ICC World Cup 2023: ভারতে ৭ বছর পর পাকিস্তান ক্রিকেট দল, বিশ্বকাপ খেলতে গুয়াহাটিতে পৌঁছল বাংলাদেশ ও শ্রীলঙ্কা
ICC World Cup 2023: বিশ্বকাপ খেলতে আজই হায়দরাবাদ পৌঁছে গেল পাকিস্তান ক্রিকেট দল। ২০১৬ সালে শেষবার টি ২০ বিশ্বকাপ খেলতে পাকিস্তান এ দেশে এসেছিল। সেবার ইডেনে হয়েছিল ভারত-পাক দ্বৈরথ।
আজ বিশ্বকাপ খেলতে এ দেশে এসে পৌঁছেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলও। দুই দলই গিয়েছে গুয়াহাটিতে। শুক্রবার থেকে শুরু হয়ে যাবে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ।

লাহোর থেকে ভোরের বিমানে দুবাই গিয়ে সেখানে ৯ ঘণ্টা কাটিয়ে হায়দরাবাদের বিমান ধরেন বাবর আজমরা। ফলে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায়। শুক্রবার পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে প্রস্তুতি ম্যাচটি উপ্পলের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে। এই ম্যাচটি হবে ফাঁকা গ্যালারিতে। তারপর ৩ অক্টোবর পাকিস্তান-অস্ট্রেলিয়া দ্বৈরথ।
বিশ্বকাপে পাকিস্তান অভিযান শুরু করবে নেদারল্যান্ডস ম্যাচ দিয়ে। এরপর শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলে ১৪ অক্টোবর ভারতের বিরুদ্ধে মহারণে নামবে পাকিস্তান। ভিসা পেতে দেরি হওয়া নিয়ে অসন্তোষ জন্মেছিল পাক শিবিরে। এ জন্য দুবাইয়ে টিম বন্ডিং সেশন বাতিল করতেও হয়। মহম্মদ নওয়াজ ও আঘা সলমন ছাড়া পাকিস্তান দলের আর কেউ এ দেশে ক্রিকেট খেলেননি।
Arrived 🇵🇰🏆
— Grassroots Cricket (@grassrootscric) September 27, 2023
The Pakistan team has landed in Hyderabad, India.
📹: PCB | #CWC23 pic.twitter.com/az3vxlx85Z
বাবর আজম চোটের কারণে ২০১৬ সালে টি ২০ বিশ্বকাপ খেলতে পারেননি। নওয়াজ খেলেছিলেন টি ২০ বিশ্বকাপে। আঘা সলমন এ দেশে চ্যাম্পিয়ন্স লিগ টি ২০-র একটি ম্যাচে খেলেছিলেন। ভারতে নিরাপত্তাজনিত কোনও সমস্যা হবে না বলে নিশ্চিত পিসিবি ম্যানেজমেন্ট কমিটির প্রধান জাকা আশরফ। চাপমুক্ত থেকেই খেলা লক্ষ্য বলে জানিয়েছেন বাবর।
ভারতে আসার আগে পাকিস্তানের সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাবর বলেন, আমেদাবাদের দর্শকপূর্ণ স্টেডিয়ামে খেলার জন্য মুখিয়ে রয়েছি। নিজেদের সেরাটা আমরা উজাড় করে দেব। দলগত সংহতিতে ভরসা রেখে বাবরের আশ্বাস, তিনি যা করবেন তা দলকে জেতানোর জন্যই।

ইতিমধ্যেই ভারতে এসে গিয়েছে আফগানিস্তান, নেদারল্যান্ডস, দক্ষিণ আফ্রিকার মতো দেশগুলি। শুক্রবার তিরুবনন্ততপুরমে আফগানিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্য়াচ। ওইদিন গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা। শাকিব আল হাসান ও দাসুন শনাকারা আজই পৌঁছেছেন গুয়াহাটিতে। সব ম্যাচ বেলা ২টো থেকে শুরু। শনিবার গুয়াহাটিতেই ভারত-ইংল্যান্ড ম্যাচ।












Click it and Unblock the Notifications