ICC World Cup 2023: বলবয় থেকে বিশ্বকাপজয়ী ক্রিকেটার, রশিদদের অনুপ্রেরণার গল্প শোনালেন সচিন, দেখুন ভিডিও
চলতি একদিনের বিশ্বকাপে বিপ্লব ঘটিয়ে দিয়েছে আফগানিস্তান দল। রশিদ খান-রহমত শাহরা বড় দল গুলিকে হারিয়ে চমক সৃষ্টি করেছে। সোমবার তাঁরা পেল সচিন তেন্ডুলকরের মূল্যবান পরামর্শও। মঙ্গলবার আইসিসির পক্ষ থেকে আফগান দলের সঙ্গে সচিনের সাক্ষাতের একটি ভিডিও পোস্ট করা হয়েছে। আফগান ক্রিকেটারদের পেপটক দিতে গিয়ে নিজের জীবনের গল্পই তুলে ধরেন মাস্টার ব্লাস্টার।
বলবয় থেকে বিশ্বকাপজয়ী ক্রিকেটার হয়ে উঠার গল্প শোনালেন সচিন তেন্ডুলকর। রশিদ-রহমতদের সামনে নিজের জীবনের গল্প বলতে গিয়ে মাস্টার ব্লাস্টার বলেন, 'আমি তখন খুব ছোট কিন্তু তখন থেকেই নিজের মধ্যে বিশ্বাস করতাম আমি একদিন দেশের হয়ে খেলব।আমার হৃদয় বলত একদিন এটা সম্ভব হবে। কিন্তু কবে হবে? যাত্রা শুরু হয়েছিল ১৯৮৩ সালে।'

কীভাবে ওয়াংখেড়ের মাঠে খেলতে হবে সেই টিপসও আফগান ক্রিকেটারদের দেন মাস্টার ব্লাস্টার, 'আমার মতে প্রথম ১০ ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ। উইকেটে টিকে থাকতে পারলে রান আসবে। বোলিংয়ের ক্ষেত্রেও এই উইকেটটা দারুণ। এখানে সুইং, স্পিন দুটোই আছে।সেটাকে কাজে লাগাতে হবে। খুব বেশি ভাবার প্রয়োজন নেই। পুরোটাই মানসিকতার উপর। সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে।'
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের আগেরদিন সোমবার সন্ধ্যায় ওয়াংখেড়ে স্টেডিয়ামে সচিন তেন্ডুলকর দেখা করেন আফগানিস্তান ক্রিকেটারদের সঙ্গে। প্রথমে একসঙ্গে ক্রিকেটারদের সঙ্গে কথা বলে তাঁদের পরামর্শ দিলেন। এরপর আলাদাভাবে কথা হলো ওপেনার ইব্রাহিম জাদরান ও পেসার নবীন উল হকের সঙ্গে। এরপর গোটা আফগান দলকেই টিপস দেন মাস্টার ব্লাস্টার।
ভিডিওর শেষে আফগান দলের বর্ষীয়ান ক্রিকেটার রশিদ খান সচিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'আপনি গোটা বিশ্বের কাছে আইকন। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের মধ্যে আসার জন্য এবং মূল্যবান বক্তব্য তুলে ধরার জন্য।' আফগান দলের পক্ষ থেকে উপহারও দেওয়া হয় সচিনকে। আফগানিস্তানের অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি বলেন, আমাদের দলের অনেকেরই আজ সচিনের সঙ্গে প্রথম সাক্ষাৎ হলো।












Click it and Unblock the Notifications