IND vs NZ: ওয়াংখেড়ে টেস্টে সেরা বোলিংয়ের রেকর্ড নিউজিল্যান্ডের স্পিনারের, অশ্বিনও পয়া মাঠে কম যান না
IND vs NZ: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ড তৃতীয় তথা শেষ টেস্ট শুরু হবে বৃহস্পতিবার থেকে। নজর থাকবে দুই দলের দুই স্পিনারের দিকে।
২০২১ সালে নিউজিল্যান্ডের এজাজ প্যাটেল একাই ভারতের প্রথম ইনিংসের দশ উইকেট তুলে নিয়েছিলেন। অন্যদিকে, এই স্টেডিয়ামে টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় যুগ্মশীর্ষে রবিচন্দ্রন অশ্বিন।

পুণে টেস্টে রবিচন্দ্রন অশ্বিন প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে ২টি উইকেট পেয়েছেন। অশ্বিনকে অনেকটাই নিষ্প্রভ দেখিয়েছে ওয়াশিংটন সুন্দরের কামব্যাক টেস্টে বিরাটের সাফল্যের কাছে। যদিও অশ্বিন বা রবীন্দ্র জাদেজার পাশে দাঁড়িয়ে রোহিত শর্মা জানিয়েছেন, সব ম্যাচেই একইরকম সাফল্য আসবে, এটা ভাবা ঠিক নয়।
২০২১ সালে ওয়াংখেড়ে টেস্টে ভারত হারিয়েছিল নিউজিল্যান্ডকে। প্রথম ইনিংসে কিউয়িরা ৬২ রানে গুটিয়ে যায়। অশ্বিন ২টি মেডেন-সহ ৮ ওভারে ৮ রান দিয়ে চার উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে তিনি ৯টি মেডেন-সহ ২২.৩ ওভারে ৩৪ রান খরচ করে চার উইকেট নিয়েছিলেন। সিরিজ-সেরাও হন।
২০১১ সালে ওয়াংখেড়েতে অশ্বিন প্রথমবার খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টে। কেরিয়ারের তৃতীয় টেস্ট ছিল সেটি। প্রথম ইনিংসে পাঁচটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট নিয়েছিলেন। সেই ম্যাচে ব্যাট হাতে ১০৩ রানের ইনিংসও খেলেছিলেন অশ্বিন। ম্যাচের ও সিরিজের সেরা হন। ওই সিরিজে ২২ উইকেট নিয়েছিলেন তিনি।
২০১২ সালে ওয়াংখেড়েতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে দুটি উইকেট পেলেও দ্বিতীয় ইনিংসে উইকেট পাননি। ভারত টেস্টটি হেরেছিল। ২০১৩ সালে সচিনের শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে তিনটি ও দ্বিতীয় ইনিংসে চার উইকেট পেয়েছিলেন অশ্বিন।
২০১৬ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে দুই ইনিংসেই ৬টি করে উইকেট নিয়েছিলেন অশ্বিন। প্রথম ইনিংসে ৪৪ ওভারের ৪টি মেডেন, ১১২ রান দিয়ে ৬ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬টি উইকেট নেন তিনটি মেডেন-সহ ২০.৩ ওভারে ৫৫ রান খরচ করে।
অশ্বিন ও লক্ষ্মণ শিবরামকৃষ্ণন (১৯৮৪ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে) ছাড়া আর কেউ ওয়াংখেড়ে টেস্টের দুই ইনিংসেই ৬ উইকেট নিতে পারেননি। ভারতীয়দের মধ্যে ওয়াংখেড়ে টেস্টে সেরা বোলিং ফিগার হরভজন সিংয়ের। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনি ২৮.৩ ওভার হাত ঘুরিয়েছিলেন, ১২টি মেডেন, ৪৮ রান দিয়ে নেন ৭ উইকেট।
১৯৮০ সালে ভারতের দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডের ইয়ান বোথাম ওয়াংখেড়ে টেস্টে ৪৮ রান খরচ করেই নিয়েছিলেন সাত উইকেট। ১৯৭৫ সালে ওয়েস্ট ইন্ডিজের লান্স গিবস ওয়াংখেড়ে টেস্টে ভারতের প্রথম ইনিংসে ৭ উইকেট দখল করেন ৯৮ রান দিয়ে।
২০২১ সালে নিউজিল্যান্ডের স্পিনার এজাজ প্যাটেল ভারতের প্রথম ইনিংসে ৪৭.৫ ওভার বল করেন, ১২টি মেডেন, ১১৯ রান খরচ করে নিয়েছিলেন ১০ উইকেট। ওয়াংখেড়েতে কোনও টেস্ট ইনিংসে এটি রেকর্ড। দ্বিতীয় ইনিংসে তিনি নেন ১০৬ রানের বিনিময়ে চার উইকেট। তবু সেই টেস্ট ভারত জেতে ৩৭২ রানে। ১৪ উইকেট নিয়ে সিরিজ-সেরা হন অশ্বিন।
ওয়াংখেড়ে টেস্টে ইনিংসে ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক, ওয়েস্ট ইন্ডিজের ভ্যানবার্ন হোল্ডার, পাকিস্তানের ইকবাল কাসিম, ভারতের প্রজ্ঞান ওঝা, নিউজিল্যান্ডের স্যর রিচার্ড হ্যাডলি ও জন ব্রেসওয়েল, ইয়ান বোথাম, ভারতের লক্ষ্মণ শিবরামকৃষ্ণন, ওয়েস্ট ইন্ডিজের কোর্টনি ওয়ালশ, ইংল্যান্ডের মন্টি পানেসরের। শিবরামকৃষ্ণন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ৬৪ ও দ্বিতীয় ইনিংসে ১১৭ রান দিয়ে ৬টি করে উইকেট নেন।












Click it and Unblock the Notifications