IPL 2022: আরসিবির দাপুটে জয় দিল্লির বিরুদ্ধে, কার্তিক-ম্যাক্সওয়েল ও হ্যাজলউড-সিরাজ জুটির পাশে উজ্জ্বল শাহবাজ
আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। জশ হ্যাজলউড তিনটি ও মহম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছেন। সর্বাধিক রান করা ডেভিড ওয়ার্নারকে গুরুত্বপূর্ণ সময়ে ফেরান ওয়ানিন্দু হাসারঙ্গা। ব্যাটে-বলে ভরসা দিলেন বাংলার অলরাউন্ডার শাহবাজ আহমেদ। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে উঠে এলো আরসিবি। রইল গুজরাত টাইটান্স ও লখনউ সুপার জায়ান্টসের পরেই। ৫ ম্যাচে চার পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস চলে গেল অষ্টম স্থানে।

জয়ের জন্য ১৯০ রানের টার্গেট তাড়া করতে গিয়ে কখনও মনে হয়নি এই ম্যাচ দিল্লি ক্যাপিটালস জিততে পারে। শেষ অবধি ঋষভ পন্থের দল পরাস্ত ১৬ রানে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৩ রান তোলে দিল্লি ক্যাপিটালস। ৪.৪ ওভারে ৫০ রানের মাথায় তাদের প্রথম উইকেট পড়েছিল। ১৩ বলে ১৬ করে পৃথ্বী শ মহম্মদ সিরাজের শিকার হন। এরপর মিচেল মার্শ চেনা ছন্দে না থাকায় কার্যত একা কুম্ভ রক্ষা করতে হচ্ছিল ডেভিড ওয়ার্নারকে। ২৯ বলে ৫২তম আইপিএল অর্ধশতরান পূর্ণ করেন অজি ওপেনার। যদিও আস্কিং রেট বাড়তে থাকায় ঝুঁকিপূর্ণ স্যুইচ হিট নিতে গিয়ে ওয়ানিন্দু হাসারঙ্গার বলে লেগ বিফোর হন ওয়ার্নার। আম্পায়ার প্রথমে আউট দেননি। যদিও রিভিউয়ের ফায়দা তোলে আরসিবি।

চারটি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ৩৮ বলে ৬৬ রান করেন ওয়ার্নার। ১১.৩ ওভারে ৯৪ রানের মাথায় পড়ে দ্বিতীয় উইকেট। এরপর সাত বলের ব্যবধানে মাত্র তিন রানের মধ্যে তিনটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দিল্লি। ১৪তম ওভারের শেষ বলে ২৪ বলে ১৪ রান করে মিচেল মার্শ রান আউট হন দলের ১১২ রানের মাথায়। পরের ওভারে দুটি উইকেট তুলে নেন জশ হ্যাজলউড। প্রথম বলেই ফেরান রভম্যান পাওয়েল (১ বলে ০)-কে। ১৫তম ওভারের শেষ বলে হ্যাজলউডের দ্বিতীয় শিকার ললিত যাদব (৪ বলে ১)। ১১৫ রানে অর্ধেক ব্যাটার সাজঘরে ফিরে যান।
A double-wicket over from Josh Hazlewood! 👏 👏#DC lose Rovman Powell & Lalit Yadav.
— IndianPremierLeague (@IPL) April 16, 2022
Follow the match 👉 https://t.co/Kp3DueRxD0#TATAIPL | #DCvRCB | @RCBTweets pic.twitter.com/FlDDhBc4Q5
১৭তম ওভারের তৃতীয় বলে ঋষভ পন্থ (১৭ বলে ৩৪)-এর উইকেটটি তুলে নিয়ে দিল্লির আশায় জল ঢেলে দেন সিরাজ। ১৪২ রানে ষষ্ঠ উইকেট হারায় দিল্লি ক্যাপিটালস। ১৯তম ওভারের প্রথম বলেই শার্দুল ঠাকুর (৯ বলে ১৭)-কে আউট করেন হ্যাজলউড। ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন অজি পেসার। মহম্মদ সিরাজ ৪ ওভারে ৩১ রান দিয়ে নেন ২ উইকেট। ওয়ানিন্দু হাসারঙ্গা ৪ ওভারে ৪০ রান দিয়ে ১টি উইকেট পেয়েছেন। গ্লেন ম্যাক্সওয়েল বোলিং ওপেন করেন। তিনি ২ ওভারে দেন ১৪, শাহবাজ আহমেদ ২ ওভারে ১৯ রান দেন, কেউই উইকেট পাননি। বোনের মৃত্যুর পর প্রথমবার খেলতে নেমে ৪ ওভারে ৪০ রান দেন হর্ষল প্যাটেল।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯.৩ ওভারে ৭৫ রানে চার উইকেট হারানোর পরেও ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ৩৪ বলে সর্বাধিক ৬৬ রানে অপরাজিত থাকেন দীনেশ কার্তিক। নিজের শততম আইপিএল ম্যাচে ৩৪ বলে ৫৫ রান করেন গ্লেন ম্যাক্সওয়েল। ২১ বলে ৩২ রানে অপরাজিত থাকেন বাংলার শাহবাজ আহমেদ। শার্দুল ঠাকুর, খলিল আহমেদ, অক্ষর প্যাটেল ও কুলদীপ যাদব একটি করে উইকেট দখল করেন।












Click it and Unblock the Notifications