IND vs NZ: ভারতকে লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন পন্থ, মুম্বই টেস্ট জিততে নিউজিল্যান্ডের চাই ৪ উইকেট
IND vs NZ: মুম্বই টেস্ট জেতার জন্য ভারতের টার্গেট ১৪৭ রানের। যদিও ব্যাটিং বিপর্যয়ের জেরে সেই লক্ষ্যে পৌঁছনোটাই কঠিন হয়ে যায় রোহিত শর্মার দলের কাছে।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও ঝোড়ো অর্ধশতরান করে ভারতের জয়ের আশা জিইয়ে রাখলেন ঋষভ পন্থ। কার্যত একা কুম্ভ রক্ষা করছেন ভারতের উইকেটকিপার-ব্যাটার।

তৃতীয় ওভারের শেষ বলে ভারতের প্রথম উইকেট পড়েছিল ১৩ রানে। ১৬ রানে দ্বিতীয়, ১৮ রানে তৃতীয়, ২৮ রানে চতুর্থ ও ২৯ রানে পঞ্চম উইকেট পড়ে। অর্থাৎ ৪.১ ওভারে মাত্র ১৬ রানের ব্যবধানে ভারতের অর্ধেক ব্যাটিং লাইন আপ সাজঘরে চলে গিয়েছিল।
ভারতের ষষ্ঠ উইকেট পড়ে ১৬ ওভারের শেষ বলে ৭১ রানে। যশস্বী জয়সওয়াল ৫, রোহিত শর্মা ১১, শুভমান গিল ১, বিরাট কোহলি ১, সরফরাজ খান ১, রবীন্দ্র জাদেজা ৬ রান করেন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের স্কোর ২০ ওভারে ৬ উইকেটে ৯২ রান।
৪৮ বলে হাফ সেঞ্চুরি করে ঋষভ পন্থ অপরাজিত রয়েছেন ৫০ বলে ৫৩ রান করে। সাতটি চার ও একটি ছয় মেরেছেন। এজাজ প্যাটেলের বলে বড় শট নিতে গিয়ে কপালজোরে রক্ষা পান ওয়াশিংটন সুন্দর। অনেকটা দৌড়েও ক্যাচ তালুবন্দি করতে পারেননি ডেভন কনওয়ে।
কনওয়ে ওই ক্যাচটি ধরে ফেললে লাঞ্চের আগে অস্বস্তি বাড়ত ভারতের। জেতার জন্য ভারতের দরকার আর ৫৫ রান। নিউজিল্যান্ড ভারতের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ নিশ্চিত করতে ৪ উইকেট দূরে। যদিও পন্থের ব্যাটিংয়েই ম্যাচ ঝুঁকে ভারতের দিকে। তবে যতটা সহজে জয় আসার কথা ছিল তা হলো না ব্যাটিং ব্যর্থতার জেরে।
এজাজ প্যাটেল ১০ ওভারে ৪৩ রান খরচ করে চার উইকেট নিয়েছেন। ম্যাট হেনরি ও গ্লেন ফিলিপস একটি করে উইকেট দখল করেছেন। ওয়াংখেড়ে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় প্রথম পাঁচে ঢুকে পড়লেন এজাজ প্যাটেল। আর একটি উইকেট নিলে তিনি ধরে ফেলবেন হরভজন সিংকে।
ওয়াংখেড়েতে টেস্টে সবচেয়ে বেশি ৪১টি উইকেট রয়েছে রবিচন্দ্রন অশ্বিনের। গতকালই অনিল কুম্বলের ৩৮ উইকেট দখলের কীর্তি টপকান তিনি। কপিল দেব ২৮ ও হরভজন সিং ২৪টি উইকেট নিয়েছেন এই স্টেডিয়ামে খেলা টেস্টে। এজাজ প্যাটেল ২ টেস্টে আপাতত ২৩ উইকেট নিয়েছেন। ভারতের কারসন ঘাউড়ির রয়েছে ২৩ উইকেট। চলতি টেস্টে প্রথম দিনে পড়েছিল ১৪, দ্বিতীয় দিনে ১৫ উইকেট। আজ প্রথম সেশনেই ৭ উইকেট পড়েছে।












Click it and Unblock the Notifications