ইংল্যান্ডের বিরুদ্ধে ODI সিরিজে টস জেতার হ্যাটট্রিক রোহিতের, ভারত রান তাড়া করবে, নেই বুমরাহ
ভারত-ইংল্যান্ড একদিনের সিরিজ কার দখলে যাবে তা ঠিক হয়ে যাবে আজ ম্যানচেস্টারের মহারণেই। সিরিজ নির্ণায়ক তৃতীয় একদিনের আন্তর্জাতিকে টস জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত। আজ জিতলে ভারত একদিনের সিরিজ যেমন জিতবে, তেমনই ইংল্যান্ড সফরে তিন ফরম্যাটের সিরিজেই অপরাজেয় থাকতে পারবে মেন ইন ব্লু। চলতি একদিনের সিরিজে রোহিত টানা তিনটি ম্যাচেই টস জিতলেন।
|
তিন সিরিজে অপরাজেয় থাকার হাতছানি
অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা সফরের পরিসংখ্যান ধরলে মাল্টি-ফরম্যাট ট্যুর অর্থাৎ দুটি বা তার বেশি সংখ্যক ফরম্যাটের সিরিজে না হেরে ভারত দেশে ফিরেছিল শেষবার ভারত ২০১৮-১৯ মরশুমে। ১৯৮৬ সালের ইংল্যান্ড সফরে ভারত একদিনের আন্তর্জাতিক সিরিজ ১-১ ড্র রাখার পর ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ফিরেছিল। আজ ভারত যদি জিতে যায় তাহলে ইংল্যান্ডে মাল্টি-ফরম্যাট ট্যুরে কোনও সিরিজে না হেরে দেশে ফেরার নজির গড়তে পারবে রোহিত শর্মার দল। টেস্ট সিরিজ ২-২ ড্র রাখার পর মেন ইন ব্লু ইতিমধ্যেই ২-১ ব্যবধানে টি ২০ সিরিজ জিতেছে। আজও ২-১ ব্যবধানেই একদিনের আন্তর্জাতিক সিরিজ জয়ের হাতছানি রয়েছে।
|
পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড
ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত ১১টি ম্যাচ খেলেছে, জিতেছে পাঁচটিতে, হার ৬টিতে। ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি একদিনের আন্তর্জাতিকে পরাজয় তিনটিতে। ১৯৮৩ সালের বিশ্বকাপের সেমিফাইনালেই একমাত্র ভারত ম্যানচেস্টারে ইংল্যান্ডকে হারিয়েছিল। শেষবার এখানে ভারত খেলেছে ২০১৯ সালের বিশ্বকাপে। সেমিফাইনালে পরাস্ত হয়েছিল নিউজিল্যান্ডের কাছে। ফলে পরিসংখ্যান কিছুটা স্বস্তিতে রাখবে ইংল্যান্ডকে। সাদা বলের সিরিজে দেশের পাকাপাকি অধিনায়ক হওয়ার পর জস বাটলারকে টি ২০ সিরিজে হারতে হয়েছে ভারতের কাছে। এবার একদিনের সিরিজ জিততে স্বাভাবিকভাবেই তাঁর দল মরিয়া থাকবে। ভারতীয় দলের নজর থাকবে বিরাট কোহলির দিকে। বিরাট আজকের ম্যাচ খেলার পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে এক মাসেরও বেশি দূরে থাকবেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছেন না, তার আগে আজ ফর্মে ফিরতে মরিয়া থাকবেন কিং কোহলি।
|
নজরে পিচ
ওল্ড ট্রাফোর্ডের পিচ ইংল্যান্ডের সবচেয়ে বেশি স্পিন সহায়ক। এখন স্বাভাবিকের তুলনায় অনেক বেশি গরম রয়েছে। ফলে পরিবেশ ও পরিস্থিতি ভারতের পক্ষে সহায়ক হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কিউরেটরের দাবি, পিচ শক্ত, বল ভালো ক্যারি করবে। পিচে যাতে ফাটল না ধরে সেজন্যই ঘাসের আস্তরণ রাখা হয়েছে। ওল্ড ট্রাফোর্ডে শেষ ৯টি একদিনের আন্তর্জাতিকে প্রথমে ব্যাট করা দল ৬ বার ২৯০-এর বেশি রান করেছে। প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে ৮টিতেই।
|
রান তাড়া ভারতের
রোহিত শর্মা অবশ্য টস জিতে রান তাড়া করারই সিদ্ধান্ত নিয়েছেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার অবশ্য জানিয়েছেন, তাঁর প্রথমে ব্যাট করারই পরিকল্পনা ছিল। রোহিতের কথায়, উইকেট ভালো, শক্তও রয়েছে। ১০০ ওভারের মধ্যে এই উইকেটে চরিত্রগত বদল আসবে না। রান তাড়া করাই সুবিধাজনক। আমরা আগের ম্যাচে ভালো খেলতে পারিনি, কিন্তু আশা করি সেই ম্যাচের শিক্ষা আমাদের ঘুরে দাঁড়ানোর পক্ষে সহায়ক হবে। বোলাররা ভালো ছন্দে রয়েছেন। ফলে ইংল্যান্ডকে যতটা সম্ভব কম রানে বেঁধে ফেলাই লক্ষ্য ভারতের। ইংল্যান্ড দল অপরিবর্তিত। চোটের কারণে ভারত পাচ্ছেন না জসপ্রীত বুমরাহকে। তাঁক পিঠে চোট, রোহিত যাকে ব্যাক স্প্যাজম বলে জানিয়েছেন। তাঁর জায়গায় দলে এসেছেন মহম্মদ সিরাজ।
ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল, প্রসিদ্ধ কৃষ্ণ
ইংল্যান্ড- জেসন রয়, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক ও উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, মঈন আলি, ডেভিড উইলি, ক্রেগ ওভার্টন, ব্রাইডন কার্স, রিস টপলি












Click it and Unblock the Notifications