শামির দাপুটে বোলিং, কোহলির শতরানে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, পড়ুন ম্যাচ রিপোর্ট
মহম্মদ শামির দাপুটে বোলিং ও অধিনায়ক কোহলির শতরানে ভর করে একদিনের সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেল ভারত।
চোট কাটিয়ে দীর্ঘদিন পর ভারতীয় দলে ফেরত আসা বাংলার ফাস্ট বোলার মহম্মদ শামিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ দেননি বিরাট কোহলি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ দিতেই বল হাতে ক্যারিবিয়ান মাটিতে নিজের জাত চেনালেন মহম্মদ শামি। পঞ্চম তথা শেষ একদিনের ম্যাচে বল হাতে একাই তুলে নিলেন ৪টি উইকেট। তাঁর দাপুটে বোলিং ও অধিনায়ক কোহলির শতরানে ভর করে একদিনের সিরিজে ৩-১ ব্যবধানে জয় পেল ভারত।
জামাইকার সাবাইনা পার্ক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে জেসন হোল্ডারের দল। তবে মহম্মদ শামি ও উমেশ যাদবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে দাঁড়াতে পারেনি এলভিন লিউয়িস, কাইল হোপ, রস্টন চেসের দল। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেন শাই হোপ। এছাড়া অধিনায়ক জেসন হোল্ডার ৩৬ ও রভম্যান পাওয়েল ৩১ রান করেন।

এছাড়া আর কেউই শামি-যাদবের বোলিংয়ের সামনে টিঁকেত পারেনি। সবমিলিয়ে ৯ উইকেট হারিয়ে নির্ধারিত ৫০ ওভারে ২০৫ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। শামি ৪টি ও উমেশ যাদব৩টি উইকেট নেন। এছাড়া হার্দিক পাণ্ড্য ১টি ও কেদার যাদব ১টি উইকেট নেন।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। ধাওয়ান ৪ রান করে আলজারি জোসেফের বলে ক্যাচ আউট হয়ে ফেরেন। তবে দ্বিতীয় উইকেটে খেলা ধরে নেন অজিঙ্ক রাহানে ও অধিনায়ক কোহলি। রাহানে ৩৯ রান করে ফেরার পরে দীনেশ কার্তিককে নিয়ে ইনিংস টানতে থাকেন কোহলি।
শেষপর্যন্ত মাত্র ৩৬.৫ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে ফেলে ভারত। কোহলি ১১১ রানের অনবদ্য শতরান করে অপরাজিত থাকেন। কার্তিকও ৫০ রান করে অপরাজিত থাকেন। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের একদিনের সিরিজ ৩-১ ব্যবধানে জিতে নিল ভারত।












Click it and Unblock the Notifications