Indian Cricket Team: রিঙ্কু থেকে ঋতুরাজ, টিম ইন্ডিয়ায় কেন ব্রাত্য আইপিএল তারকারা?
নির্বাচক কমিটির প্রধান হয়ে বুধবারই প্রথম ঘোষণা করলেন অজিত আগরকর। ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট এবং একদিনের দল আগেই ঘোষণা করা হয়েছিল। বুধবার টি টোয়েন্টি সিরিজের জন্য দল বেছে নিলেন অজিত আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।
তরুণদের নিয়ে গড়া টি-২০ দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। অথচ এক ওভারে পাঁচ ছক্কার নায়ক, আইপিএলের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং উপেক্ষিত থেকে গেলেন। শুধু রিঙ্কু সিং নয়, আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করা আরও বেশ কয়েকজন ক্রিকেটার ক্যারিবিয়ান সফরে টি টোয়েন্টি দল সুযোগ পাননি।

২০২৩ সালের আইপিএলে ১৬ ম্যাচে ৫৯০ রান করেছেন ঋতুরাজ গাইকোয়াড। টেস্ট এবং একদিনের দলে জায়গা পেলেও টি টোয়েন্টির দলে ব্রাত্যই থাকতে হয়েছে সিএসকের এই ব্যাটসম্যানকে। এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে ৯টি ম্যাচ খেলেছেন ঋতুরাজ, করেছেন ১৩৫ রান। বিকল্প ওপেনার হিসাবে দলে থাকতেই পারতেন দক্ষিণী এই ব্যাটসম্যান।
দল হিসাবে ২০২৩ সালের আইপিএলে পাঞ্জাব কিংস ব্যর্থ হলেও নজর কাড়া পারফরম্যান্স করেন জিতেশ শর্মা। তাঁর আক্রমণাত্বক ব্যাটিং অনেকেরই মন জিতেছিল। এরআগে শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে থাকলেও একটা ম্যাচ খেলার সুযোগ পাননি জিতেশ। আশা করা হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে জায়গা পাবেন জিতেশ। কিন্তু নির্বাচকদের খাতায় নাম তুলতে ব্যর্থ তিনি।
তারুণ্যের টি টোয়েন্টিতে এবার বল হাতে নজর কাড়েন মোহিত শর্মা। গুজরাতের হয়ে আইপিএলে ২৭টি উইকেট নেন মোহিত। কিন্তু ক্যারিবিয়ান সফরের টি টোয়েন্টি দলে তাঁর নাম বিবেচিত হল না। এরআগে ভারতীয় দলের হয়ে ৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেন মোহিত।

কেকেআরের হয়ে বিগত কয়েক বছর ধরেই আইপিএলে ভালো পারফরম্যান্স করছেন বরুণ চক্রবর্তী। তাঁর রহস্য স্পিনের জালে বন্দি করেছেন একাধিক তারকা ব্যাটসম্যানকে। ২০২৩ সালের আইপিএলে তাঁর নামের পাশে ১৪ উইকেট। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্রাত্য থাকলেও বরুণও।
মিডল ওর্ডারে ভালো ব্যাটিং করে আইপিএলে নজর কাড়েন শিবম দুবে। আইপিএল চ্যাম্পিয়ন সিএসকের মিডল ওর্ডারে ব্যাটিংয়ের অন্যতম ভরসা ছিলেন দুবে। এমনকি মিডিয়াম পেস বোলিংও করতে পারেন তিনি। ভারতীয় দলের হয়ে ১৩টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। সদ্য সমাপ্ত আইপিএলে ৪১৮ রান করেছেন। কিন্তু আপাতত তাঁর জন্যও বন্ধ থাকল জাতীয় দলের দরজা।
বিরাট কোহলি ২০২২ সালের নভেম্বর মাস থেকেই টি টোয়েন্টির দলে নেই, ব্যতিক্রম হল না ওয়েস্ট ইন্ডিজ সফরে। তহালে কী ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাট থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছেন কোহলি? কিন্তু আইপিএলের মঞ্চে যথেষ্টই উজ্জ্বল তাঁর পারফরম্যান্স।

২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিং। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। আইপিএলের ফিনিশার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্রাত্য রিঙ্কু।
এখন উঠছে প্রশ্ন, কেন জাতীয় দলে জায়গা পেলেন আইপিএলে পারফরম্যান্স করা ক্রিকেটাররা।তাহলে কী শুধু আইপিএল নয়, ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সও সমান গুরুত্বপূর্ণ জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে। নির্বাচক কমিটি কী আরও একবার সেই ইঙ্গিত দিল।












Click it and Unblock the Notifications