ICC CWC 2023: ভারত শুরু করে দিল শ্রীলঙ্কা ম্যাচের মহড়া, শর্ট বল মোকাবিলায় জোর শ্রেয়সের
ICC CWC 2023: বিশ্বকাপে এখনও অবধি অপ্রতিরোধ্য ভারত। ২০১১ সালে শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল মেন ইন ব্লু। সেই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই ভারত বৃহস্পতিবার মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
আজ ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলন ছিল। কাল শ্রীলঙ্কা বেলা ২টো থেকে বিকেল ৫টা অবধি অনুশীলন সারবে। ভারতীয় দল নৈশালোকে প্র্যাকটিস করবে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা অবধি সেই অনুশীলন চলার কথা। সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতীয় দলের সাংবাদিক বৈঠক।

আজকের অনুশীলনে দেখা গেল না প্রথম একাদশের সিংহভাগ ক্রিকেটারকেই। অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল থেকে শুরু করে ভারতীয় দলের প্রথম সারির বোলাররা কেউই মাঠমুখো হননি। তবে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা অনুশীলনে এসেছিলেন। ছিলেন ঈশান কিষাণ, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুররা।
৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছেই গিয়েছে ভারত। শ্রীলঙ্কা ম্যাচে জয় রোহিতদের ধরাছোঁয়ার বাইরে নিয়ে যেতে পারে। তিন বিভাগেই ভারত দারুণ ছন্দে রয়েছে। তবে হার্দিক পাণ্ডিয়া ফিরলে শ্রেয়স আইয়ার একাদশে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে চর্চা চলছে। হার্দিক মুম্বইয়ে দলের সঙ্গে যোগ দেবেন। তবে খেলতে পারেন সেমিফাইনাল থেকেই।

রোহিত, সূর্যকুমার যাদব, শার্দুল ঠাকুরের মতো শ্রেয়সের কাছেও মুম্বইয়ের ওয়াংখেড়ে হোম গ্রাউন্ড। চলতি বিশ্বকাপে শর্ট বলে শ্রেয়সের দুর্বলতা প্রকট হয়েছে। আজ অপশনাল ট্রেনিং সেশনে সেই দুর্বলতা কাটানোরই মরিয়া চেষ্টা দেখা গেল শ্রেয়সের নেট প্র্যাকটিসে। থ্রোডাউন বিশেষজ্ঞদের দেওয়া শর্ট বলের চ্যালেঞ্জ সামলালেন দীর্ঘক্ষণ।
এদিন ভারতীয় দল ঘণ্টা দুয়েক অনুশীলন করেছে। শ্রেয়স প্রথমে স্থানীয় নেট বোলারদের সামলাচ্ছিলেন। এরপর তিনি অনুশীলন করতে থাকেন ব্য়াটিং কোচ বিক্রম রাঠোর, থ্রোডাউন বিশেষজ্ঞ ডি রাঘবেন্দ্র ও শ্রীলঙ্কার নুয়ান সেনেবীরত্নের কড়া নজরদারিতে। শর্ট পিচ বল সামলাতে চেস্ট কার্ড করে ডাকাবুকো মেজাজেই দেখা গেল শ্রেয়সকে। কখনও বল গেল গ্যালারিতে, কখনও আবার বাউন্ডারি পেরিয়ে। এই মেজাজ ধরে রাখলে শ্রেয়সকে ফেরানো কঠিনই হবে বোলারদের।
হুক, পুল মারলেন অবলীলায়। শেষের দিকে হেড কোচ রাহুল দ্রাবিড়ের থ্রোডাউনও সামলাতে দেখা গেল ভারতের ব্যাটিং লাইন আপের চার নম্বরে খেলা তারকাকে। শ্রেয়সকে ব্যাটিং অনুশীলনে থ্রোডাউন দিতে দেখা গিয়েছে ফিল্ডিং কোচ টি দিলীপকেও। উল্লেখ্য, ধরমশালা ও লখনউয়ে শর্ট বলে আউট হয়েছেন শ্রেয়স। এদিন সেই দুর্বলতা মেরামতিরই কাজ চলল।
নেটে ব্যাট করেছেন ঈশান কিষাণ, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব। অলরাউন্ডার শার্দুল ঠাকুরকেও ব্যাট করতে দেখা গিয়েছে। বোলিংয়ের থেকে বেশি সময় ধরে ব্যাটিং করেছেন জাদেজা ও অশ্বিন।












Click it and Unblock the Notifications