IPL 2022: আইপিএলে অধিনায়ক হিসেবে নজির রাহুলের, বীরুকে টপকে বিরাট-ধোনিদের পরে রইলেন কীভাবে?
আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে দলের বিপর্যয় রুখে অধিনায়কোচিত ইনিংস খেললেন লোকেশ রাহুল। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান তুলেছে লখনউ সুপার জায়ান্টস। লোকেশ রাহুল ৬টি চার ও একটি ছয়ের সাহায্যে ৫০ বলে ৬৮ রান করেন। ওপেন করতে নেমে তিনি ক্রিজে ছিলেন ১৯ ওভারের প্রথম বল পর্যন্ত। টি নটরাজনের বলে লেগ বিফোর হন।

এদিন ৪০ বলে আইপিএল কেরিয়ারের ২৮তম অর্ধশতরানটি রাহুল পূর্ণ করেন। অধিনায়ক হিসেবে এই নিয়ে ১৩ বার তিনি আইপিএলে ৫০ বা তার বেশি স্কোর করলেন। এর সুবাদে তিনি টপকে গেলেন অ্যাডাম গিলক্রিস্ট ও বীরেন্দ্র শেহওয়াগকে। দুজনেই অধিনায়ক হিসেবে ১২টি করে হাফ সেঞ্চুরি করেছেন আইপিএলে, সচিন তেন্ডুলকর করেছেন ১১টি হাফ সেঞ্চুরি। অধিনায়ক হিসেবে সর্বাধিক অর্ধশতরানকারীদের তালিকায় আপাতত রাহুল রইলেন ষষ্ঠ স্থানে। বিরাট কোহলি (৪০) রয়েছেন শীর্ষে। এরপর রয়েছেন গৌতম গম্ভীর (৩১), রোহিত শর্মা (২৩), মহেন্দ্র সিং ধোনি (২২) এবং ডেভিড ওয়ার্নার (২৭)। এই এলিট লিস্টের প্রথম পাঁচে ওয়ার্নারই একমাত্র বিদেশি। কেন উইলিয়ামসন আইপিএলে দলকে নেতৃত্ব দিতে গিয়ে ১০টি অর্ধশতরান করেছেন।

টি ২০ ক্রিকেটে এদিন ৫০তম অর্ধশতরানটি পূর্ণ করেছেন রাহুল। এর আগে এই নজির রয়েছে বিরাট কোহলি, শিখর ধাওয়ান, সুরেশ রায়না ও রোহিত শর্মার। ২০২০ সালে পাঞ্জাব কিংসের অধিনায়ক হন রাহুল। তারপর থেকেই ব্যাট হাতে রয়েছেন বিধ্বংসী ফর্মে। অধিনায়ক হিসেবে তিনি ৩০টি ম্যাচে ৫৬ গড় রেখে ১৪০৪ রান করেছেন যার মধ্যে রয়েছে একটি শতরান ও ১২টি অর্ধশতরান। এই সময়কালে অন্য কোনও দলের অধিনায়ক ১০০০ রানও করতে পারেননি।












Click it and Unblock the Notifications