IND vs NZ: ওয়াংখেড়ে টেস্টে ভারতের সামগ্রিক ট্র্যাক রেকর্ড কেমন? পারস্পরিক দ্বৈরথে এগিয়ে কিউয়িদের চেয়ে
IND vs NZ: ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় তথা শেষ টেস্টটি হবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রোহিত শর্মার দলকে নামতে হচ্ছে ২৪ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ বাঁচাতে।
ওয়াংখেড়েতে টেস্টে ভারতের ট্র্যাক রেকর্ড অবশ্য রোহিতদের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে যথেষ্ট। এমনকী এখানে শেষ পাঁচটি টেস্টের মধ্যে শেষ তিনটিতেই জিতেছে ভারত।

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এখনও অবধি মোট ২৬টি টেস্ট খেলা হয়েছে। যার মধ্যে ১২টি টেস্টে জিতেছে ভারত। হেরেছে সাতটিতে। ড্র হয়েছে সাতটি টেস্ট। ২০১২ সালের পর এই স্টেডিয়ামে কোনও টেস্টে ভারত হারেনি। শেষবার ড্র করেছিল ২০১১ সালে।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে এই স্টেডিয়ামে ভারত তিনটি টেস্ট খেলেছে। দুটিতে জিতেছে, একটিতে হারতে হয়েছিল। ১৯৭৬ সালে এই স্টেডিয়ামে প্রথমবার ভারত-নিউজিল্যান্ড টেস্ট হয়েছিল। ভারতের অধিনায়ক ছিলেন বিষেণ সিং বেদী, নিউজিল্যান্ডের গ্লেন টার্নার।
সেই টেস্টে সুনীল গাভাসকরের ১১৯ ও সৈয়দ কিরমানির ৮৮ রানে ভর করে ভারত তোলে ৩৯৯। রিচার্ড হ্যাডলি নেন চার উইকেট। জবাবে দন পার্কারের ১০৪ রানের দৌলতে কিউয়িরা তোলে ২৯৮। ভাগবৎ চন্দ্রশেখর চারটি ও শ্রীনিবাস বেঙ্কটরাঘবন তিন উইকেট নেন।
ব্রিজেশ প্যাটেলের ৮২ রানের দৌলতে ভারত ৪ উইকেটে ২০২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ৩০৪ রানের টার্গেট তাড়া করতে নেমে নিউজিল্যান্ড ১৪১ রানে গুটিয়ে দিয়েছিল। বেদী পাঁচ উইকেট নেন। দুটি করে নেন চন্দ্রশেখর ও বেঙ্কটরাঘবন।
১৯৮৮ সালে ওয়াংখেড়েতে দিলীপ বেঙ্গসরকারের নেতৃ্ত্বাধীন ভারতকে ১৩৬ রানে হারিয়েছিল জন রাইটের নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের ২৩৬ রানের জবাবে ভারত প্রথম ইনিংসে তোলে ২৩৪। রবি শাস্ত্রী চারটি, নরেন্দ্র হিরওয়ানি তিনটি, কপিল দেব ২টি ও আর্শাদ আয়ুব এক উইকেট নেন।
কৃষ্ণমাচারী শ্রীকান্ত করেছিলেন ৯৪। রিচার্ড হ্যাডলি নেন ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড করে ২৭৯। আর্শাদ আয়ুব পাঁচটি ও নরেন্দ্র হিরওয়ানি চার উইকেট নেন। ভারত দ্বিতীয় ইনিংসে অল আউট হয়েছিল ১৪৫ রানে। অরুণ লাল করেন সর্বাধিক ৪৭। হ্যাডলি চারটি ও জন ব্রেসওয়েল ৬ উইকেট নেন। ৫২ ও ৩২ রান করার পাশাপাশি এই টেস্টে ৮ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জন ব্রেসওয়েল।
২০২১ সালে এই স্টেডিয়ামে হওয়া শেষ টেস্টে মুখোমুখি হয়েছিল ভারত-নিউজিল্যান্ড। সেই টেস্টে ভারত জেতে ৩৭২ রানে। ময়াঙ্ক আগরওয়ালের ১৫০ ও অক্ষর প্যাটেলের ৫২ রানে ভর করে বিরাট কোহলির ভারত তোলে ৩২৫। একাই ১০ উইকেট নেন এজাজ প্যাটেল।
নিউজিল্যান্ড প্রথম ইনিংসে গুটিয়ে যায় ৬২ রানে। ২৮.১ ওভারে। রবিচন্দ্রন অশ্বিন চারটি, মহম্মদ সিরাজ তিনটি, অক্ষর প্যাটেল ২টি ও জয়ন্ত যাদব ১টি উইকেট নেন। এরপর ভারত ৭ উইকেটে ২৭৬ তুলে ইনিংস ডিক্লেয়ার করে। ময়াঙ্ক করেন সর্বাধিক ৬২। এজাজ নেন চার উইকেট, রাচিন রবীন্দ্র তিনটি।
৫৪০ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৬৭ রানেই শেষ হয়ে যায় কিউয়িরা। অশ্বিন ও জয়ন্ত নেন চারটি করে উইকেট। একটি পান অক্ষর প্যাটেল। এই টেস্টে জেতায় ২ ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে পকেটে পুরে ফেলে ভারত। ময়াঙ্ক ম্যাচের ও অশ্বিন সিরিজের সেরা হন।
২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজ, ২০১৬ সালে ইংল্যান্ডকে হারানোর পর কিউয়িদের হারিয়ে এই মাঠে টেস্ট জয়ের হ্য়াটট্রিক সারে ভারত। রোহিত শর্মা প্রথমবার নিজের মাঠে টেস্ট অধিনায়ক হিসেবে নেমে এই স্টেডিয়ামে ভারতের টানা চারটি টেস্ট জয় সুনিশ্চিত করতে পারেন কিনা সেটাই দেখার।












Click it and Unblock the Notifications