চেন্নাইকে হারিয়ে ঘরের মাঠে বড় জয় পেল দিল্লি
শুরুটা ভালো না হলেও অনবদ্য বোলিং করে চেন্নাই সুপার কিংসকে ৩৪ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস।
শুরুটা ভালো না হলেও অনবদ্য বোলিং করে চেন্নাই সুপার কিংসকে ৩৪ রানে হারাল দিল্লি ডেয়ারডেভিলস। শুরুতে ব্যাট করে ৫ উইকেটে ১৬২ রান তুলেছিল দিল্লি। জবাবে চেন্নাই থামল ৬ উইকেটে ১২৮ রানে। ম্যাচ হারল ৩৪ রানে। এদিন জিতে দিল্লি ১৩ ম্যাচে ৮ পয়েন্ট পেল। চেন্নাই ১৩ ম্যাচে ১৬ পয়েন্টে দাঁড়িয়ে রইল। আর একটি ম্যাচ বাকী থাকল মহেন্দ্র সিং ধোনির দলের।

চেন্নাইয়ের হয়ে অম্বাতি রায়াডু একমাত্র রুখে দাঁড়ান। ২৯ বলে ৫০ রান করেন। শেষদিকে রবীন্দ্র জাদেজা অপরাজিত ২৭ রান করেন। এছাড়া আর কেউ উল্লেখযোগ্য রান করতে পারেননি।
দিল্লির হয়ে নেপালের স্পিনার সন্দীপ লামিছানে ৪ ওভারে ২১ রানে ১ উইকেট পান। এছাড়া অমিত মিশ্র ২০ রানে ২ উইকেট, হর্ষল প্যাটেল ২৩ রানে ১ উইকেট ও ট্রেন্ট বোল্ট রানে ২ উইকেট নেন।
দিল্লির ইনিংসের সময় টসে হেরে ব্যাট করতে নেমে শ্রেয়স আইয়ারের দলের শুরুটা ভালো হয়নি। পৃথ্বী শ ১৭ ও শ্রেয়স আইয়ার ১৯ রান করে ফেরেন। তিন নম্বরে নামা ঋষভ পন্থ শুরুটা ভালো করলেও এদিন বড় রান না পেলে ৩৮ রানে ফেরেন।
মিডল অর্ডারের আর কোনও ব্যাটসম্যান নিজেদের মেলে ধরতে পারেননি। গ্লেন ম্যাক্সওয়েল ৫, অভিষেক শর্মা ২ রানে ফেরেন। শেষদিকে বিজয় শঙ্কর ৩৬ ও হর্ষল প্যাটেল ৩৬ রান করেন।
চেন্নাইয়ের হয়ে ৩ ওভারে ১৪ রান দিয়ে ২ উইকেট নেন লুঙ্গি এনগিডি। রবীন্দ্র জাদেজা ৪ ওভারে ১৯ রানে ১ উইকেট নেন। এছাড়া শার্দুল ঠাকুর ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নেন।
এদিন জিতে ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এবারের আইপিএলে শেষ ম্যাচ খেলতে নামবে দিল্লি। এবারের মরশুমের মাঝে অধিনায়ক গম্ভীরের জায়গায় শ্রেয়স আইয়ারকে অধিনায়ক বাছা হয়। ৬ ম্যাচে একটি জিতেছিলেন গম্ভীর। পরের ৭ ম্যাচে ৩টি জয় পেয়েছেন আইয়ার। শেষ ম্যাচে জিতে আইপিএল শেষ করতে পারেন কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications