ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ বন্ধই, বহুদলীয় ইভেন্ট নিয়ে নীতি স্পষ্ট করল ক্রীড়া মন্ত্রক

ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধই থাকছে। তবে আন্তর্জাতিক, বহুদলীয় ইভেন্ট নিয়ে এবার নীতি স্পষ্ট করে দিল দেশের ক্রীড়া মন্ত্রক। বিশেষ করে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর ভারতের এশিয়া কাপ খেলা উচিত নয় বলে যখনই অনেকেই মত পোষণ করছিলেন, সেই আবহে।

-

ভারত ২০৩৬ সালে অলিম্পিক্স আয়োজন করতে চাইছে। তার আগে কমনওয়েলথ গেমসও। এই পরিস্থিতিতে ভারত সরাসরি পাকিস্তানকে বয়কট করলে তা ওই ইভেন্টগুলি আয়োজনের জন্য ভারতের দাবিকে দুর্বল করে দিত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। সেই কারণেই ভারত যে হিসেব কষে এগিয়ে যেতে চাইছে সেটাই স্পষ্ট দেশের ক্রীড়া মন্ত্রকের তরফে প্রকাশিত নীতিতে।

দেশের ক্রীড়া মন্ত্রক এক বিবৃতিতে সাফ জানিয়ে দিল, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ যেমন বন্ধ আছে, তেমনই বন্ধ থাকছে। ভারত পাকিস্তানে গিয়ে এমন কোনও প্রতিযোগিতায় অংশ নেবে না। পাকিস্তানের দলকেও এ দেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেবে না।

আন্তর্জাতিক, বহুদলীয় ইভেন্টগুলির ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলির নিয়ম মেনে চলবে ভারত। সেই সঙ্গে ভারতীয় ক্রীড়াবিদদের স্বার্থের কথা ভেবেই সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সঙ্গে বিভিন্ন আন্তর্জাতিক স্পোর্টস ইভেন্ট আয়োজনের ক্ষেত্রে ভারত যে আরও বেশি বিশ্বাস ও ভরসাযোগ্য হয়ে ক্রমোন্নতি ঘটাচ্ছে বিশ্বের ক্রীড়া মানচিত্রে সেই বিষয়েরও উল্লেখ রয়েছে বিবৃতিতে।

বিবৃতিতে বলা হচ্ছে, আন্তর্জাতিক কোনও ইভেন্টে পাকিস্তান বা পাকিস্তানের ক্রীড়াবিদ থাকলে তাতে ভারতীয় দল বা ভারতের প্লেয়ারের অংশগ্রহণে কোনও বাধা নেই। একইভাবে ভারত কোনও বহুদলীয় ইভেন্ট আয়োজন করলে তাতে পাকিস্তান দল বা পাকিস্তানের প্লেয়াররা অংশ নিতে পারবেন।

ভারত যাতে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনে জোরালো দাবি জানাতে পারে সেজন্য ক্রীড়াবিদ, টিম অফিসিয়াল, টেকনিক্যাল স্টাফ এবং আন্তর্জাতিক স্পোর্টস গভর্নিং বডির অফিস বেয়ারারদের ভিসা প্রক্রিয়ার সরলীকরণ করা হবে। আন্তর্জাতিক স্পোর্টস গভর্নিং বডির অফিস বেয়ারারদের কার্যকালের মেয়াদের বিষয় মাথায় রেখে (সর্বাধিক পাঁচ বছরের) তাঁদের জন্য মাল্টি-এন্ট্রি ভিসার অনুমোদন দেওয়া হবে। যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে তাঁরা এ দেশে বিভিন্ন জায়গায় মসৃণভাবে যাতায়াত করতে পারেন। আন্তর্জাতিক স্পোর্টস গভর্নিং বডির প্রধানদের জন্য প্রোটোকল ও সৌজন্য মেনে যে ধরনের বন্দোবস্ত থাকে, তা জারি থাকবে বলেও জানিয়েছে ক্রীড়া মন্ত্রক।

উল্লেখ্য, ভারতে এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। ভারত ক্রিকেট এশিয়া কাপের আয়োজক। পাকিস্তান খেলবে বলে এশিয়া কাপ নিরপেক্ষ দেশ সংযুক্ত আরব আমিরশাহীতে হচ্ছে। আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের টুর্নামেন্টগুলির ক্ষেত্রে আপাতত ভারত যেমন পাকিস্তান আয়োজক হলে সে দেশে যাবে না, তেমনই ভারত আয়োজক হলে পাকিস্তানও এ দেশে আসবে না। খেলাগুলি হবে নিরপেক্ষ দেশে। তবে বিদেশে কোনও আন্তর্জাতিক, বহুদলীয় ইভেন্ট খেলার ক্ষেত্রে ভারতের যে পাকিস্তানের মুখোমুখি হতে সমস্যা নেই, সেটা স্পষ্ট করে দিল ক্রীড়া মন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+