টি২০ বিশ্বকাপের দিনক্ষণ নির্ধারিত, পাকিস্তান না উঠলে ফাইনাল আমেদাবাদে
টি২০ বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করে ফেলল আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে তেমনই উল্লেখ। ভারত ও শ্রীলঙ্কা একযোগে টি২০ বিশ্বকাপ আয়োজন করছে।
আসন্ন টি২০ বিশ্বকাপে অংশ নেবে ২০টি দেশ। উল্লেখ্য, ২০১২ সালে শ্রীলঙ্কা ও ২০১৬ সালে ভারত টি২০ বিশ্বকাপ আয়োজন করেছিল।

আইসিসি সূত্রে খবর, টি২০ বিশ্বকাপ শুরু হবে ফেব্রুয়ারির ৭ তারিখ। চলবে ৮ মার্চ পর্যন্ত। তারপর হবে মহিলাদের প্রিমিয়ার লিগ বা ডব্লিউপিএল। এর দিনক্ষণ এখনও বিসিসিআই চূড়ান্ত করেনি। আইপিএলের জন্য উইন্ডো রাখা রয়েছে ১৫ মার্চ থেকে ৩১ মে-র। এ ছাড়়া জানুয়ারির ১১ থেকে ৩১ তারিখ পর্যন্ত ভারতে একদিনের ও টি২০ আন্তর্জাতিক খেলবে নিউজিল্যান্ড।
ভারতের পাঁচটি ও শ্রীলঙ্কার দুটি স্টেডিয়ামে টি২০ বিশ্বকাপের খেলাগুলি হবে। পাকিস্তান যদি ফাইনালে না ওঠে তাহলে টি২০ বিশ্বকাপের ফাইনাল হবে আমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। পাকিস্তান ফাইনালে উঠলে বিশ্বকাপের ফাইনাল হবে কলম্বোয়।
টি২০ বিশ্বকাপের ক্রীড়াসূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে অংশগ্রহণকারী দেশগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে কোন সময় থেকে কোন সময় অবধি টি২০ বিশ্বকাপ চলবে। ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, মার্কিন যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস ও ইতালি- এই ১৫টি দেশের অংশগ্রহণ নিশ্চিত হয়ে গিয়েছে। এরপর আফ্রিকা রিজিওনাল কোয়ালিফায়ার থেকে ২টি এবং এশিয়া ও ইস্ট এশিয়া প্যাসিফিক কোয়ালিফায়ার থেকে তিনটি দেশ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে।
২০২৪ সালের টি২০ বিশ্বকাপের মতোই ২০টি দলকে ভাগ করা হবে চারটি গ্রুপে। প্রতিটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি পৌঁছবে সুপার এইটে। এই ৮টি দলকে আবার ২টি গ্রুপে ভাগ করা হবে। এই দুটি গ্রুপের প্রথম দুইয়ে থাকা দলগুলি পৌঁছবে সেমিফাইনালে। টি২০ বিশ্বকাপে থাকবে মোট ৫৫টি ম্যাচ। ভারত নামবে খেতাব দখলে রাখার লক্ষ্যে।












Click it and Unblock the Notifications