অস্ট্রেলিয়ার কাছে দুটি টেস্ট হেরেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারবে ভারত? লড়াই এখন ত্রিমুখী
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াই এখন ত্রিমুখী। দক্ষিণ আফ্রিকা ছিটকে গিয়েছে। ভারত, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার জন্য কোন সমীকরণ অপেক্ষা করছে, দেখা যাক।
অস্ট্রেলিয়াকে নাগপুরের পর দিল্লিতেও উড়িয়ে দিয়েছে ভারত। চার টেস্টের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখা চূড়ান্ত করে ফেলেছেন রোহিত শর্মারা। কিন্তু সকলের মনেই প্রশ্ন, ওভালে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলার ছাড়পত্র কি আদায় করতে পারবে ভারত? একনজরে সেই সমীকরণে নজর রাখা যাক।

ফাইনালের সমীকরণ
প্রথমেই স্পষ্ট করে দেওয়া ভালো, দিল্লি টেস্টের জয়ের পরেও এখনও ভারতের হাতে আসেনি আইসিসি বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের টিকিট। অস্ট্রেলিয়াও যে খেলবেই, অঙ্কের নিয়মে তা বলা যাচ্ছে না। তবে বাকিদের চেয়ে দৌড়ে এগিয়ে অস্ট্রেলিয়া ও ভারত। ভারত দিল্লি টেস্ট জেতার ফলে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দিকে পা বাড়িয়েছে। ভারতের সাফল্যের হার বেড়ে হয়েছে ৬৪.০৬ শতাংশ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকার অস্ট্রেলিয়ার সাফল্যের হার কমে হয়েছে ৬৬.৬৭ শতাংশ। দৌড়ে রয়েছে শ্রীলঙ্কা, ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

ভারত কোথায় দাঁড়িয়ে?
ইন্দোর ও আমেদাবাদে রয়েছে বাকি দুটি টেস্ট। ভারত যদি একটি টেস্ট ড্র করে বা হেরে যায় তাহলে সিরিজ জিতলেও ফাইনালের টিকিট হাতে নাও আসতে পারে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার খেলার ফলাফলের দিকে। ভারত যদি বাকি দুটি টেস্টের দুটিতেই জেতে তাহলে ড্যাংড্যাং করে ফাইনালে চলে যাবে। যদি একটিতে জেতে ও আরেকটিতে না জিততে পারে এবং শ্রীলঙ্কা দুই টেস্টের সিরিজে নিউজিল্যান্ডে গিয়ে কিউয়িদের ২-০ ব্যবধানে হারায় তাহলে তারা ফাইনালে চলে যাবে। ভারত যদি অস্ট্রেলিয়ার কাছে দুটি টেস্টই হারে তাহলে রোহিত শর্মার দলের সাফল্যের হার হবে ৫৬.৯৪ শতাংশ, দুটি টেস্ট ড্র হলে পয়েন্ট পারসেন্টেজ হবে ৬০.৬৫। শ্রীলঙ্কা সেক্ষেত্রে দুটি টেস্ট জিতলে তাদের সাফল্যের হার হবে ৬১.১১ শতাংশ। শ্রীলঙ্কা যদি ১-০ ব্যবধানে জেতে তাহলে তাদের সাফল্যের হার থাকবে ৫৫.৫৫ শতাংশে। সেক্ষেত্রে ভারতের অসুবিধা নেই। সেক্ষেত্রে ভারত যদি অজিদের কাছে দুটি টেস্টেই হারে তাহলেও পৌঁছে যাবে ফাইনালে।

অস্ট্রেলিয়ার জায়গাও পাকা নয়
অস্ট্রেলিয়া যদি বাকি দুটি টেস্টেও ভারতের কাছে হারে তাহলে প্যাট কামিন্সের দলের সাফল্যের হার হবে ৫৯.৬৫ শতাংশ। অজিরা যদি ভারতের কাছে হোয়াইটওয়াশ হয় এবং শ্রীলঙ্কা নিউজিল্যান্ডে গিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে ওভালের ফাইনালে নামা হবে না অস্ট্রেলিয়ার। যদি দুটি টেস্টের একটিতে অস্ট্রেলিয়া ড্র করে সেক্ষেত্রে তাদের সাফল্যের হার থাকবে ৬১.৪০ শতাংশে। সেক্ষেত্রে ওভার-রেটের কারণে পয়েন্ট না খোয়ালে অজিরা শ্রীলঙ্কার সর্বাধিক প্রাপ্ত শতাংশের চেয়ে এগিয়ে থেকে ফাইনালে চলে যাবে।

শ্রীলঙ্কার লড়াই কঠিন
শ্রীলঙ্কার সামনে একটাই পথ খোলা। নিউজিল্যান্ডে গিয়ে দুটি টেস্টেই জিততে হবে। তাতেও পুরোটা নিশ্চিত হওয়া যাবে না। তাকিয়ে থাকতে হবে ভারত-অস্ট্রেলিয়া সিরিজের ফলাফলের দিকে। ভারত যদি ৩-১ বা ৩-০ ব্যবধানে সিরিজ জেতে তাহলে দুটি টেস্টে কিউয়িদের হারালেও দৌড় থেকে ছিটকে যাবে শ্রীলঙ্কা। ভারত যদি একটিও টেস্ট আর না জেতে তাহলে নিউজিল্যান্ডে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের ফলে ফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে পারবে শ্রীলঙ্কা। ভারত ৪-০ ব্যবধানে অজিদের হারালে এবং কিউয়িদের বিরুদ্ধে হোয়াইটওয়াশ নিশ্চিত করে সিরিজ জিতলে ভারত-শ্রীলঙ্কা ফাইনালের পথ খোলা থাকবে। তবে নিউজিল্যান্ডে গিয়ে দুটি টেস্ট মোটেই সহজ ব্যাপার নয়।

ছিটকে গিয়েছে দক্ষিণ আফ্রিকা
ভারত ইতিমধ্যেই দুটি টেস্ট জিতে যাওয়ায় ফাইনালের দৌড়ে আর দক্ষিণ আফ্রিকা নেই। কেন না, অস্ট্রেলিয়া ও ভারতের সাফল্যের হার সবচেয়ে খারাপ হতে পারে যথাক্রমে ৫৯.৬৫ শতাংশ ও ৫৬.৯৪ শতাংশ। প্রোটিয়ারা সর্বাধিক ৫৫.৫৬ শতাংশে পৌঁছতে পারে, কিন্তু তাতে ফাইনালের টিকিট মিলবে না।












Click it and Unblock the Notifications