রানের পাহাড় তাড়া করে ওয়াংখেড়ের মাঠে মুম্বই বধ দিল্লির
মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৭ উইকেটে জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস।
মুম্বইয়ের বিরুদ্ধে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস ম্যাচে শেষ বলে ৭ উইকেটে জয় পেল দিল্লি ডেয়ারডেভিলস। আইপিএলের এবারের সংষ্করণে নিজেদের তৃতীয় ম্যাচে প্রথম জয় তুলে নিল গৌতম গম্ভীরের দিল্লি। জেসন রয়ের অনবদ্য ব্যাটসম্যানশিপে ভর করে ওয়াংখেড়ের মাঠে ২০-তম ওভারের শেষ বলে মুম্বই বধ করল দিল্লি ডেয়ারডেভিলস।

জেসন রয় ৫৩ বলে ৯১ রানে অপরাজিত থাকেন। শেষ ওভারে প্রয়োজন ছিল ১১ রানের। বোলার ছিলেন মুস্তাফিজুর রহমান। প্রথম দুই বলে ছয় ও চার মেরে দেন রয়। তবে তার পরের তিন বলে কোনও রান হয়নি। শেষ বলে ১ রান করতে হতো। রয় কভারের উপর দিয়ে বল তুলে এক রান নিয়ে দলকে অনবদ্য জয় এনে দেন।
এদিন জেসন রয় ছাড়াও ঋষভ পন্থ ২৫ বলে ৪৭, গ্লেন ম্যাক্সওয়েল ৬ বলে ১৩ রান, শ্রেয়স আইয়ার ২০ বলে ২৭ রান করেন। শ্রেয়স আইয়ারের সঙ্গে চতুর্থ উইকেটে জুটিতে ৬০ রান তোলেন রয়। মুম্বইয়ের বোলারদের মধ্যে একমাত্র ক্রুণাল পান্ডিয়া ৩ ওভারে ২১ রান দিয়ে ২ উইকেট নেন।
ওয়াংখেড়েতে দিল্লি ডেয়ারডেভিলস অধিনায়ক গৌতম গম্ভীর টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মার মুম্বই প্রথম বল থেকেই আক্রমণাত্মক মেজাজে শুরু করে। দুই ওপেনার সূর্যকুমার যাদব ও এভিন লিউয়িস প্রথম পাঁচ ওভারে ৬৫ রান তুলে ফেলে। ৮.৩ ওভারে বিনা উইকেটে ১০০ রান তুলে ফেলে মুম্বই।
ওপেন করতে নেমে সূর্যকুমার যাদব ৩২ বলে ৫৩ ও লিউয়িস ২৮ বলে ৪৮ রান করেন। তিন নম্বরে নাম ইশান কিষাণও কিছু কম ছিলেন না। ধুন্ধুমার ব্যাটিং করে তিনি ২৩ বলে ৪৪ রান করে ড্যান ক্রিশ্চিয়ানের বলে বোল্ড হয়ে ফেরেন।
তার পরের বলেই ড্যান বোল্ড করেন কায়রন পোলার্ডকে। এরপরে মুম্বইয়ের রান তোলার গতি থমকে যায়। ওভার প্রতি ১০ রানের বেশি থাকলেও দিল্লি কিছুটা খেলায় ফেরে। ১৮ ওভার শেষে মুম্বই ছিল ৫ উইকেটে ১৮৩ রান। শেষ অবধি ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে মুম্বই।
দিল্লির হয়ে ড্যান ক্রিশ্চিয়ান ও রাহুল তেওটিয়া ও ট্রেন্ট বোল্ট ২টি করে উইকেট নেন। একটি উইকেট পান মহম্মদ শামি। জবাবে রান তাড়া করতে নেমে শেষ বলে রুদ্ধশ্বাস জয় তুলে নিল দিল্লি।












Click it and Unblock the Notifications