ICC CWC 2023: আইসিসি বিশ্বকাপে আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকায় কোন দুই ভারতীয়?
ICC CWC 2023: আইসিসি পুরুষদের ৫০ ওভারের বিশ্বকাপের ত্রয়োদশ সংস্করণ শুরু হচ্ছে অক্টোবরের ৫ তারিখ থেকে। এই ইভেন্টের জন্য আম্পায়ার ও ম্যাচ রেফারিদের তালিকা আজ প্রকাশ করল আইসিসি। রয়েছেন দু-জন ভারতীয়।
আইসিসির এলিট প্যানেলে থাকা ১২ জন-সহ মোট ১৬ জন আম্পায়ারের নাম রয়েছে তালিকায়। ম্যাচ রেফারি ও আম্পায়ারদের তালিকায় রয়েছেন কয়েকজন প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার।

যে আম্পায়াররা এবার ম্যাচ পরিচালনা করবেন তাঁরা হলেন- ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস, ক্রিস গ্যাফানি, মাইকেল গফ, আদ্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, নীতিন মেনন, এহসান রাজা, পল রাইফেল, শরফুদ্দৌল্লা ইবনে শাহিদ, রড টাকার, অ্যালেক্স হোয়ার্ফ, জোয়েল উইলসন ও পল উইলসন।
২০১৯ সালের বিশ্বকাপ ফাইনালে যে চারজন আম্পায়ার ছিলেন তাঁদের মধ্যে তিনজন এবারও বিশ্বকাপের ম্যাচ পরিচালনা করবেন। তাঁরা হলেন কুমার ধর্মসেনা, মারাইস এরাসমাস ও রড টাকার। গত মার্চে আইসিসির এলিট প্যানেল থেকে সরে দাঁড়ানো পাকিস্তানের আলিম দারকে এবার বিশ্বকাপে দেখা যাবে না।
৫ অক্টোবর উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গত বিশ্বকাপের ফাইনাল খেলা ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই ম্যাচে শ্রীনাথ থাকছেন ম্যাচ রেফারি। মেনন ও ধর্মসেনা অন ফিল্ড আম্পায়ার। টিভি আম্পায়ার পল উইলসন। বাংলাদেশের শরফুদ্দৌল্লা থাকছেন চতুর্থ আম্পায়ার। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।

জেফ ক্রো, অ্যান্ডি পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগল শ্রীনাথের মতো প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটাররা থাকছেন ম্যাচ রেফারি হিসেবে। ইতিমধ্যেই লিগ পর্ব চলাকালীন কে কোন ম্যাচ পরিচালনা করবেন তা চূড়ান্ত করে ফেলেছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনালের আম্পায়ারদের নাম পরে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, এলিট প্যানেলের আম্পায়ারদের পাশাপাশি ইমার্জিং আম্পায়ারদের প্যানেলে থাকা যাঁরা ম্যাচ পরিচালনা করবেন তাঁরা হলেন- বাংলাদেশের শরফুদ্দৌল্লা ইবনে শাহিদ, অস্ট্রেলিয়ার পল উইলসন, ইংল্যান্ডের অ্যালেক্স হোয়ার্ফ ও নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন।












Click it and Unblock the Notifications