ICC CWC 2023: ইডেনে বাংলাদেশ ম্যাচের আগেই পাকিস্তানে শোরগোল! ইনজামামের পদত্যাগের পিছনে স্বার্থের সংঘাত?
ICC CWC 2023: বিশ্বকাপের শেষ চারে যাওয়ার আশা নেই পাকিস্তানের। বাবর আজমের দল টানা চারটি ম্যাচ হেরেছে। কাল ইডেনে পাকিস্তান খেলবে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়া অপর দল বাংলাদেশের বিরুদ্ধে।
বিশ্বকাপে পাকিস্তানের বিপর্যয়ের মধ্যেই প্রধান নির্বাচকের পদ থেকে ইস্তফা দিলেন ইনজামাম উল হক। পাকিস্তান দল নির্বাচন নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। যার দায় এড়াতে পারেন না ইনজি। এমনকী স্বার্থের সংঘাতের তত্ত্বও সামনে আসছে।

বিশ্বকাপে পাকিস্তানের ক্রিকেটারদের পারফরম্যান্স দেখে স্তম্ভিত প্রাক্তনরা। বিশ্বকাপের পর পাকিস্তান দলের খোলনলচে বদলে যাওয়ার সম্ভাবনা। বেশ কয়েকজন ক্রিকেটারের ফিটনেস নিয়েও প্রশ্ন রয়েছে। বাবর আজম, মহম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদি-সহ কয়েকজনকে বাদ দিলে অনেকেই জাতীয় দলে জায়গা ধরে রাখতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে।
ইনজামামের বিরুদ্ধে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে। অভিযোগ, ইনজামাম এবং সায়া কর্পোরেশনের ম্যানেজিং ডিরেক্টর তালহা রেহমানি মিলে ইউকেতে একটি এজেন্সি চালান। পাকিস্তানের সদ্যপ্রাক্তন নির্বাচক প্রধান যার অন্যতম ডিরেক্টর। পাকিস্তান দলের অনেক তারকাও ওই এজেন্সির সঙ্গে যুক্ত। ফলে দল নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে সংশয় দেখা দিয়েছে।

পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে পাক বোর্ডের শীর্ষকর্তার ব্যক্তিগত কথাবার্তা এক সংবাদমাধ্যম ফাঁস করে দেওয়ায় তুমুল শোরগোল পড়েছে। যেখানে পিসিবি প্রধান জাকা আশরফের নামও জড়িয়ে। এবার ইনজামাম সরে দাঁড়ানোয় নয়া বিতর্ক শুরু। ইনজামাম গত অগস্টে নির্বাচক প্রধান হন। তিনি বলেন, মানুষ না জেনেবুঝে আমাকে নিয়ে কথাবার্তা বলছেন। তাই সরে যাওয়ার সিদ্ধান্ত।
পিসিবি চেয়ারম্যান জাকা আশরফকে পদত্যাগপত্র পাঠিয়ে ইনজি বলেন, আমি পিসিবিকে বলেছি তদন্ত করতে। আমার সঙ্গে কোনও প্লেয়ার এজেন্ট কোম্পানির যোগ নেই। তদন্ত শুরু হলে তাতে পূর্ণ সহযোগিতার আশ্বাসও দিয়েছেন ইনজামাম। ২০১৬ সালের অগাস্ট থেকে ২০১৯ সালের জুলাই অবধিও পাক দলের নির্বাচক প্রধান ছিলেন ইনজি।
তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ শুনে তিনি দুঃখিত বলেও জানিয়েছেন ইনজামাম। বোর্ডকে তদন্ত শুরু করতেও অনুরোধও করেন। এরপর আজ সন্ধ্যায় পিসিবির তরফে পাঁচ সদস্যের তথ্য অনুসন্ধান কমিটি গড়ার কথা জানানো হয়েছে। ইনজির বিরুদ্ধে ওঠা স্বার্থের সংঘাতের অভিযোগ তদন্ত করবে এই কমিটি। কমিটি গোটা বিষয় খতিয়ে দেখে রিপোর্ট ও সুপারিশ জমা দেবে পিসিবির কাছে।
পদত্যাগের আগে ইনজামাম তাঁর সঙ্গে কোনও কথা বলেননি বলে জানান আশরফ। জানা যাচ্ছে, যে সংস্থাকে নিয়ে স্বার্থের সংঘাতের অভিযোগ উঠেছে ইনজির বিরুদ্ধে তার সঙ্গে যুক্ত বাবর, রিজওয়ান, আফ্রিদির মতো তারকারা। দেশের প্রধান নির্বাচকের কীভাবে একটি প্লেয়ার এজেন্ট সংস্থায় শেয়ার থাকতে পারে তা নিয়েই তুঙ্গে বিতর্ক।












Click it and Unblock the Notifications