ICC World Cup 2023: শাকিবকে ছাড়াই টাইগাররা কলকাতায়! বাংলাদেশ অধিনায়ক কেন দেশে ফিরলেন?
ICC World Cup 2023: বিশ্বকাপের ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছে গেল বাংলাদেশ ক্রিকেট দল। যদিও এলেন না অধিনায়ক শাকিব আল হাসান। তিনি বিশ্বকাপের মধ্যেই ফিরে গেলেন ঢাকায়।
শনিবার ইডেনে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে বাংলাদেশের। তার আগেই অধিনায়কের দেশে ফেরা নিয়ে জল্পনা তুঙ্গে।

চলতি বিশ্বকাপে বাংলাদেশ পাঁচটি ম্যাচ খেলে চারটিতেই হেরেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল ৬ উইকেটে। এরপর ইংল্যান্ডের কাছে ১৩৭ রানে, নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে, ভারতের বিরুদ্ধে ৭ উইকেটে এবং দক্ষিণ আফ্রিকার কাছে ১৪৯ রানে পরাস্ত হয় বাংলাদেশ। ফলে টাইগারদের সেমিফাইনালে ওঠার পথ কঠিন হয়ে গিয়েছে।
শাকিব চোটের কারণে ভারতের বিরুদ্ধে খেলতে পারেননি। আফগানদের বিরুদ্ধে ১৪ রান করার পাশাপাশি ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শাকিব ১ রানের বেশি করতে পারেননি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন ৪০ রান।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৫২ রান, কিউয়িদের বিরুদ্ধে ৫৪ রান ও প্রোটিয়াদের বিরুদ্ধে ৬৯ রান খরচ করে একটি করে উইকেট নেন। ফলে বোঝাই যাচ্ছে চলতি বিশ্বকাপে একেবারেই প্রত্যাশিত ফর্মে নেই বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার। বাংলাদেশের পরবর্তী দুটি ম্যাচ কলকাতাতেই। শনিবার ডাচদের বিরুদ্ধে খেলার পর ৩১ অক্টোবর প্রতিপক্ষ পাকিস্তান।
বাংলাদেশের শেষ দুটি ম্যাচ দিল্লি (৬ নভেম্বর) ও পুনেতে (১১ নভেম্বর) যথাক্রমে শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। পয়েন্ট তালিকায় ১০ দলের মধ্যে একেবারে তলানিতে রয়েছে বাংলাদেশ। শেষ চারে উঠতে বাকি ম্যাচগুলি জেতার পাশাপাশি অন্য ম্যাচের ফলাফলের উপরও নির্ভর করতে হবে টাইগারদের। বিশ্বকাপের দল নির্বাচন নিয়ে বিতর্কের পর এমন পারফরম্যান্সে হতাশ ভক্তরাও।

শাকিব আজ দুপুরের দিকে ঢাকা পৌঁছেছেন। গতকাল বাংলাদেশের ম্যাচ ছিল মুম্বইয়ে। ঢাকায় পৌঁছে শাকিব সোজা চলে যান শের-এ-বাংলা স্টেডিয়ামে। সেখানে ব্যক্তিগত মেন্টর নাজমুল আবেদিন ফাহিমের তত্ত্বাবধানে শাকিব ঘণ্টা তিনেক অনুশীলন করেন। নেটে মূলত থ্রোডাউন সামলাতেই দেখা গিয়েছে তাঁকে।
ফাহিম ইএসপিএনক্রিকইনফোকে বলেন, শাকিব আপাতত দিন তিনেকের অনুশীলন করবেন। আজ ব্যাটিং অনুশীলনেই জোর দেওয়া হয়েছিল। কাল ও পরশু ফাহিমের কাছে প্রশিক্ষণ নিয়ে শাকিব শুক্রবার কলকাতায় আসবেন বলে জানা যাচ্ছে। কিন্তু বাংলাদেশ দলে হেড কোচ ও সাপোর্ট স্টাফরা থাকলেও অধিনায়ক ব্যক্তিগত মেন্টরের কাছে প্রশিক্ষণ নিতে দেশে ফেরায় চর্চা শুরু হয়েছে।
ফাহিমও পুরোপুরিভাবে জানেন না শাকিব কেন দেশে ফিরেছেন। তবে আগামী দুই দিন শাকিব যেমন চাইবেন, তেমনভাবেই অনুশীলন করাবেন বলেও জানান ফাহিম। নিজের মেন্টরের কাছে অনুশীলন করতে শাকিব স্বাচ্ছন্দ্য বোধ করেন বলেই তিনি ঢাকায় ফিরেছেন বলেও মনে করা হচ্ছে। তবে এটাও ঠিক, বাংলাদেশের ব্যর্থতার ধারা অব্যাহত থাকলে শাকিবের উপরও চাপ বাড়বে।
বাংলাদেশ দলের সঙ্গে রয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, হেড কোচ চণ্ডিকা হাতুরুসিংঘে, টেকনিক্যাল অ্যাডভাইসর এস শ্রীরাম। এ ছাড়াও বিভিন্ন বিভাগের জন্য রয়েছেন নিক পোথাস, রঙ্গনা হেরাথ, অ্যালান ডোনাল্ড, শেন ম্যাকডামট ও ফয়সল হোসেন।
এরপরও বিশ্বকাপের আসর থেকে ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিতে যাওয়া, তাও আবার দলেরই অধিনায়কের, এটা নজিরবিহীন। এবারের বিশ্বকাপ খেলতে এসে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা দেশে ফিরেছিলেন ব্যক্তিগত কারণে। ২০১৯ সালে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদ চার সপ্তাহ শাকিবকে বসিয়ে রাখার পর তিনি দেশে ফিরেছিলেন।
দেশে ফিরে সেবারের বিশ্বকাপের জন্য শাকিব প্রস্তুতি সেরেছিলেন মহম্মদ সালাহউদ্দিনের কাছে। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে শাকিব ৬০৬ রান করার পাশাপাশি ৯ উইকেট নিয়েছিলেন। শাকিবের অনুশীলনের দিকে নজর রাখছে বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিও। ব্যক্তিগত কোচের কাছে প্রশিক্ষণ নিয়ে শাকিবের পারফরম্যান্সে উল্লেখযোগ্য বদল আসে কিনা তা স্পষ্ট হবে কলকাতাতেই।












Click it and Unblock the Notifications