IND vs SA T20Is: জন্মদিনে কামাল কুলদীপের, জো'বার্গে জিতে সিরিজে সমতা ফেরাল ভারত! ডিআরএসে বিপত্তি, সূর্যর চোট

IND vs SA T20Is: দক্ষিণ আফ্রিকাকে তৃতীয় টি ২০ আন্তর্জাতিকে চূর্ণ করে দিল ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু তারা সূর্যকুমার যাদবের একার রানই তুলতে পারল না।

ভারত প্রোটিয়াদের সামনে জয়ের জন্য ২০২ রানের টার্গেট দিয়েছিল। কুলদীপ যাদব ৫ উইকেট নেওয়ায় দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেল ১৩.৫ ওভারে ৯৫ রানেই।

IND vs SA T20Is: কুলদীপেই কামাল

রান তাড়া করতে নেমে শুরু থেকেই অস্বস্তিতে ছিল এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকা। শেষ ৬টি উইকেট পড়ল ২০ রানের ব্যবধানে। তিনজন ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ডেভিড মিলার ২৫ বলে ৩৫, মার্করাম ১৪ বলে ২৫ ও ডোনোভান ফেরেইরা ১২ রান করেন।

তেম্বা বাভুমাকে পিছনে ফেলে দক্ষিণ আফ্রিকার হয়ে টি ২০ আন্তর্জাতিকে সবচেয়ে শূন্য করার রেকর্ডটি নিজের দখলে নিলেন আন্ডিল ফেহলাকওয়াইও। এদিন নিয়ে সপ্তমবার তিনি কোনও টি ২০ আন্তর্জাতিকে শূন্য রানে ফিরলেন। দক্ষিণ আফ্রিকা ইনিংসে ডিআরএস নিয়ে বিপত্তি ঘটে। ১ থেকে ৯ ওভার পর্যন্ত ডিআরএস নেওয়া যায়নি যান্ত্রিক কারণে। ফলে নবম ওভারে রবীন্দ্র জাদেজার শিকার হওয়ার হাত থেকে বাঁচেন মিলার।

কুলদীপ যাদব ২.৫ ওভারে ১৭ রান খরচ করে পাঁচ উইকেট নিলেন। রবীন্দ্র জাদেজা ৩ ওভারে ২৫ রান দিয়ে ২টি উইকেট দখল করেন। মুকেশ কুমার ২ ওভারে ২১, অর্শদীপ সিং ২ ওভারে ১৩ রান দিয়ে ১টি করে উইকেট পেয়েছেন। ১টি মেডেন-সহ ৩ ওভারে ১৩ রান দেন মহম্মদ সিরাজ। ফিল্ডিংয়ের সময় বেশিরভাগটাই ভারতকে নেতৃত্ব দেন রবীন্দ্র জাদেজা।

ফিল্ডিং করতে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন সূর্যকুমার যাদব। মনে করা হচ্ছিল তাঁর গোড়ালিতে চোট লেগেছে। ফিজিও ও সাপোর্ট স্টাফদের কাঁধে ভর দিয়ে মাঠ ছেড়েছিলেন। তবে খেলার শেষে ম্যাচ ও সিরিজের সেরা পুরস্কার নিয়ে সূর্য আশ্বস্ত করে জানালেন, হাঁটতে পারছেন। ফলে চিন্তার কিছু নেই। যদিও জুতো পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসেননি সূর্য।

সূর্য বলেন, শতরান সব সময়ই তৃপ্তির। বিশেষ করে তা যদি দলের জয়ে কাজে লাগে। এই সিরিজে নির্ভীক ব্র্যান্ডের ক্রিকেট খেলাই লক্ষ্য ছিল। সকলেই নিজেদের চারিত্রিক দৃঢ়তা দেখিয়েছেন। কুলদীপের বোলিং নিয়ে সূর্য বলেন, জন্মদিনে তিনি নিজেই সেরা উপহার সুনিশ্চিত করলেন। কুলদীপ কখনও তিন বা চার উইকেটে সন্তুষ্ট হন না।

ভারত প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০১ রান তুলেছিল। সাতটি চার ও আটটি ছয়ের সাহায্যে সূর্য ৫৬ বলে ১০০ রান করেন। যশস্বী জয়সওয়াল ৪১ বলে ৬০ রান করেছিলেন। কেশব মহারাজ ও লিজাড উইলিয়ামস ২টি করে উইকেট নেন।

ডারবানে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। গেবেখা বা পূর্বতন পোর্ট এলিজাবেথে দ্বিতীয় ম্যাচ প্রোটিয়ারা জেতায় আজকের ম্যাচ ভারতের কাছে ছিল ডু-অর-ডাই। পিছিয়ে পড়ে টি ২০ সিরিজ ড্র রাখতে পারল ভারত। রবিবার জোহানেসবার্গেই প্রথম একদিনের আন্তর্জাতিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+