রোহিতের ভারত খেল বড় ধাক্কা! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন তারকা ব্যাটার
ভারত কাল হায়দরাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামছে। তার আগে বড় ধাক্কা খেল রোহিত শর্মার দল। পিঠের চোটের কারণে ওডিআই সিরিজ থেকেই ছিটকে গেলেন তারকা ব্যাটার। এমনিতেই সূর্যকুমার যাদব, ঈশান কিষাণদের দুরন্ত ফর্ম চাপ বাড়াচ্ছিল এই তারকার উপর। এই আবহে তিনি ছিটকেই গেলেন।

ছিটকে গেলেন শ্রেয়স, দলে রজত
বিসিসিআইয়ের তরফে আজ জানানো হয়েছে, শ্রেয়স আইয়ার নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলতে পারবেন না। পিঠের চোটই যার কারণ। তাঁর চোট কতটা গুরুতর তার পর্যালোচনা হবে ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে। সেইমতোই তাঁর রিহ্যাব চলবে। রজত পাটীদারকে ডাকা হয়েছে শ্রেয়সের পরিবর্ত হিসেবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে রজত পাটীদার বেশ কিছু স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন। গত আইপিএলে শতরানও করেন। এবারের রঞ্জিতেও পাটীদার বিদর্ভের বিরুদ্ধে শতরান করেছেন।

নজর রাখবে কেকেআর
শ্রীলঙ্কা সিরিজের দলে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণকে নেওয়া হয়েছিল। কিন্তু শ্রেয়স আইয়ারের উপরেই আস্থা রাখে টিম ম্যানেজমেন্ট। সূর্যকুমার যাদব প্রথম দুটি ম্যাচে বাইরেই ছিলেন। তৃতীয় ম্যাচে হার্দিক পাণ্ডিয়াকে খেলায়নি ভারত, সূর্য প্রথম একাদশে আসেন। শ্রেয়স আইয়ার নভেম্বরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলেন। অকল্যান্ডে ৭৬ বলে ৮০ রানের ইনিংস খেলেনষ হ্যামিলটনে বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে গিয়েছিল, বৃষ্টির আগে ভারতের হয়ে অবশ্য শ্রেয়স সেই ম্যাচে নামেননি। ক্রাইস্টচার্চে শেষ ম্যাচে করেছিলেন ৫৯ বলে ৪৯। শ্রেয়সের চোটের দিকে নজর রাখবে কলকাতা নাইট রাইডার্সও। কেন না, আইপিএলে শ্রেয়স কেকেআরের অধিনায়ক।

একনজরে ওডিআই কেরিয়ার
বাংলাদেশ সফরে শ্রেয়সের রান ছিল যথাক্রমে ৩৯ বলে ২৪, ১০২ বলে ৮২ ও ৬ বলে ৩। শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রেয়স গুয়াহাটিতে করেন ২৪ বলে ২৮, কলকাতায় করেন ৩৩ বলে ২৮ এবং তিরুবনন্তপুরমে ৩২ বলে ৩৮। ৪২টি একদিনের আন্তর্জাতিকে ৩৮ ইনিংসে শ্রেয়স তিনবার অপরাজিত থেকে ১৬৩১ রান করেছেন। সর্বাধিক অপরাজিত ১১৩। গড় ৪৬.৪০, স্ট্রাইক রেট ৯৬.৫০। ২টি শতরান ও ১৪টি অর্ধশতরান রয়েছে। শ্রেয়স ২০২০ সালে হ্যামিলটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১০৭ বলে ১০৩ রান করেছিলেন। অপর শতরানটি এসেছিল গত অক্টোবরে রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

ভারতীয় দল
নিউজিল্যান্ড সিরিজে খেলছেন না লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। রাহুলের পরিবর্তে ঈশান কিষাণের খেলা নিশ্চিত। শ্রেয়স না থাকায় সূর্যকুমার যাদব নিশ্চিতভাবেই থাকবেন প্রথম একাদশে। একনজরে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ড সিরিজের ভারতীয় দল- রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, ঈশান কিষাণ (উইকেটকিপার),বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রীকার ভরত (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ অধিনায়ক), রজত পাটীদার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক।












Click it and Unblock the Notifications