ভারতের বিরাট দাপটে অস্ট্রেলিয়ার হাতছাড়া ১৯ বছরের বিশ্বরেকর্ড! স্টিভদের কীর্তি টপকালেন রোহিতরা
টি ২০ বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে দুরন্ত জয় ছিনিয়ে অস্ট্রেলিয়ার বিশ্বরেকর্ড ভেঙে দিল রোহিত শর্মার ভারত। তাও আবার ১৯ বছরের পুরানো এক ঈর্ষণীয় নজির। কোনও ক্যালেন্ডার ইয়ারে সর্বাধিক আন্তর্জাতিক ম্যাচ জেতার রেকর্ডটি গড়েছিল স্টিভ ওয়ার নেতৃত্বাধীন অস্ট্রেলিয়ায়। অজি-ভূমেই সেই নজির টপকে নয়া বিশ্বরেকর্ড গড়ল ভারত।

২০০৩ সালে অস্ট্রেলিয়া ৪৭টি আন্তর্জাতিক ম্যাচ খেলে জয়লাভ করেছিল ৩৮টিতে। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে সেই নজির স্পর্শ করে ফেলেছিল মেন ইন ব্লু। গতকাল এমসিজিতে পাকিস্তান ৪ উইকেটে হারতেই বিশ্বরেকর্ডের দখল নিলেন রোহিত শর্মারা। ২০২২ সালে ভারত মোট ৫৬টির মধ্যে ৩৯টি আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। এই সংখ্যা আরও যে বাড়বে তা নিয়ে সংশয় নেই।
ভারতের চলতি বছরের শুরুটা ভালো হয়নি। দক্ষিণ আফ্রিকা সফরে পাঁচটি ম্যাচে পরাস্ত হয়। তবে দেশে ফিরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছিল। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজ জেতে ৩-০ ব্যবধানে, টেস্ট সিরিজে জয় আসে ২-০ ব্যবধানে। আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের পাঁচ ম্যাচের টি ২০ সিরিজের ফল দাঁড়ায় ২-২। শেষ ম্যাচটি ধুয়ে গিয়েছিল বৃষ্টিতে। আয়ারল্যান্ডে গিয়ে ভারত দুটি টি ২০ ম্যাচ জেতে। ইংল্যান্ডে একমাত্র টেস্টে হেরে গেলেও একদিনের আন্তর্জাতিক ও টি ২০ সিরিজ জেতে ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে একদিনের সিরিজ ৩-০ এবং টি ২০ সিরিজ ৪-১ ব্যবধানে জেতে মেন ইন ব্লু। জিম্বাবোয়ে সফরে একদিনের সিরিজে জয় আসে ৩-০ ব্যবধানে। এশিয়া কাপে সুপার ফোরে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় সেমিফাইনালে উঠতে পারেনি ভারত। তবে এরপর অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি ২০ সিরিজ জেতে ২-১-এ। একদিনের সিরিজেও জয়লাভ করে ভারত।
চলতি বছর ভারতকে রোহিত শর্মার পাশাপাশি নেতৃত্ব দিয়েছেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া ও জসপ্রীত বুমরাহ। ২০০৩ সালে অস্ট্রেলিয়া জিতেছিল ৮টি টেস্ট ও ৩০টি একদিনের আন্তর্জাতিক। ভারত চলতি বছরে ২টি টেস্ট, ১৩টি একদিনের আন্তর্জাতিক ও ২৪টি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ জিতেছে। বৃহস্পতিবার ভারত খেলবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। এ ছাড়া দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও জিম্বাবোয়ের বিরুদ্ধেও ভারতের ম্যাচ রয়েছে। গতকাল পাকিস্তানকে হারানোয় ভারত সেমিফাইনালের দিকে পা বাড়িয়েছে। ফলে স্টিভদের রেকর্ড ১৯ বছর পর ভাঙার পর ভারতের রেকর্ড কত বছর অক্ষত থাকে সেটাই দেখার।












Click it and Unblock the Notifications