ICC World Cup 2023: শামির খেলা দেখছেন না হাসিন, ভারতীয় পেসারের পারফরম্যান্সে শুধু কোন লাভ দেখছেন স্ত্রী?
ICC World Cup 2023: মহম্মদ শামি ও হাসিন জাহানের বিবাহবিচ্ছেদ হয়নি। ফলে এখনও দুজনে স্বামী-স্ত্রী। বিশ্বকাপে ৪ ম্যাচে ১৬ উইকেট নিয়ে শামি সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় আছেন চারে।
বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বাধিক উইকেটশিকারী। চলতি বিশ্বকাপেও। কিন্তু শামিকে শুভেচ্ছা জানাতে নারাজ হাসিন জাহান।

একটি সাক্ষাৎকারে হাসিন জাহান জানিয়েছেন, তিনি ক্রিকেট ভালোবাসেন না। ক্রিকেটারদের পারফরম্য়ান্স সম্পর্কে খোঁজখবরও রাখেন না। বিশ্বকাপে শামির পারফরম্যান্সের কথা সাংবাদিকের কাছ থেকে জেনেও কোনও উচ্ছ্বাস নেই হাসিনের। তিনি বললেন, ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেও শামিকে জানাতে পারব না।
হাসিনের অভিযোগের প্রেক্ষিতে শামিকে আইনি লড়াই লড়তে হচ্ছে। এশিয়া কাপ খেলে শ্রীলঙ্কা থেকে দেশে ফেরার পর ঝটিকা সফরে শামিকে কলকাতাতেও আসতে হয়েছিল। আলিপুর আদালতে সশরীরে হাজিরা দিয়ে জামিন নিতে হয় বধূ নির্যাতনের মামলায়। জামিন পাওয়ার পর শামি অস্ট্রেলিয়া সিরিজের জন্য ভারতীয় দলের সঙ্গে যোগ দেন।
সাংবাদিকের কাছ থেকে শামির বিশ্বকাপে ভালো খেলার কথা জেনে হাসিন বলেন, ভালো খেললে দলে জায়গা ধরে রাখতে পারবেন। তিনি বেশি পরিমাণ আয় করলে আমার আর কন্যার ভবিষ্যৎ সুরক্ষিত হবে। যদিও খোরপোষের টাকা নিয়েও হাসিন কন্যার সঙ্গে শামির দেখা করাতে দেন না। এই বিষয়টির জন্য হাসিনের সমালোচনা করেছেন অনেক নেটাগরিক।
হাসিনের সঙ্গে কলকাতাতেই আলাপ হয় মহম্মদ শামির। শামি তখন বাংলার হয়ে খেলতে উত্তরপ্রদেশ থেকে এসেছেন। ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন শামি। পরের বছরই কন্যা আইরার জন্ম। এরপর ক্রমেই তিক্ত হয় সম্পর্ক। যা অন্য মাত্রা পায় ২০১৯ সালে হাসিন শামির বিরুদ্ধে বধূ নির্যাতন, বিবাহ বহির্ভূত সম্পর্ক ও ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ আনেন।
যাদবপুর থানায় শামির বিরুদ্ধে এফআইআর দায়ের করেন হাসিন। ব্যক্তিগত জীবনে ঝড় চললেও মাঠে নিজের পারফরম্যান্সে তার প্রভাব পড়তে দেননি শামি। চলতে থাকে আইনি লড়াই। হাসিন সুপ্রিম কোর্ট অবধিও গিয়েছেন। তবে মামলার নিষ্পত্তি হয়নি। শামি কন্যাকে নিজের কাছে রাখার চেষ্টা করলেও ব্যর্থ হন।
আলিপুর আদালত ২০১৯ সালের অগাস্টে শামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। এরপর কলকাতা হাইকোর্ট হয়ে মামলা গড়ায় শীর্ষ আদালতে। রাজনৈতিক দলগুলির কাছে গিয়েও হাসিন শামি সম্পর্কে অভিযোগ জানান। শামি অবশ্য যাবতীয় অভিযোগ খণ্ডন করেছেন। ম্যাচ গড়াপেটার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেছিলেন, দেশের জন্য জীবন দিতে পারি, বেইমানি করতে পারব না।












Click it and Unblock the Notifications