিয়ে চলছে জল্পনা। এবারই প্রথম টসের ফলাফল দেখে একাদশ ঘোষণা করতে পারবে দলগুলি। এই পরিস্থিতিতে গুজরাত ও চেন্নাইয়ের সম্ভাব্য স্ট্র্যাটেজি নিয়ে জল্পনা তুঙ্গে।

প্রথমে গুজরাত ব্যাটিং করলে
গুজরাত টাইটান্স যদি প্রথমে ব্য়াট করে সেক্ষেত্রে একাদশ হতে পারে এরকম- শুভমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), কেন উইলিয়ামসন, ম্যাথু ওয়েড, হার্দিক পাণ্ডিয়া (অধিনায়ক), রাহুল তেওয়াটিয়া, রশিদ খান, শিবম মাভি, জয়ন্ত যাদব বা আর সাই কিশোর, আলজারি জোসেফ ও মহম্মদ শামি। আউট হওয়া কোনও ব্যাটারের জায়গায় অভিনব মনোহরকে নামানো হতে পারে। সেক্ষেত্রে তিনি হবেন ইমপ্যাক্ট প্লেয়ার। ফিল্ডিং ভালো নয় এমন কাউকে বসানো হতে পারে। সেক্ষেত্রে হার্দিক ও তেওয়াটিয়া-সহ সাত বোলার থাকবেন গুজরাতের একাদশে।

হার্দিকরা রান তাড়া করলে
গুজরাত টাইটান্স যদি প্রথমে বোলিং করে সেক্ষেত্রে প্রথম একাদশে খুব বেশি রদবদলের প্রয়োজন নেই বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে আর সাই সুদর্শন বা অভিনব মনোহরকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামাতে পারে মহম্মদ শামির জায়গায়। সুদর্শন যেমন ইনিংসের ভিত গড়ে দলকে ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন, তেমনই মনোহর শেষের দিকে ঝোড়ো গতিতে রান তুলতে পারবেন।

সিএসকে যদি প্রথমে ব্যাট করে
চেন্নাই সুপার কিংসের হয়ে মহেন্দ্র সিং ধোনি নামতে পারবেন কিনা তা নিয়ে সরকারিভাবে কিছুই জানানো হয়নি। যদিও দলের সিইওর দাবি, ধোনি খেলার জন্য প্রস্তুত। ধোনি না থাকলে রণকৌশল অনেকটাই বদলে যাবে চেন্নাই সুপার কিংসের। সিএসকে প্রথমে ব্যাট করতে প্রথম একাদশ হতে পারে এরকম- ঋতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, বেন স্টোকস, মঈন আলি, অম্বাতি রায়ডু, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার ও সিমরজিৎ সিং বা তুষার দেশপাণ্ডে।

পরে ব্যাট করলে কী হবে কৌশল?
মিচেল স্যান্টনার খেললে সিএসকের ১০ নম্বর অবধি ব্যাটার থাকবে। বেন স্টোকস ছাড়াও থাকবেন ৬ বোলার। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে অপশন অজিঙ্ক রাহানে, শাইক রশিদ ও শুভ্রাংশু সেনাপতি। তবে তাঁদের কেউই চিপকে কার্যকরী হবেন না বলে মনে করা হচ্ছে। আজ গুজরাতে তাঁদের মধ্যে কাউকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামানো হয় কিনা সেটা দেখার। চেন্নাই সুপার কিংস যদি প্রথমে বোলিং করে সেক্ষেত্রে অম্বাতি রায়ুডু হতে পারেন ইমপ্যাক্ট প্লেয়ার। রাজ্যবর্ধন হাঙ্গরগেকরকে দিয়ে বোলিং করিয়ে, রান তাড়া করার সময় নেওয়া হতে পারেন অভিজ্ঞ রায়ুডুকে। সিমরজিৎ সিংয়ের জায়গাতেও ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন রায়ুডু।
|
জাদেজার বার্তা
এদিকে, করোনাকাল কাটিয়ে এই প্রথম দর্শকঠাসা স্টেডিয়ামে নামার অপেক্ষায় চেন্নাই সুপার কিংস। রবীন্দ্র জাদেজা চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ স্টেডিয়ামে গুজরাতের চেন্নাই-সমর্থকদের মাঠ ভরানোর আবেদন জানিয়েছেন। তিনি বলেন, আমেদাবাদের ক্রিকেটপ্রেমীরা কতটা আবেগপ্রবণ তা উপলব্ধি করেছি ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের সময়। তাঁরা যখন সমর্থন করতে থাকেন গোটা স্টেডিয়ামের পরিবেশটাই বদলে যায়। বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামে খেলাটা খুবই গৌরবের বিষয়। সকল গুজরাতি ফ্যানেদের মাঠে আসার আমন্ত্রণ জানিয়ে সিএসকে-কে সমর্থকদের আহ্বান জানান জাড্ডু।
আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে












Click it and Unblock the Notifications