IPL 2022: আইপিএলে প্রথম ওভারেই ঋতুরাজের উইকেট! লি-ভাসদের পাশে কীভাবে নাম লেখালেন উমেশ?
পঞ্চদশ আইপিএলের শুরুটাই হলো নাটকীয়ভাবে। উমেশ যাদবের প্রথম ওভারের প্রথম বলই ওভারস্টেপিংয়ের কারণে নো। তবু ফ্রি হিটের ফায়দা তুলতে পারলেন না চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। আর তারপরই ওভারের তৃতীয় বলে তিনি আউট হলেন নীতীশ রানার হাতে ক্যাচ দিয়ে। এই উইকেটটি তুলে নিয়ে আইপিএলের এলিট লিস্টে নাম লেখালেন উমেশ যাদব।

আইপিএলে প্রথম ওভারে বল করতে এসে ওই ওভারেই উইকেট উমেশ আগেও পেয়েছেন। এই নিয়ে পেলেন সপ্তমবার। ২০১৮ সালের পর এই প্রথম। সবমিলিয়ে উমেশ ১৯.৬ গড় ও ২৪ স্ট্রাইক রেট রেখে প্রথম ওভারে বোলিং করে মোট সাতটি উইকেট তুলে নিলেন। তবে আগের মরশুমের অরেঞ্জ ক্যাপজয়ী অর্থাৎ টুর্নামেন্টে সবচেয়ে বেশি রানের মালিক ঋতুরাজকে এদিন শূন্য রানে ফিরিয়ে তিনি আরও যে নজির গড়লেন তার সুবাদে তিনি নাম লেখালেন অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিডস্টার ব্রেট লি ও শ্রীলঙ্কার প্রাক্তন পেসার চামিন্ডা ভাসের নামের পাশে।

আইপিএলের ইতিহাসে উমেশের আগে লি, ভাস ও ভারতের প্রাক্তন ক্রিকেটার ইকবাল আবদুল্লাহ আইপিএল মরশুম শুরুর প্রথম ওভারে উইকেট পেয়েছেন। উমেশ রইলেন তাঁদের পরেই। প্রথম নজিরটি ভাসের দখলে। শ্রীলঙ্কার কিংবদন্তি ভাস ডেকান চার্জার্সের হয়ে প্রথম বলেই তুলে নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন ব্যাটার মনোজ তিওয়ারির উইকেট। ২০১০ সালে সেই নজিরের পরের বছরই একই ঘটনা ঘটনা ইকবাল আবদুল্লাহ। কেকেআরের হয়ে তিনি প্রথম ওভারে ফেরান চেন্নাই সুপার কিংসের অনিরুদ্ধ শ্রীকান্তকে। ব্রেট লি ২০১৩-র আইপিএল সূচনার প্রথম ওভারেই কেকেআরের হয়ে বল করতে গিয়ে সাজঘরে ফিরিয়েছিলেন দিল্লি ডেয়ারডেভিলসের প্রাক্তন ব্যাটার উন্মুক্ত চাঁদকে। সেটি আবার ছিল সেই আইপিএলের প্রথম বল। ফলে এই নজিরটি বিশেষভাবে উজ্জ্বল হয়ে রয়েছে। উমেশের এই কীর্তির সঙ্গে আরও একটি বিষয় স্পষ্ট, কেকেআরের জার্সি গায়েই তিন বোলার আইপিএলের প্রথম ওভারে উইকেট নেওয়ার নজির গড়েছেন। এমনকী ভাসের প্রতিপক্ষ দলও ছিল কেকেআরই।
Two wickets for @y_umesh in the powerplay 👏👏
— IndianPremierLeague (@IPL) March 26, 2022
Ruturaj and Conway are back in the hut.
Live - https://t.co/b4FjhJcJtX #CSKvKKR #TATAIPL pic.twitter.com/rWPOtwJTIe
উমেশ এদিন ঋতুরাজকে ফেরানোর পর অপর ওপেনার ডেভন কনওয়ের উইকেটটিও পেয়েছেন। তিন ওভারের শেষে তাঁর বোলিং ফিগার ছিল ৩ ওভারে ১২ রানের বিনিময়ে ২ উইকেট। গত বছর আইপিএলের আসরে ব্রাত্য উমেশ ২০২০ সালে স্বল্প সুযোগে কোনও উইকেট পাননি। এদিন তিনি আইপিএল উইকেট পেলেন ৩ বছর পর। এদিন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তিনি চার ওভারে ২০ রান দিয়ে ২টি উইকেট পেলেন।












Click it and Unblock the Notifications