IPL 2022: হার্দিকের অধিনায়কোচিত অর্ধশতরান, সানরাইজার্সের সামনে গুজরাত টাইটান্সের চ্যালেঞ্জিং টার্গেট
আইপিএলে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে সানরাইজার্স হায়দরাবাদকে ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে হবে। চলতি আইপিএলে এখনও অবধি অপরাজেয় গুজরাত টাইটান্স ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছে। চারটি চার ও একটি ছয়ের সাহায্যে ৪২ বলে অধিনায়কোচিত ৫০ রান করে অপরাজিত থাকলেন হার্দিক পাণ্ডিয়া। আইপিএলে তাঁর মন্থরতম হলেও গুরুত্বের নিরিখে এই ইনিংস এগিয়ে অনেকটাই। এদিন তিনি শততম আইপিএল ছক্কাটিও মারলেন। ভুবনেশ্বর কুমার ও টি নটরাজন দুটি করে উইকেট দখল করেছেন।

টস জিতে হার্দিক পাণ্ডিয়ার গুজরাত টাইটান্সকে ব্যাট করতে পাঠান সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। প্রথম ওভারে ভুবনেশ্বর কুমার ১৭ রান দিয়ে বসেন, অথচ ম্যাথু ওয়েড ৪ বলে ৪ ও শুভমান গিল ২ বলে ১ রান করে ক্রিজে ছিলেন। দুটি ওয়াইড বল উইকেটকিপারের নাগাল এড়িয়ে বাউন্ডারি পার করে। তৃতীয় ওভারের দ্বিতীয় বলে গুজরাত টাইটান্সের ওপেনিং জুটি ভাঙেন ভুবনেশ্বরই। ৯ বলে ৭ রানে ফেরেন ফর্মে থাকা শুভমান গিল, দলের ২৪ রানের মাথায়। ৫.৪ ওভারে সাই সুদর্শন টি নটরাজনের শিকার হন, ৯ বলে ব্যক্তিগত ১১ রানে। ৪৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর পাওয়ারপ্লে-র ৬ ওভারের শেষে টাইটান্সের স্কোর দাঁড়ায় ২ উইকেটে ৫১। অষ্টম ওভারের শেষ বলে ম্যাথু ওয়েড উমরান মালিকের বলে লেগ বিফোর হন ১৯ বলে ব্যক্তিগত ১৯ রান করে। তার আগে অভিষেক শর্মা ওয়েডের ক্যাচ ফেলেছিলেন। কিন্তু তার ফায়দা নিতে ব্যর্থ অজি উইকেটকিপার।

৬৪ রানে তৃতীয় উইকেট পড়ার পর ডেভিড মিলারকে নিয়ে ৪০ রানের পার্টনারশিপ গড়েন হার্দিক। ১৩.৩ ওভারে মার্কো জানসেন ডেভিড মিলারের উইকেটটি তুলে নিলে টাইটান্সের স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ১০৪। ষষ্ঠ ওভারের শেষে ৫০ রান পূর্ণ হয়েছিল, গুজরাত টাইটান্স ১০০ রানে পৌঁছায় ১২.৪ ওভারে। উমরান মালিক নিজের শেষ ওভারে ১০ রান দেওয়ায় দ্বিতীয় স্ট্র্যাটেজিক টাইম আউটে ১৫ ওভারের শেষে স্কোর ছিল ৪ উইকেটে ১১৮। উমরান ৪ ওভারে ৩৯ রান খরচ করে একটি উইকেট পেলেন। ষোড়শ ওভারে মার্কো জানসেন দেন ৮ রান, তাঁর বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট। ১৭তম ওভারে ভুবনেশ্বর কুমার দেন ৯ রান। ১৮তম ওভারে টি নটরাজনের দ্বিতীয় বলে এইডেন মার্করাম অভিনব মনোহরের সহজ ক্যাচ ছাড়েন। ব্যক্তিগত ২১ রানে জীবন পাওয়া মনোহর সুযোগের সদ্ব্যবহার করে চতুর্থ বলেই ছক্কা হাঁকান, শেষ বলে মারেন চার।
50-run partnership comes up between @hardikpandya7 & Abhinav Manohar.
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
Live - https://t.co/phXiczTCow #SRHvGT #TATAIPL pic.twitter.com/mlEI9n9arj
১৯.২ ওভারে ভুবনেশ্বর কুমারের বলে মনোহরের আরও একটি সহজ ক্যাচ পড়ে। তার পরে নো ম্যানস ল্যান্ডে আরেকটি ক্যাচ যায়। ভুবি চেষ্টা করেও ধরতে পারেননি। তবে পঞ্চম বলে রাহুল ত্রিপাঠী বাউন্ডারি লাইনের ধারে লং অফে ক্যাচ ধরে মনোহরকে সাজঘরে ফেরাতে সক্ষম হন। ৫টি চার ও ১টি ছয়ের সাহায্যে ২১ বলে ৩৫ করেন মনোহর। হার্দিক মনোহর জুটিতে ওঠে ৩২ বলে ৫০ রান। শেষ ওভারে টি নটরাজন বল হাতে ফের ভরসা দিলেন। এই ওভারের তৃতীয় বলে রাহুল তেওয়াটিয়া ৪ বলে ব্যক্তিগত ৬ রানে রান আউট হন। পরের বলে হার্দিক অর্ধশতরান পূর্ণ করেন।
That's a FIFTY for Skipper @hardikpandya7 off 42 deliveries.#TATAIPL #SRHvGT pic.twitter.com/Eh5mrxU4uJ
— IndianPremierLeague (@IPL) April 11, 2022
শেষ বলে রশিদ খানকে বোল্ড করে দেন নটরাজন। এই ওভারে তিনি ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। নটরাজন ৪ ওভারে ৩৪ ও ভুবনেশ্বর কুমার ৪ ওভারে ৩৭ রান দিয়ে ২টি করে উইকেট পেয়েছেন। ওয়াশিংটন সুন্দর ৩ ওভারে ১৪ রান দেন। মার্করামের এক ওভারে আসে ৯ রান।












Click it and Unblock the Notifications