লোকেশ রাহুলের ভারত শুরু করছে দক্ষিণ আফ্রিকা সিরিজের মহড়া, কোন পাঁচ দ্বৈরথে থাকবে নজর?
বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা পাঁচ ম্যাচের টি২০ সিরিজ। প্রথম ম্যাচটি হবে দিল্লিতে। তাতে জিতলেই বিশ্বরেকর্ড গড়বে ভারত। আপাতত টানা ১২টি করে টি ২০ আন্তর্জাতিক জেতার নজির রয়েছে ভারত, আফগানিস্তান ও রোমানিয়ার দখলে। ফলে আর একটি ম্যাচ জিতলেই মেন ইন ব্লু এককভাবে গড়বে নয়া বিশ্বরেকর্ড। দিল্লিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে দুই দল। ভারত আজ সন্ধ্যায় অনুশীলন শুরু করবে। এই সিরিজে পাঁচটি দ্বৈরথ ক্রিকেটপ্রেমীদের আকৃষ্ট করবে বলেই মনে করা হচ্ছে।

লোকেশ রাহুল বনাম কাগিসো রাবাডা
লোকেশ রাহুল ভারতের হয়ে ওপেন করবেন। নতুন বলে শুরু করবেন কাগিসো রাবাডা। লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক রাহুল এবারের আইপিএলে ৫১.৩৩ গড় ও ১৩৫.৩৮ স্ট্রাইক রেটে ৬১৬ রান করেছেন। অন্যদিকে, রাবাডা পাঞ্জাব কিংসের হয়ে ১৩ ম্যাচে ২৩টি উইকেট দখল করেছেন। ইকনমি রেট ৮.৪৬। রাহুল যেমন ক্রিজে থিতু হয়ে বড় ইনিংস খেলতে দক্ষ, তেমনই বোলিং বৈচিত্র্যে অধিনায়ক বিপজ্জনক তেম্বা বাভুমার বড় অস্ত্র রাবাডা। আইপিএলে রাহুলকে দ্রুত সাজঘরেও ফিরিয়েছিলেন তিনি। ফলে তাঁদের দ্বৈরথ উপভোগ্য হবে নিশ্চিতভাবেই।

ঋষভ পন্থ বনাম আনরিখ নরকিয়া
আইপিএলে দিল্লি ক্যাপিটালসে ঋষভ পন্থের নেতৃত্বে খেলেছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া। পন্থ এবারের আইপিএলে ৩০.৯১ গড় ও ১৫১.৭৯ স্ট্রাইক রেট রেখে ৩৪০ রান করেছেন। তবে আসন্ন সিরিজে পন্থকে শান্ত রাখতে আনরিখ নরকিয়া কোন কৌশল নেন সেটা দেখার। চোট সারিয়ে মাঠে ফিরতে দেরি হওয়ায় দিল্লি ক্যাপিটালসের প্রথম দিকের বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারেননি নরকিয়া। তবে ৬টি ম্যাচ খেলে ৯টি উইকেট দখল করেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার। এবার আইপিএল অধিনায়ককে আগ্রাসী ব্যাটিং থেকে বিরত রাখার চ্যালেঞ্জ নরকিয়ার কাছে।

কুইন্টন ডি কক বনাম ভুবনেশ্বর কুমার
লখনউ সুপার জায়ান্টসে লোকেশ রাহুলের ওপেনিং পার্টনার কুইন্টন ডি ককের দিকে সাফল্যের জন্য তাকিয়ে থাকবে দক্ষিণ আফ্রিকা। ডি কক এবারের আইপিএলে ৩৬.২৯ গড় ও ১৪৮.৯৭ স্ট্রাইক রেটে ৫০৮ রান করেন ডি কক। অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার আবার ব্রেক থ্রুর জন্য রাহুলের বড় ভরসা। ১২ ম্যাচে ১৪টি উইকেট এবারের আইপিএলে পেয়েছেন ভুবি। প্রথম দিকে ভুবনেশ্বর কুমার বল দু-দিকে স্যুইং করিয়ে বিব্রত করতে পারেন ডি কককে। ডেথ ওভারেও ভুবনেশ্বর খুব কার্যকরী। আইপিএলের ফর্ম যাতে ডি কক ধরে না রাখতে পারেন তা নিশ্চিত করতে শুরুতেই ডি কককে ফিরিয়ে ধাক্কা দিতে পারেন ভুবনেশ্বর কুমার। টি ২০ বিশ্বকাপের দলে জায়গা পেতে এই সিরিজে নজর কাড়তে চাইবেন তিনি।
|
তেম্বা বাভুমা বনাম যুজবেন্দ্র চাহাল
দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা ইতিমধ্যেই কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহালের বিখ্যাত কুল-চা জুটিকে সামলাতে সতর্ক। সঙ্গে আবার রয়েছেন অক্ষর প্যাটেলও। অক্ষর ও চাহাল দিল্লি ম্যাচে একাদশে থাকতে পারেন। যুজবেন্দ্র চাহাল এবারের আইপিএলে বেগুনি টুপি পেয়েছেন। ১৭ ম্যাচে তিনি ২৭টি উইকেট নিয়েছেন। ইকনমি রেট ৭.৭৫। ফলে চাহালকে সামলাতে বাভুমা কোন রণকৌশল নেন সেটাও দেখার।

ডেভিড মিলার বনাম হর্ষল প্যাটেল
গুজরাট টাইটান্সকে খেতাব জেতানোর অন্যতম কারিগর ডেভিড মিলার। তাঁর ফিনিশিং দক্ষতাকে খর্ব করতে লোকেশ রাহুলের বাজি হতেই পারে মাঝের এবং ডেথ ওভারে হর্ষল প্যাটেলের বোলিং। মিলার ৬৮.৭১ গড় ও ১৪২.৭৩ স্ট্রাইক রেটে এবারের আইপিএলে ৪৮১ রান করেন। মিডল অর্ডারে ব্যাট করায় হর্ষলকে সামলাতেই হবে মিলারকে। হর্ষল ডেথ ওভারে যেমন খুব কার্যকরী ভূমিকা পালন করেন, তেমনই তাঁর আইপিএলে ইকনমি ছিল ৭.৬৬। কিলার মিলারকে হর্ষল কতটা শান্ত রাখতে পারেন সেই দ্বৈরথের দিকেও তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।












Click it and Unblock the Notifications