জাদেজা, অশ্বিনদের স্পিনের দাপটে প্রথম টেস্টে ১০৮ রানে জয়ী ভারত
মোহালি, ৭ নভেম্বর : চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলির চওড়া ব্যাটের ভরসায় তৃতীয় দিনের প্রথমে বেশ ভালোই শুরু করেছিল ভারত। তবে সেই সুখ বেশিক্ষণ স্থায়ী হল না। মাত্র ২৯ রানে ফিরলেন কোহলি। তার মাত্র কয়েক রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরে যান পূজারাও (৭৭)।
এরপরে আর কোনও ব্যাটসম্যান প্রোটিয়া বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। একমাত্র ব্যতিক্রম বাংলার ঋদ্ধিমান সাহা। যখন মনে হচ্ছিল মাত্র ২০০ রানের টার্গেটও দিতে পারবে না ভারত, তখন টেলএন্ডার সঙ্গে নিয়ে গুরুত্বপূর্ণ রান যোগ করেন তিনি। সাহা মাত্র ২০ রান করলেও ম্যাচ জেতায় সেটা গুরুত্বপূর্ণ অ্যাডভান্টেজ দিল কোহলিদের।

প্রথম ইনিংসে অখ্যাত ডিন এলগারের স্পিনে বিধ্বস্ত হওয়ার পরে দ্বিতীয় ইনিংসে আর এক অচেনা মুখ সাইমন হারমারের (৬১/৪) স্পিনে ধরাশায়ী হল ভারত। তাঁকে যোগ্য সঙ্গত দেন ইমরান তাহির (৪৮/৪)।
২১৮ রানের টার্গেটকে সামনে রেখে ব্যাট করতে নেমে রবীন্দ্র জাদেজা (১৭/৫) ও রবিচন্দ্রণ অশ্বিনের (৩৯/৩) স্পিনের জাদুতে কালগাম ছুটে গেল প্রোটিয়াদের। স্যার জাদেজার বল বুঝতে না পেরে বোল্ড হলেন হাশিম আমলা (০)। ফাফ দু প্লেসিকে (১) ফেরালেন অশ্বিন। অন্যদিকে পাল্টা হামলা করার আগেই এবি ডেভেলিয়ার্স বোল্ড হলেন অমিত মিশ্রর (২৬/১) বলে।
ফলে সবমিলিয়ে মাত্র ১০৯ রানে শেষ প্রোটিয়াদের ইনিংস। ভারতও জিতল ১০৮ রানে। একইসঙ্গে অধিনায়ক হিসাবে ঘরের মাঠে প্রথম টেস্ট জয়ের স্বাদ পেলেন বিরাট কোহলি। আর স্যার জাদেজা হলেন 'ম্যান অব দ্য ম্যাচ'।












Click it and Unblock the Notifications