আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় হার, প্লে-অফ পৌঁছনোর লড়াই কঠিন হল দিল্লির
আইপিএল ২০২০ : মুম্বইয়ের বিরুদ্ধে শোচনীয় হারের পর প্লে-অফের লড়াই কঠিন হল দিল্লির
আইপিএল ২০২০-এর মাস্ট উইন ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের সম্মুখীন হতে হল দিল্লি ক্যাপিটালসকে। ৯ উইকেটে ম্যাচ জিতল কাইরন পোলার্ডরা। জসপ্রীত বুমরাহ, ট্রেন্ট বোল্ট এবং ইশান কিষাণের দুর্দান্ত পারফরম্যান্সের কাছ নতিস্বীকার করে প্লে-অফে পৌঁছনোর লড়াই কঠিন করে ফেললেন শ্রেয়স আইয়াররা।

টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় মুম্বই ইন্ডিয়ান্স। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামের ব্যাটিং সহায়ক পিচে পরে ব্যাট করে বড় স্কোর তাড়া করা সম্ভব বলে মনে করেন কাইরন পোলার্ড। দলের ব্যাটিং শক্তির ওপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন মুম্বইয়ের নেতা।
অধিনায়ক পোলার্ডের সিদ্ধান্তকে পূর্ণ মর্যাদা দিয়ে দারুণ পারফরম্যান্স করেন মুম্বই ইন্ডিয়ান্সের বোলাররা। শূন্য রানে আউট হন দিল্লি ক্যাপিটালসের ওপেনার শিখর ধাওয়ান। ১০ রান করে সাজঘরে ফেরেন পৃথ্বী শ। অজিঙ্ক রাহানের পরিবর্তে নেমে নিজের দায়িত্ব পালন করতে ব্যর্থ হন তরুণ ব্যাটসম্যান। অধিনায়ক শ্রেয়স আইয়ার এবং উইকেটরক্ষক ঋষভ পন্থ যথাক্রমে ২৫ এবং ২১ রান করলেও অনেক বল নষ্ট করেন। ২ এবং ১১ রান করে আউট হন যথাক্রমে মার্কাস স্টইনিস ও শিমরোন হেটমায়ার।
নির্ধারত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে টেনেটুনে ১১০ রান তুলতে সক্ষম হন শ্রেয়স আইয়াররা। জসপ্রীত বুমরাহ ও ট্রেন্ট বোল্টের দুর্ধর্ষ যুগলন্দিতে ছারখার হয়ে যায় দিল্লির সব পরিকল্পনা। আইপিএলে নিজেদের ২০০তম ম্যাচে দাপট অব্যাহত রাখে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ৩ উইকেট নেন দুর্দান্ত ছন্দে থাকা জসপ্রীত বুমরাহ। ৩ উইকেট নেন ট্রেন্ট বোল্টও। একটি করে উইকেট নেন রাহুল চাহার ও নাথান কুল্টার-নাইল। দিল্লি ক্যাপিটাসের দেওয়া ১১১ রানের লক্ষ্যে ১ উইকেট হারিয়ে পৌঁছে যায় মুম্বই ইন্ডিয়ান্স। জয়ী দলের হয়ে ৪৭ বলে ৭২ রানের দাপুটে ইনিংস খেলেন ইশান কিষাণ। ২৮ বলে ২৬ রান করেন সূর্যকুমার যাদব।












Click it and Unblock the Notifications