দুরন্ত শতরান রাহানের, অধিনায়কের ব্যাটে মেলবোর্নে এগিয়ে ভারত
দুরন্ত শতরান রাহানের, অধিনায়কের ব্যাটে মেলবোর্নে এগিয়ে ভারত
ক্যাপ্টেন রাহানের দুরন্ত শতরানে ভর করে মেলবোর্ন টেস্টে দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে ভারত। অ্যাডিলেডের মহাবিপর্যয়ের পর ডনের দেশে রাহানের ব্যাটে ঘুরে দাঁড়াল ভারতীয় দল। দ্বিতীয় টেস্টে ১০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন রাহানে। ১২টি বাউন্ডারি হাঁকিয়েছেন অজিঙ্ক। তাঁর ব্যাটেই এদিন অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৫ রানের গণ্ডি টপকে ভারত দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ২৭৭ রান তুলেছে, ভারতের লিড ৮২ রানের। অজিঙ্কের সঙ্গে ৪০ রানে ক্রিজে রয়েছেন জাদেজা।

১২ তম টেস্ট শতরান রাহানের
বিরাট কোহলি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দেশে ফেরার পর, ভারতীয় ব্যাটিংয়ের হাল ধরবেন কে? অজিভূমে প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানের বিপর্যয়ের পর এটাই যখন ভারতীয় দলের সামনে সবচেয়ে বড় প্রশ্ন ছিল, সেখানেই অধিনায়কের দায়িত্ব কাঁধে তুলে নিয়ে দলকে সামনে থেকে নেতৃত্ব দিলেন রাহানে। মেলবোর্নে দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে টেস্ট কেরিয়ারের ১২ তম শতরান হাঁকালেন অজিঙ্ক।

ষষ্ঠ উইকেটে শতরান পার্টনারশিপ
ষষ্ঠ উইকেটে রাহানে-জাদেজার শতরান পার্টনারশিপে অজিদের প্রথম ইনিংস টপকে এগিয়ে চলছে ভারত। ম্যাচের দ্বিতীয় দিনে, রাহানে-জাদেজা জুটি ১৯৫ বলে ১০৪ রানের পার্টনারশিপ গড়েন। এর আগে পন্থ-রাহানে জুটিতে ৫৭ রান, রাহানে-বিহারী জুটিতে ৫২ রান যোগ করেন।

শুভমানের পারফর্ম্যান্স
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতের হয়ে শুভমান গিল ভিত তৈরি করে দেন। অভিষেক টেস্টে এদিন ৫ রানের জন্য হাফসেঞ্চুরি হাতছাড়া করেন। ৬৫ বলে শুভমানের সংগ্রহ ৪৫ রান। ৮ টি বাউন্ডারির সাহায্যে ইনিংস সাজান শুভমান।

জাদেজার ৪০
অন্যদিকে অজিদের বিরুদ্ধে সীমিত ওভারে ব্যাট হাতে দাপুটে পারফর্ম্যান্সের পর এবার টেস্টে নেমেও দলকে ভরসা দিলেন জাদেজা। ১০৪ বল খেলে জাড্ডু ৪০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। রাহানের সঙ্গে তাঁর শতরানের পার্টনারশিপই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। ঋষভ পন্থ ২৯ ও বিহারী ২১ রান হাঁকান।পূজারা ১৭ রান আউট হয়েছেন। দ্বিতীয় দিনের শেষে ভারত অজিদের প্রথম ইনিংসের থেকে ৮২ রানে এগিয়ে থাকার পর তৃতীয় দিনে কত রানের লিড সংগ্রহ করতে পারে, এবার সেই দিকেই তাকিয়ে ক্রিকেটদুনিয়া।












Click it and Unblock the Notifications